Category: জাতীয়

  • মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    দুই দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রোববার (২১ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে।

    এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও রয়েছেন।

    চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম বিদেশ সফর।

    মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকলসহ ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে। এ সময় বহু প্রতীক্ষিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

    তিনি আরও বলেন, মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে। এতে ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন। আমরা এটিকে একটি যুক্তিসংগত পর্যায়ে রাখার চেষ্টা করেছি।

    এ সফর দুটিকে বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে বলে জানান তিনি।

    আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। সরকারি সফরের অংশ হিসেবে তিনি ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

    প্রধানমন্ত্রী আগামী ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠেয় ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে (সামার দাভোস ফোরাম) অংশ নেবেন। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০-এর বেশি প্রতিনিধি অংশ নেবেন। সেখানে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

    এই সফরের মালয়েশিয়া পর্বে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, সংযোগ এবং উন্নয়ন খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, মালয়েশিয়া ও চীনের রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

    প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা একেএম শামসুল ইসলাম প্রমুখ।

  • নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

    নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

    নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।

    এর আগে ২৩ মে ময়মনসিংহ সফরকালে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।

    ওই সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে, ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই।’ এরই ধারাবাহিকতায় এবার নজরুল বর্ষ পালনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।

  • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

    রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

    আদেশে যা বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

    জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও জানানো হয়েছে।

    এর আগে ২০২৫ সালের ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়।

  • বন্যার আভাস উত্তরের চার জেলায়

    বন্যার আভাস উত্তরের চার জেলায়

    পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ৪ জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

    শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা বলা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী পাঁচদিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী ৫ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে আগামী ৩ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

    বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি ভুগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই সময়ে নেত্রকোণা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

    এছাড়াও গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সেলোনিয়া গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম কোনো বৈদেশিক সফর। আজ রবিবার দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।

    সফরসূচি অনুযায়ী, মালয়েশিয়া সফর শেষ করে প্রধানমন্ত্রী সরাসরি চীন ভ্রমণে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে তিনি সেখানে অবস্থান করবেন। দ্বিপাক্ষিক আলোচনা ও রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী শুক্রবার রাতে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

    প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ দুই দেশ সফরের প্রাক্কালে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সফরের খুঁটিনাটি ও লক্ষ্য নিয়ে বিস্তারিত ব্রিফ করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

     

  • ইন্সপেক্টরকে ‘গাছে ঝুলিয়ে দেয়ার’ মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

    ইন্সপেক্টরকে ‘গাছে ঝুলিয়ে দেয়ার’ মন্তব্যে পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

    ‘ইন্সপেক্টরকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন’ খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তার এমন বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন (বিপিএ)। শনিবার (২০ জুন) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

    বিবৃতিতে বলা হয়, গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্থানীয়  লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জণগণের কাছ থেকে ক্রিমিনালদের বিষয়ে তথ্য চাওয়ার গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এক পর্যায়ে বলেন, ‘কোন ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে  মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।’

    বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মনে করে, পুলিশ বাহিনীর সব সদস্য ও কর্মকর্তার বক্তব্যে সর্বদা পেশাদারিত্ব, সংযম এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের প্রতিফলন থাকা বাঞ্ছনীয়। জনসম্মুখে প্রদত্ত যেকোনো বক্তব্য এমন হওয়া উচিত, যা বাহিনীর মর্যাদা, শৃঙ্খলা ও জনগণের আস্থাকে আরও সুদৃঢ় করে।

    সংগঠনটির বলছে, বিগত সময়ের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ পুলিশ পেশাদারিত্ব, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে বাহিনীর সদস্যদের মনোবল, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।

    পুলিশ কর্মকর্তার ওই বক্তব্য সামাজিকমাধ্যমে ভাইরাল প্রসঙ্গে বিবৃতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত উক্ত বক্তব্যকে কেন্দ্র করে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে। অনেক সদস্য বিষয়টিকে সংবেদনশীল হিসেবে বিবেচনা করে তাদের উদ্বেগ ও মতামত প্রকাশ করেছেন।

    বিপিএ বলছে, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম বা দায়িত্বে অবহেলার বিষয় থাকলে তা প্রচলিত আইন, বিভাগীয় বিধি-বিধান ও সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত। এ ধরনের বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াই সর্বোত্তম ও গ্রহণযোগ্য পন্থা।

    ভবিষ্যতে সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ বক্তব্য প্রদানকালে আরও সতর্কতা, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেয়ারও তাগিদ রয়েছে বিবৃতিতে। আহ্বান জানানো হয়, বাহিনীর সর্বস্তরের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মান, পেশাদারিত্ব ও ইতিবাচক কর্মপরিবেশ বজায় রাখার।

  • বন্ধ ও লোকসানি কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    বন্ধ ও লোকসানি কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

    দেশের বন্ধ এবং অলাভজনক শিল্পকারখানাগুলোতে নতুন করে বিনিয়োগের গতি ফেরাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশেষ করে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এক বিশেষ রোড শোতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

