Category: বিনোদন

  • নিজের গোপন ভিডিও নিয়ে মুখ খুললেন প্রভা

    নিজের গোপন ভিডিও নিয়ে মুখ খুললেন প্রভা

    বিনোদন ডেস্ক 

    প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

    দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার বিষয়ে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন।

    প্রভা বলেন, আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। হাই- আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। কিন্তু ভেবেছিলাম- কথা বলেও তো আসলে কোনো লাভ নাই। কিন্তু আসলে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয়- কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না।

    চলেন আপনাদের একটা কথা বলি। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন এ সবকিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না। এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকিয়াট্রিস্টরা এগুলো পড়াশোনা করে বের করেছেন। এগুলা একদম আমার কথা না।

    তিনি বলেন, যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে; সোশ্যাল মিডিয়াতে- ভারবালি অ্যাবিউস করে। এরা আসলে নিজেদের নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোন না কোন জায়গায় দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা নিয়ে অনেক বেশি ইনসিকিউরড আমি বলব- এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন সোশ্যাল প্লটফর্মগুলো সেলিব্রেটিদের বা ইনফ্লুয়েন্সার বা আর্টিস্ট সবাইকে বুলিং করে। তো আমার বুলিং তো আসলে ইটস বিন অলমোস্ট ১৬ বছর- আমাকে বুলিং করা হয়। আমার কথা হচ্ছে- আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলিং করে মজা পান; এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়- আই টোটালি আন্ডারস্ট্যান্ড; কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন তার যদি ৫০% মানে আমি ওরফে ব্র্যাকেটে ভিকটিম আমাকে ৫০% করে বাকি ৫০% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম বুলিং করতেন; ওকে নিয়ে যদি লেখালেখি করতেন; ওর চেহারাটা যদি বারবার মানুষের সামনে মানে প্রকাশ্যে আনতেন যে ও ক্রিমিনাল।

    এই অভিনেত্রী বলেন, যারা আরেকটা মানুষের ক্ষতি করে তাদের কনসেন্ট ছাড়া তাদের প্রাইভেসি ডিসক্লোজ করে এবং সেটা একটা গুরুতর ক্রাইম। সেই মানুষগুলোকে আপনারা বুলিং না করে আপনারা যে ভিকটিমকে বুলিং করছেন ডে বাই ডে; আই আন্ডারস্ট্যান্ড। আমাকে বুলিং না করে যদি ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হত না।

  • চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই

    চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই

    স্টাফ রিপোর্টার

    প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘ প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    আসলাম ইকবালের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন চলচ্চিত্র ও সাংবাদিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। তিনি চিরকুমার ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

    ১৯৬৯ সালের ১২ ডিসেম্বর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন আসলাম ইকবাল। প্রায় তিন দশক ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি সাপ্তাহিক ছায়ালোক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি (সিডাব), বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ফোরাম এবং এসএসসি ’৮৪ ব্যাচের সক্রিয় সদস্য ছিলেন।

    বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি সামসুল আলম শোক প্রকাশ করে বলেন, “আসলাম ইকবাল অত্যন্ত বিনয়ী ও সজ্জন একজন সাংবাদিক ছিলেন। চলচ্চিত্রাঙ্গনের সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

    বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। বাচসাস পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

    চলচ্চিত্র সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদানের জন্য আসলাম ইকবাল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

  • এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান

    এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান

    বিনোদন ডেস্ক 

    চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার এক কন্যাসন্তানের পিতা হয়েছেন। অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তাদের পরিবারে নতুন অতিথির আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবজাতকের আগমনের এই শুভ সংবাদটি জানিয়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    শুক্রবার বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে ভাসছেন এই তারকা দম্পতি। অনেকেই নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানিয়েছেন।

  • পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে নায়লা নাঈমের ক্ষোভ

    পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে নায়লা নাঈমের ক্ষোভ

    বিনোদন ডেস্ক 

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাইম।

    তিনি দাবি করেছেন, সাভারের একটি স্থানীয় বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

    সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নায়লা নাঈম লেখেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।’

    পোস্টে তিনি জানান, মায়ের সঙ্গে সাভারের একটি স্থানীয় বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি কিনছিলেন তিনি। এ সময় টুপি পরা ও দাড়িওয়ালা মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ এসে তাকে দুই হাত দিয়ে ধাক্কা দেন।

    এ বিষয়ে নায়লা নাঈম বলেন, ‘মাথায় টুপি পরা দাড়িওয়ালা ৪২-৪৫ বছরের এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই… আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।’

    ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যান বলে দাবি করেন। এতে তার হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায় এবং বাম হাতে আঘাত পান।

    পোস্টে তিনি আরও লেখেন, ‘ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়।’

    মায়ের আতঙ্কের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, তার মা তাকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করেন।

    নায়লা নাঈমের দাবি, তার মা তখন বলেছিলেন, ‘গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টুঁ শব্দ করবে না।’

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নায়লা নাঈম লেখেন, ‘আমার মা এখনো ভয়ে কাঁপছে। থুঁতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।’

    তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কি না, সেটি স্পষ্ট করেননি তিনি।

  • ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন ঘিরে বিতর্ক, নতুন বার্তা দিল কর্তৃপক্ষ

    ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন ঘিরে বিতর্ক, নতুন বার্তা দিল কর্তৃপক্ষ

    বিনোদন ডেস্ক 

    শিগগিরই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে ও ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

    শনিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিতর্কের জেরে ছবিটির প্রদর্শনী স্থগিত করে আয়োজক কর্তৃপক্ষ। এদিন বিকেল তিনটার দিকে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ছবিটির প্রদর্শনী হওয়ার কথা ছিল।

    আয়োজকরা জানায়, অনুষ্ঠানটির প্রচারণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। জেলার কওমি ছাত্র-ঐক্য পরিষদের একাংশ সিনেমাটি প্রদর্শনের বিরোধিতা করে ফেসবুকে প্রচারণা চালায়। বিশৃঙ্খলা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিনেমাটি প্রদর্শন স্থগিত রাখে জেলা প্রশাসন।

    এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে অবহিত করেনি। এছাড়া প্রদর্শনী নিয়ে পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা ছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে আপাতত ছবির প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

    বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী সেন্সর পাওয়া যেকোনো সিনেমা প্রদর্শন করা যায়। শুধু তা–ই নয়, প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাও পাওয়ার কথা। কিন্তু আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে, যা বেআইনি।

  • রকস্টার মুক্তির একদিন পরেই শো বাড়ল দ্বিগুণ

    রকস্টার মুক্তির একদিন পরেই শো বাড়ল দ্বিগুণ

    বিনোদন ডেস্ক 

    মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া পেয়েছে শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রকস্টার। সিনেমাটি মুক্তির দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মোট ১৮টি শো পেয়েছিল।

    তবে দর্শক চাহিদা ও টিকিট বিক্রির ইতিবাচক সাড়ার কারণে দ্বিতীয় দিনেই শোর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৬টি। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে ‘রকস্টার’-এর প্রদর্শনী। সিনেমা সংশ্লিষ্টরা এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছেন।

    সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে দর্শকদের আগ্রহ এবং অগ্রিম টিকিট বুকিংয়ের চাপের কারণেই বাড়ানো হয়েছে শো সংখ্যা। বিশেষ করে তরুণ ও ফ্যানিলি দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

    রোমান্স, মিউজিক ও ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ থেকেই আলোচনায় রকস্টার। আর মুক্তির পর দর্শক উপস্থিতি সেই প্রত্যাশাকেই আরও শক্তিশালী করেছে।

     

  • নিষিদ্ধ রণবীর সিং, প্রতিক্রিয়ায় যা জানালেন অভিনেতা

    নিষিদ্ধ রণবীর সিং, প্রতিক্রিয়ায় যা জানালেন অভিনেতা

    বিনোদন ডেস্ক 

    বলিউডের নির্মিতব্য সিনেমা ‘ডন ৩’ প্রোজেক্ট থেকে অভিনেতা রণবীর সিং সড়ে দাঁড়ানোয় তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। এর আগে প্রোজেক্টটি নিয়ে অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের সঙ্গে রণবীরের ব্যাপক উত্তেজনা হয়। এ অবস্থায় এফডব্লিউআইসিই’র কাছে নির্মাতা সহযোগিতা চাইলে পরবর্তীতে এ সিদ্ধান্ত আসে।

    সোমবার (২৫ মে) প্রকাশিত সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে এটি ছেড়ে দেয়ার কথা জানান রণবীর। এ কারণে নির্মাতার সঙ্গে তার উত্তেজনার শুরু হয়। শুরুতে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। এক পর্যায়ে এফডব্লিউআইসিইর কাছে সহায়তা চান ফারহান।

