Category: জাতীয়

  • তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন মঙ্গলবার

    তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, দাফন মঙ্গলবার

    জেভি২৪ ডেস্ক

    উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারসূত্রে এ তথ্য জানা গেছে।

    এর আগে আজ সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

    বিকালে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের স্বজনরা জানান, মরদেহ কিছুক্ষণের মধ্যে ধানমন্ডির ১২/এ-তে তাকওয়া মসজিদে নিয়ে যাওয়া হবে। সেখানেই মরদেহের গোসল করানো হবে এবং বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সব ঠিকঠাক থাকলে আগামীকাল মঙ্গলবার তার নিজ জেলা ভোলায় আবার জানাজা শেষে দাফন করা হবে।

    বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

  • দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

    জেভি২৪ ডেস্ক 

    দেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারি স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে ভোক্তাপর্যায়ে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেলের দাম প্রতি লিটারে ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, এখন প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় বিক্রি হবে।

    নতুন এই দাম আগামীকাল ১ জুন (সোমবার) থেকে কার্যকর হবে

    ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। মার্চের মতো এপ্রিলেও শুরুতে দাম অপরিবর্তিত রাখে সরকার। তবে ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল।

  • আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

    আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

    জেভি২৪ ডেস্ক 

    সারা বিশ্বে আজ পালিত হচ্ছে তামাকমুক্ত দিবস। তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার জন্য দিবসটির প্রচলন করা হয়।

    এবারের প্রতিপাদ্য ‘আনমাস্কিং দ্য অ্যাপিল-কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন’। এই প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য স্বাস্থ্য সংগঠন তামাকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির আয়োজন করছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৩ থেকে ১৫ বছর বয়সি অন্তত ৩ কোটি ৭০ লাখ কিশোর–কিশোরী নিয়মিতভাবে তামাক ব্যবহার করে এবং যাদের নির্দিষ্ট ব্র্যান্ডে আসক্ত করতে কোম্পানিগুলো নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেয়। এর মধ্যে সুগন্ধিযুক্ত তামাকপণ্য বাজারজাতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের তামাকপণ্য সহজলভ্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিদের ব্যবহার করা, বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা প্রদান এবং শক্তিশালী আইন ও কর পদক্ষেপের বিরোধিতা করা উল্লেখযোগ্য।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) গবেষণায় দেখা গেছে, ২১ বছর বয়সের আগেই যারা তামাকে আসক্ত হয়ে পড়ে, তাদের মধ্যে নিকোটিন নির্ভরতা এবং আমৃত্যু তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি।

    বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে।

    ২০২৪ সালে তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে আহরিত রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।

  • হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

    হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

    জেভি২৪ ডেস্ক 

    পবিত্র হজ পালন শেষে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজী দেশে পৌঁছেছেন।

    ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    বুলেটিন অনুযায়ী, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে পবিত্র মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন ইন্তেকাল করেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

    হজ বুলেটিনে আরও বলা হয়, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইট (এসভি-৫৮০৬) স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজী নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজী পরিবহন করেছে। এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

    চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল, আর শেষ ফ্লাইট যায় ২১ মে। এদিকে হজ শেষে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

  • সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতাল কর্মীদের হামলা

    সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতাল কর্মীদের হামলা

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী।

    শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

    স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং সাম্প্রতিক সময়ে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রথমে ব্যাপক বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সবকটি প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। পেশাগত কারণে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের অত্যন্ত অন্যায়ভাবে বাধা প্রদান করেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে মগবাজার থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই গণমাধ্যমকর্মীদের ওপর চরম মারমুখী আচরণ শুরু করেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। তবে উপস্থিত ক্ষুব্ধ সাংবাদিকদের কোনো যৌক্তিক বা অপেশাদার আচরণের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

    এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ঠিক আগে আদ-দ্বীন হাসপাতালে একটি অবৈধ বেকারির সন্ধান পাওয়ার খবরে সেখানে জরুরি পরিদর্শনে আসেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালটির ভেতরে বেকারি পরিদর্শন শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, হাসপাতালের ভেতরের বেকারিটি পুরোটাই চরম অনিয়ম ও নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলছিল। বিষয়টি অত্যন্ত শক্তভাবে খতিয়ে দেখা হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বেকারির ভয়াবহ চিত্র তুলে ধরে আরও বলেন, ‘হাসপাতালের ভেতরে একটি বেকারি পাওয়া গেছে, যা কোনো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছাড়াই মাত্র দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে চালানো হতো, যা কোনোভাবেই উচিত হয়নি। সেখানে প্রচুর ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে প্রতিদিন খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাস বের হয়েছে কি না, তা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি।’

    উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয়টি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের চূড়ান্ত ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।

  • মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

    মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।

    শনিবার (৩০ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।

    তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকের দিনে সকল বিত্তবান ও সচেতন নাগরিকের প্রতি আমাদের আহ্বান- আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াই।’

    সেখানে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

    যাত্রাবাড়ীতে বস্ত্র ও খাবার বিতরণকালে প্রধানমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি। আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। মানবিকতা সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার এটাই হোক আমাদের প্রত্যাশা।

    রাজধানীর জুরাইনে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ কারও একার না। দেশ যেমন কোনো সরকারের একার না, যেমন কোনো রাজনৈতিক দলের একার না, কোনো পরিবার বা কোনো ব্যক্তির একার না। দেশটি হচ্ছে লাখো-কোটি মানুষের, প্রত্যেকের। তাই এই দেশকে গড়ে তুলতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।

  • ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস

    ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস

    জেভি২৪ ডেস্ক 

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি সব ধরনের অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। ২৫ মে থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে রবিবার (৩১ মে)। এর মধ্য দিয়ে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে যাচ্ছে।

    গত ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার আগে থেকেই ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়।

    আগে থেকেই নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত একদিন যুক্ত হওয়ায় এবার চাকরিজীবীরা তুলনামূলক দীর্ঘ সময় পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর সুযোগ পান। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও এই ছুটি ভোগ করেন। ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করেছেন চাকরিজীবীরা।

    ছুটি শেষে সোমবার থেকে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ারবাজার এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক নিয়মে শুরু হবে। ফলে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আবারও গতি ফেরার প্রত্যাশা করা হচ্ছে।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, সরকারের ছুটির সঙ্গে মিলিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে ডিএসইর সব ধরনের অফিস ও ট্রেডিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল। ছুটির আগে ২৩ মে (শনিবার) শেয়ারবাজারে লেনদেন হয়।

    তিনি আরও বলেন, ছুটি শেষে ১ জুন থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। আগের নির্ধারিত সূচি অনুযায়ী শেয়ারবাজারে লেনদেন চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাভাবিক লেনদেন হবে।

    ঈদুল আজহা উপলক্ষে শুরুতে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারণ করা হয়। ঈদের দিন ২৮ মে সাধারণ ছুটি হিসেবে যুক্ত ছিল। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্তে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের দীর্ঘ ছুটি পান।

    ছুটির এই দীর্ঘ সময়ে দেশের জরুরি সেবাসমূহ স্বাভাবিকভাবে চালু ছিল। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগসহ গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানগুলো নিয়মিত দায়িত্ব পালন করেছে। এছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা এবং জরুরি পরিবহন ব্যবস্থাও ছুটির আওতার বাইরে থেকে চালু ছিল।

    টানা ছুটি শেষে সোমবার থেকে সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা ও শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে দেশের কর্মজীবন আবারও পুরোনো ছন্দে ফিরবে।

  • শান্তিরক্ষীদের সম্মান, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

    শান্তিরক্ষীদের সম্মান, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা জাতিসংঘের

    অনলাইন ডেস্ক 

    ৪ হাজারেরও বেশি বাংলাদেশিসহ বিশ্বব্যাপী দায়িত্ব পালনরত ৫০ হাজারেরও বেশি শান্তিরক্ষীকে সম্মান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বৈশ্বিক শান্তির সেবায় জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ব সংস্থাটি।

    প্রতি বছর ২৯ মে পালিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে অস্থির সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত শান্তিরক্ষীদের নিষ্ঠা, সাহস ও আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে।

    বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় শুক্রবার (২৯ মে) এক বিবৃতিতে জানিয়েছে, শান্তিরক্ষীদের কাজ বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতায় আরও বেশি বিনিয়োগের জরুরি প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

    বিবৃতিতে বলা হয়, তাদের কাজ শান্তিতে বিনিয়োগের তাগিদকে আরো জোরালো করেছে।

    দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৫০ হাজারেরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।

    তারা বেসামরিক মানুষকে সুরক্ষা দিচ্ছেন এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করছেন।

