Author: Jvadmin

  • ট্রাম্পের পর এবার কুরবানির বাজার কাঁপাচ্ছে ‘মোদি-নেতানিয়াহু’

    ট্রাম্পের পর এবার কুরবানির বাজার কাঁপাচ্ছে ‘মোদি-নেতানিয়াহু’

    জেভি২৪ ডেস্ক 

    বরাবরের মতো এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে পশু বিক্রির বাজার সরগরম। তবে এবারের বাজার ভিন্নতা পেয়েছে পশুর ভিন্নধর্মী নাম নিয়ে। আর এজন্য নারায়ণগঞ্জে পশু খামারের আলোচনা থামছেই না। সম্প্রতি ভাইরাল হয় ট্রাম্প নামের একটি মহিষ, যা দেশ ছাড়িয়ে বিদেশের বহু মিডিয়াতেও স্থান পেয়েছে। তবে, এবার এ তালিকায় যুক্ত হয়েছে মোদি ও নেতানিয়াহুর নাম।

    জানা গেছে, অদ্ভুত বৈশিষ্ট্যের হওয়ায় নারায়ণগঞ্জের খামারের একটি মহিষের নাম রাখা হয়েছে ‘মোদি মহিষ’। তবে, নামের চেয়েও বেশি আলোচনায় এসেছে মহিষটির অস্বাভাবিক লম্বা আর সাদা দাড়ি ও ভিন্ন রকম চেহারার কারণে।

    বিরল প্রজাতির এলভিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে জেলার স্থানীয় একটি খামারে। এ নিয়ে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। ‘মোদি মহিষকে’ একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ।

    খামার সূত্রে জানা গেছে, শুরুতে মহিষটির নির্দিষ্ট কোনো নাম ছিল না। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজনদের মাঝে শুরু হয় মজার আলোচনা। অনেকেই এর লম্বা সাদা দাড়ি ও চেহারার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিল খুঁজে পান। পরে মজার ছলেই অনলাইন জরিপের মাধ্যমে নাম রাখা হয় মোদি।

    তবে ট্রাম্পের পর আলোচনায় আসে ক্ষ্যাপাটে নেতানিয়াহু মহিষ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার ‘এস এস ক্যাটেল ফার্মে’ অ্যালবিনো জাতের এ মহিষটি কুরবানির জন্য প্রস্তুত করা হয়। গোলাপি রঙের মহিষটির ওজন ৭৬০ কেজির বেশি। অদ্ভুত আচরণের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে মিল রেখে এ মহিষের নামকরণ করা হয়েছে বলে জানা গেছে।

    খামারের কর্মী আল আমিন বলেন, মহিষটির খুব দুষ্টু বুদ্ধি। ওকে আমরা খাবার দিতে গেলেও গুঁতো দেয়, ফোঁস ফোঁস করে। আচরণের পাশাপাশি নেতানিয়াহুর চুল ও চোখের আকৃতি যেমন আমাদের মহিষটাও দেখতে অনেকটা তেমন।

    এর আগে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয়। পশুটির সোনালি চুল, মুখের গঠন ও রং অনেকটা ট্রাম্পের মতো দেখতে হওয়ায় এমন নামকরণ বলে জানান খামার সংশ্লিষ্টরা। নেটিজেনারাও এমনটি জানিয়েছেন। ফলে দেশ-বিদেশের গণমাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয় মহিষটি।

    ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ নিয়ে একটি প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘দেখুন: ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতো দেখতে বাংলাদেশের ভাইরাল মহিষগুলো সবার নজর কেড়েছে।’

    ফ্রান্সের প্রভাবশালী বার্তা সংস্থা এএফপিও এ নিয়ে প্রতিবেদন করেছে। এতে মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফের’ অনুকরণে শিরোনামে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে উল্লেখ করা হয়েছে।

  • রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

    রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদুল ফিতরের আগেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। শনিবার (২৩ মে) তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে।  ডিএনএ রিপোর্ট হাতে পাওয়ার পরপরই পুলিশ চার্জশিট দেবে। সব ঠিক থাকলে ঈদের আগেই চার্জশিট দেয়া সম্ভব হবে।

    মামলাটির বিচার কাজ দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী আরও বলেন, ঈদের ছুটির পরপরই এই নৃশংস হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার শুরু হবে।

    উচ্চ আদালতে এ ধরনের মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের (ডেথ রেফারেন্স) দীর্ঘসূত্রতা নিয়ে আইনমন্ত্রী বলেন, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড হওয়ার পর তা অনুমোদনের জন্য যখন হাইকোর্টে আসে, তখন পেপার বুক (মামলার বৃত্তান্ত) তৈরিতে অনেক সময় লেগে যায়। এর ফলে চূড়ান্ত রায় পেতে বিলম্ব হয়। এই প্রক্রিয়াটি কীভাবে আরও দ্রুত ও সহজ করা যায়, তা নিয়ে সরকার বর্তমানে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

  • দুই অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

    দুই অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

    জেভি২৪ ডেস্ক 

    দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে এবং অন্যত্র ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

    শনিবার (২৩ মে) সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের নদীবন্দরে সতর্কসংকেত জারি করা হয়েছে।

    আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

    এ ছাড়া দেশের অন্য অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

     

  • রামিসা হত্যাকাণ্ড আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

    রামিসা হত্যাকাণ্ড আসামি সোহেল অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল: ডিবিপ্রধান

    জেভি২৪ ডেস্ক

    রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর অত্যন্ত নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে লোমহর্ষক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা এবং পরবর্তীতে তার নিথর দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন করার কথা তিনি স্বীকার করেছেন। শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, প্রধান অভিযুক্ত সোহেল রানা দীর্ঘকাল ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং ‘তার অতীত কর্মকাণ্ড ভালো ছিল না’। ঘাতকের চারিত্রিক স্খলন ও মাদকাসক্তিই এই বর্বরোচিত ঘটনার নেপথ্যে কাজ করেছে বলে পুলিশ মনে করছে।

    আদালতে দেওয়া জবানবন্দি অনুযায়ী, একই ভবনের পাশাপাশি কক্ষে থাকা রামিসাকে দেখে ঘটনার দিন সকালে ইয়াবাসক্ত সোহেলের মধ্যে ‘বিকৃত যৌন লালসা জেগে ওঠে’। সে শিশুটিকে কৌশলে নিজের কক্ষে ডেকে নিয়ে বাথরুমে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানিয়ে দেওয়ার কথা বললে সোহেল আতঙ্কিত হয়ে পড়ে এবং ‘গোটা ঘটনা ফাঁস হওয়ার আতঙ্কে তাকে শ্বাসরোধে হত্যা করে’। হত্যাকাণ্ডের পর সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার বিষয়টি জানতে পেরে স্বামীকে বাঁচাতে লাশ গুম করার অমানবিক পরিকল্পনায় যোগ দেন। তাঁরা একটি ধারালো চাকুর সাহায্যে শিশুটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করেন এবং তার দুই হাত ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। রামিসার মা যখন তাঁর মেয়ের সন্ধানে দরজায় নক করছিলেন, তখন সোহেলকে জানালা দিয়ে পালানোর সুযোগ করে দিতে স্বপ্না দীর্ঘক্ষণ দরজা বন্ধ করে রেখেছিলেন।

    এই পৈশাচিক হত্যাকাণ্ডের পর গতকাল বৃহস্পতিবার রাতে নিহতের পরিবারকে সান্ত্বনা দিতে রামিসার পল্লবীর বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান যে, পুলিশ দ্রুততম সময়ে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ‘আসামি ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ​এখন চার্জশিট দেওয়ার পালা।’ তিনি আরও উল্লেখ করেন যে, বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ডিএনএ পরীক্ষার কাজ সিআইডি ল্যাবে চলমান রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্যমতে, ‘ডিএনএ টেস্টের নিয়ম হচ্ছে যে ৪৮ ঘণ্টা সময় লাগে, যেহেতু এটা বৈজ্ঞানিক বিষয়। সেটা শেষ হবে রোববারের দুপুরের মধ্যে। রোববারের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সে চেষ্টা করবো। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায় সেজন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে।’