    এরই প্রেক্ষিতে সংস্থাটি রণবীরের ওপর নন-কোঅপারেশন নির্দেশিকা জারি করে। অর্থাৎ রণবীরের বিরুদ্ধে সহযোগিতা না করার কথা বলা হয়। একইসঙ্গে তার ওপর ইন্ডাস্ট্রিতে কাজের নিষেধাজ্ঞা জারি করা হয়।

    এছাড়া এফডব্লিউআইসিই ইন্ডাস্ট্রিকে নির্দেশ দিয়েছে যে, যতদিন রণবীর ‘ডন ৩’ নির্মাতাদের ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি সমাধান না করবেন, ততদিন তার সঙ্গে কাজ করা যাবে না।

    গত ১৮ মে এফডব্লিউআইসিই দাবি করে, রণবীরকে একাধিকবার তাগিদ দেয়ার পরও সে সংগঠনটিতে হাজির হয়নি। বিষয়টি সমাধান করতে আলোচনার জন্য ডাকা হয়েছিল তাকে।

    এদিকে রণবীরের ওপর নিষেধাজ্ঞা জারির কথা প্রকাশ হওয়ার পরই তার মুখপাত্র একটি বিবৃতি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, রণবীর চলচ্চিত্র জগৎ এবং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবার প্রতি সর্বোচ্চ সম্মান পোষণ করেন। সিনেমাটি ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীর পুরোটা সময়জুড়ে সচেতনতভাবেই নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

    অভিনেতার এ নীরবতার কারণ হিসেবে বিবৃতিতে বলা হয়েছে, তিনি বিশ্বাস করেন, পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সমীকরণগুলো মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে মোকাবিলা করা উত্তম।।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় সামনে এলেও রণবীর কখনোই প্রকাশ্যে সেগুলোর জবাব দেয়া বা জল্পনা-কল্পনায় ঘি ঢালা প্রয়োজনীয় মনে করেননি। তার মনোযোগ দৃঢ়ভাবে তার কাজ ও সামনের প্রতিশ্রুতিগুলোর ওপর রয়েছে।

    এছাড়া রণবীর সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও সদিচ্ছা বজায় রেখেছেন এবং ‘ডন ৩’ ফ্র্যাঞ্চাইহির ধারাবাহিক সাফল্য কামনা করেন। এ ধরনের মুহূর্তে সংযম ও সৌজন্যতা বজায় রাখা সবসময়ই তার পক্ষে থেকে সচেতন সিদ্ধান্ত ছিল এবং ভবিষ্যতেও তিনি একই অবস্থান বজায় রাখবেন বলে জানানো হয়েছে।

  • নিজের দিকে তাকাতেও লজ্জা পেতেন বিদ্যা

    নিজের দিকে তাকাতেও লজ্জা পেতেন বিদ্যা

    বিনোদন ডেস্ক 

    বলিউড চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠা করার আগে অভিনেত্রী বিদ্যা বালানকে তার কর্মজীবনের শুরুতে অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। একটা সময় ছিল যখন চলচ্চিত্র নির্মাতারা একজন অভিনেত্রীকে ‘অশুভ’ বলে দাগিয়ে দিয়েছিলেন। নীরবে একের পর এক সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বিদ্যা বালান। 

    তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে তাকে ১৩টি প্রজেক্ট থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং কিছু সিনেমা মুক্তির পর অনেক নির্মাতা বিশ্বাস করেন যে, বিদ্যা বালান ছিলেন বলে তাদের প্রজেক্ট খারাপ হয়েছে। ক্রমাগত প্রত্যাখ্যান আর খারাপ আচরণ তার আত্মবিশ্বাসকে এতটাই আঘাত করেছিল যে, আয়নায় নিজের দিকে তাকাতেও তার লজ্জা লাগত।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ইন্ডাস্ট্রিতে তার শুরুর দিনগুলোয় তাকে ‘অলক্ষুণে’ বলে ডাকা হতো। যে কারণে তিনি প্রতি রাতে কাঁদতে কাঁদতে ঘুমাতে যেতেন। তবে অভিনেত্রী হাল ছেড়ে দেননি। তিনি ধীরে ধীরে তার ক্যারিয়ার তৈরি করেন এবং পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসেন। পরে তিনি বলিউডের অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। আজও তিনি তার কাজের জন্য প্রশংসিত হন বলে জানান।

    খুব অল্প বয়সে জনপ্রিয় সিটকম ‘হাম পাঁচ’ সিনেমার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন, যা বিনোদন জগতে তার জন্য দরজা খুলে দেয় এবং অবশেষে তাকে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়। তবে তার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়টি খুব সহজ ছিল না। চলচ্চিত্রে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টায় বারবার ব্যর্থতা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়ার কথা অভিনেত্রীও প্রায়শই বলেন।

    একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য দক্ষিণে গিয়েছিলেন বিদ্যা বালান। যেখানে সিনেমাটির প্রযোজকরা অডিশন নিচ্ছিলেন। তাকেও সেই প্রজেক্টের জন্য অডিশন দিতে বলা হয়। তার মাও সঙ্গে যান। কারণ তিনি মোহনলালের অনেক বড় ভক্ত ছিলেন। অডিশনের কিছুক্ষণ পরেই পরিচালক তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর তিনি তার মা ও বোনের সঙ্গে সেখানে যান।

    বিদ্যা বালান বলেন, আমি নিজেকে একটা সময়ে তারকা ভাবতাম। আমার কোনো ধারণাই ছিল না যে মোহনলালের ‘চাক্রম’ সিনেমাটি বন্ধ হয়ে যেতে পারে। সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাকে দেওয়া ৮-৯টি সিনেমার প্রস্তাবও হাতছাড়া হয়ে যায়। সবাই ভেবেছিলেন যে অভিনেতা ও পরিচালক একসঙ্গে আটটি হিট সিনেমা উপহার দিয়েছেন এবং এখন নবম সিনেমাটি করছেন। আমি যাওয়ায় জোর চর্চা হয়েছিল।

    ২০১০ সালের পর অভিনেত্রী বিদ্যা বালানের ক্যারিয়ারে এক বড় পরিবর্তন আসে। সেই সময়ে তিনি একের পর এক হিট ও কাল্ট সিনেমা উপহার দেন। ‘নো ওয়ান কিলড জেসিকা’ এবং ‘কাহানি’র মতো সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মন জয় করে নেন। কিন্তু ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমা জগতে তার ভাবমূর্তি পুরোপুরি বদলে দেয়। সিল্ক স্মিতার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে। সেই সাফল্য বিদ্যা বালানকে এমন একজন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে, যিনি একাই একটি পুরো সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।

    ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সাফল্যের পর অভিনেত্রী তার অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছেন এবং একের পর এক সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি অর্জন করেছেন। বিগত বছরগুলোয় তিনি ‘তুমহারি সুলু’, ‘শকুন্তলাদেবী’ এবং ‘শেরনি’-র মতো সিনেমায় অভিনয় করেছেন এবং ধারাবাহিকভাবে আকর্ষণীয় চরিত্র বেছে নিয়েছেন।

    ২০২৪ সালে তিনি কার্তিক আরিয়ান ও মাধুরী দীক্ষিতের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’-তে অভিনয় করেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।

  • সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল

    সাকিবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ জানালেন মডেল-অভিনেত্রী মোমিনা ইকবাল

    বিনোদন ডেস্ক 

    পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রাদেশিক পরিষদের সদস্য (MPA) সাকিব চাধারের বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেল ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী ও মডেল মোমিনা ইকবাল। গত ২২ মে পুলিশের কাছে এফআইর দায়ের করেন এ অভিনেত্রী।

    সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, এ তারকা লাহোরের চুং থানায় দায়েরকৃত এফআইআরে অভিযোগ করেছেন, ওই আইনপ্রণেতা তাকে ও তার হবু স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন।

    মোমিনা ইকবাল দাবি করেছেন, এমপিএ সাকিব আগে থেকেই দুই নারীকে বিয়ে করেছেন জানতে পেরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় অশালীন ভাষা ব্যবহার করে আসছেন তিনি।

    এ মডেল অভিযোগ করেছেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর তাকে ব্ল্যাকমেল করা শুরু করেন এমপিএ। অভিযোগে তার হোয়াটসঅ্যাপ বার্তা এবং ভিডিও কলের কথাও উল্লেখ করা হয়েছে। এমনকি মোমিনা ইকবালের বোনের ফোনেও এ ধরনের হুমকিমূলক বার্তা দেয়া হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ তারকা তার আইনজীবীদের সঙ্গে চুং থানায় গিয়ে স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ফাহিম ইমদাদকে অবহিত করেছেন বিষয়টি।

    এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, মোমিনা ও সাকিব সম্পর্কিত মামলায় ‘ব্যক্তিগত তথ্য’ সংগ্রহের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, চাপ বা হুমকি প্রদান করা হলে কঠোর ও আপোসহীন ব্যবস্থা গ্রহণ করা হবে।

    গত ২২ মে এক্স-এ দেয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি একটি ব্যক্তিগত ব্যাপার। এর সমাধান কঠোরভাবে আইন অনুযায়ী করা হবে।