    তিনি আরো বলেন, নিজ দেশ থেকে বহু দূরে গিয়ে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় তারা শত্রু পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমানো, ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজে তদারকি, নির্বাচন আয়োজনের সহায়তা এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরিতে সহায়তা করছেন।

    গুতেরেস অতীত ও বর্তমান সব শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায় সাড়ে ৪ হাজার শান্তিরক্ষীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান, যাদের মধ্যে গত বছরই প্রাণ হারিয়েছেন ৫৯ জন।

    তিনি বলেন, শান্তির জন্য কাজ করতে গিয়ে কারো মৃত্যুই কাম্য নয়।

    শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সদস্য রাষ্ট্রগুলোকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান মহাসচিব।

    মহাসচিব শান্তিরক্ষা কার্যক্রমকে স্থিতিশীলতা ও আশার পুনঃপ্রতিষ্ঠায় পরীক্ষিত ও সাশ্রয়ী উপায় হিসেবে বর্ণনা করেন এবং টেকসই রাজনৈতিক অঙ্গীকার ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

    জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘শান্তিতে বিনিয়োগ’। শান্তিরক্ষীরা যাতে কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    গুতেরেস বলেন, শান্তিরক্ষায় বিনিয়োগ মানে নিরাপদ ভবিষ্যতে বিনিয়োগ। যারা শান্তি প্রতিষ্ঠাকে সম্ভব করে তুলছেন, তাদের প্রতি আমাদের সবসময় সমর্থন জানানো উচিত।

    জাতিসংঘ জানিয়েছে, দায়িত্ব পালনের সময় শান্তিরক্ষীরা নিয়মিত বড় ধরনের ঝুঁকির মুখে পড়েন। তাদের নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে গৃহীত পদক্ষেপগুলো আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

    দিবসটি উপলক্ষ্যে আগামী ৫ জুন জাতিসংঘ সদর দপ্তরে শান্তিরক্ষী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন গুতেরেস। নিহত শান্তিরক্ষীদের স্মরণে এ কর্মসূচি পালন করা হবে।

    এছাড়া দায়িত্ব পালনকালে নিহত কর্মীদের মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদক প্রদান অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন।

    অনুষ্ঠানে ‘ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার’ এবং ‘ইউএন ওম্যান পুলিশ অফিসার অব দ্য ইয়ার’ পুরস্কারও দেওয়া হবে।

    দিবসটি উপলক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ-পিয়ের লাক্রোয়ার।

  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে দলীয় নেতাকর্মীদের ঢল নেমেছে। দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের দুই সাবেক চেয়ারম্যানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

    শনিবার (৩০ মে) জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীরা সকাল থেকে জিয়ার মাজারে আসতে শুরু করেন। সকাল দশটা নাগাদ মাজারের আশে পাশে হাজার হাজার নেতাকর্মীকে দেখা গেছে।

    সকাল ১১টা ১০ মিনিটের সময় সমাধিস্থলে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ফুল দিয়ে সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ফাতেহা পাঠ করেন। পরে দোয়া ও মোনাজাত করেন।

    এসময় তার সাথে ছিলেন দলের মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বরাস্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা মাসুদ আহম্মেদ তালুকদার, মীর সরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সংরক্ষিত নারী আসনের

    এমপি আরিফা সুলতানা রুমা,  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনিসহ অন্যরা।

    পরে সেখান থেকে প্রধানমন্ত্রী মানিজ মিয়া অ্যাভেনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে যান। সেখানে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে দুস্থদের মাঝে খাবার বিতরণ উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনভর রাজধানীর ১৬টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বলে দলীয় সুত্র জানিয়েছে।

  • দায়িত্বে অবহেলায় সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

    দায়িত্বে অবহেলায় সিটি কর্পোরেশনের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর কুরবানির বর্জ্য অপসারণে দায়িত্ব পালনে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

    শুক্রবার (২৯ মে) বিকেলে তাদের দু’জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত ও সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তারা হলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাদেকুর রহমান (উপ সচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপ সচিব)।

    জানা যায়, শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রধানমন্ত্রী প্রটোকল ছাড়া নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্প ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির বর্জ্যের পাশাপাশি পূর্বের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। শহরের গুরুত্বপূর্ণ এই এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতার এমন ভয়াবহ চিত্র দেখে প্রধানমন্ত্রী চরম অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। এছাড়াও সফরসঙ্গী হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মীরদা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।