    উল্লেখ্য, গত ১৯ মে সকালে পল্লবীর একটি কক্ষের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন লাশ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। এই পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ।

  • ধ্বংসের মুখে ৪শ বছরের পুরোনো ‘জিন মসজিদ’

    ধ্বংসের মুখে ৪শ বছরের পুরোনো ‘জিন মসজিদ’

    জেভি২৪ ডেস্ক 

    শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামে ইতিহাস ও লোককথার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের প্রাচীন ‘জিন মসজিদ’ খ্যাত তালুকদার বাড়ি জামে মসজিদ। তবে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়া ঐতিহাসিক এই স্থাপনাটি এখন চরম ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।

    শরীয়তপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন মসজিদটি কে বা কখন নির্মাণ করেছিলেন, তার কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদসংলগ্ন তালুকদার পরিবারের বংশ পরম্পরার তথ্যমতে এর বয়স প্রায় ৪০০ বছর। আবার অনেকের মতে, এই স্থাপত্যের বয়স ৪৫০ বছরেরও বেশি।

    মসজিদটিকে ঘিরে স্থানীয়দের মাঝে রয়েছে নানা রহস্যময় লোককথা ও মিথ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোনো এক ব্যক্তি মসজিদটির নির্মাণকাজ শুরু করলেও তা শেষ হওয়ার আগেই তিনি মারা যান। পরে এক রাতের মধ্যেই অলৌকিকভাবে (জিনেরা এসে) এই অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে দেয়। এমনকি এখানে জিনেরা নামাজ, জিকির ও ইবাদত-বন্দেগি করত বলেও লোকমুখে শোনা যায়। সেই লোকবিশ্বাস থেকেই স্থানীয়দের কাছে এটি ‘জিন মসজিদ’ নামে পরিচিতি পায়।

    চার শতাংশ জমির ওপর নির্মিত চতুর্ভুজাকৃতির এই মসজিদে রয়েছে একটি বড় মূল গম্বুজ এবং চারপাশে চারটি চিকন খুঁটির ওপর ছোট খিলানাকৃতির মিনার ও গম্বুজ। মসজিদের ভেতরের দেয়ালের কারুকাজে এখনো মোগল স্থাপত্যশৈলীর স্পষ্ট নিদর্শন চোখে পড়ে। চারটি প্রবেশপথবিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদে একসঙ্গে প্রায় ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দীর্ঘদিন ধরে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত আদায় করে আসছেন স্থানীয়রা। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি বড় পুকুর ও পাকা ঘাট, যা স্থানীয়দের মতে সেই সময়েই তৈরি করা হয়েছিল।

    মসজিদের তত্ত্বাবধায়ক সালাম তালুকদার বলেন, আমাদের পূর্ব পুরুষদের মুখে শুনেছি, এই মসজিদ এক রাতে অলৌকিকভাবে তৈরি হয়েছে। সেই বিশ্বাস থেকেই সবাই এটাকে জিন মসজিদ বলে। তবে আমাদের পারিবারিক সূত্রে এটি তালুকদার বাড়ি জামে মসজিদ হিসেবেই পরিচিত।

    তিনি আক্ষেপ করে আরও বলেন, শত শত বছর পার হয়ে গেলেও মসজিদটি সংরক্ষণ বা মেরামতের জন্য সরকারি বা বেসরকারি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অনেকেই এসে পরিদর্শনের পর আশ্বস্ত করে যান, কিন্তু পরে আর খোঁজ নেন না। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বাস্তবে এর সুরক্ষায় কোনো কাজ হয়নি।