    এসময় প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্প খাতের দীর্ঘমেয়াদি বিকাশ এবং উৎপাদনমুখী অর্থনীতিকে আরও গতিশীল রাখতে বন্ধ ও লোকসানি কারখানাগুলোকে নতুন পুঁজিতে পুনরায় চালু করা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে তিনি বাংলাদেশে বিদ্যমান চমৎকার বিনিয়োগবান্ধব পরিবেশ ও সরকারি সুযোগ-সুবিধাকে কাজে লাগানোর জন্য বিশ্বস্ত আন্তর্জাতিক অংশীজনদের প্রতি আহ্বান জানান।

    উচ্চপর্যায়ের এই বিশেষ রোড শোতে সরকারের শীর্ষ নীতিনির্ধারক, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশি-বিদেশি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

    এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তারা এই বিশেষ আয়োজনে অংশ নেন।

    বিনিয়োগের এই বড় মেলবন্ধনে দেশের প্রথম সারির শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর প্রতিনিধিরা অংশ নেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা গ্রুপ, রানার, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল, স্কয়ার, ট্রান্সকম, আকিজ এবং লাল তীর। পাশাপাশি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশন, টয়োটা সুশো করপোরেশন, সুমিতোমো করপোরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড এবং জেট্রো বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    একই সাথে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের শীর্ষ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নিয়ে সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। সংশ্লিষ্ট মহলের জোর আশা, এই রোড শোর মাধ্যমে দেশের ঝিমিয়ে পড়া ও লোকসানি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে জাপানি ও দেশীয় বড় বিনিয়োগের নতুন দুয়ার উন্মোচিত হবে, যা দেশের বেকার সমস্যার সমাধান, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অত্যন্ত ইতিবাচক ও সুদূরপ্রসারী ভূমিকা রাখবে।

  • রেড ক্রিসেন্টে নতুন চেয়ারম্যান নিয়োগ, প্রজ্ঞাপন জারি

    রেড ক্রিসেন্টে নতুন চেয়ারম্যান নিয়োগ, প্রজ্ঞাপন জারি

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

    শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ১০(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। রোববার (২১ জুন) জাতীয় সদর দপ্তরে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

    সিলেটে জন্মগ্রহণকারী ব্যারিস্টার আব্দুস সালাম লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি ও এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

    দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি আইন পেশা, মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলটির চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • গাজীপুরে টায়ার-তেল কারখানায় আগুন

    গাজীপুরে টায়ার-তেল কারখানায় আগুন

    গাজীপুর মহানগরীর পুবাইল কলেজ গেট এলাকায় পুরোনো টায়ার থেকে তেল (ফার্নেস অয়েল) উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুন) দুপুর সোয়া ২টার দিকে ‘অটো গ্রিন’ নামে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, পুবাইল কলেজ গেট এলাকার ‘অটো গ্রিন’ কারখানাটিতে পুরোনো টায়ার গলিয়ে তেল উৎপাদন করা হতো। কারখানায় ব্যবহৃত বয়লারটি অতিরিক্ত তাপমাত্রার কারণে হঠাৎ বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। বিস্ফোরণের পরপরই কারখানার বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানাটিতে পুরোনো টায়ার, মবিলসহ বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়।

    আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। ধোঁয়া আশপাশের পুরো এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

    স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, কারখানাটি দীর্ঘদিন ধরে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল উৎপাদন করে আসছিল। এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ও কালো ধোঁয়ার সমস্যা তৈরি হচ্ছিল। তারা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য এ ধরনের কারখানাকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেন।

    খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস বেলা সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরের ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শাহিন আলম বলেন, এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নেভানোর পর ভেতরে তল্লাশি চালিয়ে বিস্তারিত পরিস্থিতি জানা যাবে।

    এ ঘটনায় কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত ঝুঁকি এবং অনুমোদনসংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

  • প্রধানমন্ত্রীর চীন সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা

    প্রধানমন্ত্রীর চীন সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা

    সরকার গঠনের পর প্রথমবারের মতো চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

    শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

    তিনি বলেন, সফর বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, সফরে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরের আশা করছে ঢাকা।

    এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের গ্লোবাল ইনিশিয়েটিভগুলোকে স্বাগত জানায় ঢাকা। এতে অংশ নেয়ার বিষয়ে সফরের পরেই জানানো সম্ভব হবে বলেও জানান সচিব। সফরে তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হবে। অন্যদিকে মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে আরও বেশি বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ সহজ করার চেষ্টা করা হবে। তবে, তাদের দেশটির নিজস্ব রিভিউ শেষ হলেই, এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। এছাড়া আসিয়ানের সদস্য হওয়ার জন্য বাংলাদেশকে সমর্থনে মালয়েশিয়াকে অনুরোধ জানানো হবে বলে জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিংয়ে যাবেন এবং ২৬ জুন তার ঢাকার ফেরার কথা রয়েছে।