    মসজিদের ইমাম নূর ইসলাম বেপারী বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে এখানে ইমামতি করছি। এটি অত্যন্ত প্রাচীন এবং আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যপূর্ণ একটি মসজিদ। সরকারের কাছে আমাদের আকুল দাবি, দ্রুত সংস্কার করে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক।

    এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম বলেন, প্রাচীন এই মসজিদটি এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। এর যথাযথ সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।

    ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও লোকবিশ্বাসের মেলবন্ধনে গড়া এই ‘জিন মসজিদ’ এখন শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং শরীয়তপুর জেলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে দ্রুত এর রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে, অচিরেই কালের গহ্বরে হারিয়ে যাবে শত বছরের পুরোনো এই ঐতিহাসিক নিদর্শন।

  • ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা: রেল সচিব

    ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা: রেল সচিব

    জেভি২৪ ডেস্ক 

    এবারের ঈদযাত্রার সিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম।

    তিনি বলেছেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে।

    শনিবার (২৩ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

    টিকিট কাটার পরও অনেক যাত্রী ট্রেনে ঢুকতে পারে না, এরকম কোনো ঘটনা এবার ঘটবে না বলেও সবাইকে আশ্বস্ত করে রেল সচিব বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

    পরে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। তিনি বলেন, ‘শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

    রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে। জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে। আমরা আশা করছি, এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না।’

    লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও তুলে ধরে রেলসচিব বলেন, ‘মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট রয়েছে। তাই আমরা আগে থেকেই কর্মপরিকল্পনা নিয়েছি।

    ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে। কাল থেকে তা ৮০টির বেশি হবে বলে আশা করছি।’

    ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে উল্লেখ করে ফাহিমুল ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।’

    স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেলসচিব বলেন, ‘টিকিট ছাড়া যাত্রীরা যেন স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।’

    তিনি আরো বলেন, ‘যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় রেলের চাহিদা অনেক বেশি থাকে, যা পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না।’

    রেলসচিব বলেন, যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

  • স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

    স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি প্রদর্শনী ঘুরে দেখেছেন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি সেখানে যান।

    এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কয়েকটি গাড়ি তিনি চালিয়ে যাচাই করেন। পরে সেখান থেকে বেলা ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি।

  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২২ মে ) রাত সাড়ে ৩টার দিকে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন,

    উপজেলার হরিপুর গ্রামের আব্দুল হানিফের পুত্র মমিন মিয়া, বড় বায়েক গ্রামের জিয়াউল হকের পুত্র মো.ইব্রাহিম।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার করা হয়েছে। কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • আজকের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

    আজকের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

    জেভি২৪ ডেস্ক 

    আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি আজ শনিবারের (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

    শুক্রবার (২২ মে) গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় তথ্যটি নিশ্চিত করা জানানো হয়েছে।

    বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (আজ) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

    এ ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে।

    অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে বলেও জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

  • অল্প সময়ে আড়াই কোটি মানুষের ঈদযাত্রা চ্যালেঞ্জিং

    অল্প সময়ে আড়াই কোটি মানুষের ঈদযাত্রা চ্যালেঞ্জিং

    জেভি২৪ ডেস্ক 

    অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং হলেও এবার সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশু পরিবহন করা একটি বড় অবকাঠামোগত চ্যালেঞ্জ। তবে সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

    এর আগে কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জনসহ মোট ১১৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, আমরা এই দায়িত্ব ঈমানের সঙ্গে পালনের চেষ্টা করছি। দুর্ঘটনার স্থান ও কারণগুলো আগে থেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার ফলে দুর্ঘটনার পরিমাণ ক্রমান্বয়ে কমে আসছে। অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোট খরচ এবং নিহতের প্রকৃত সংখ্যা কত তা মন্ত্রীর কাছে জানতে চান।

    জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানের আগে আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা (দাউদকান্দি টোল প্লাজা) সরেজমিন পরিদর্শন করেন মন্ত্রী রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।