Author: Jvadmin

  • খোকসা বাসস্ট্যান্ডে গোলচক্কর নির্মাণের অনুমোদন, শিগগিরই শুরু কাজ

    খোকসা বাসস্ট্যান্ডে গোলচক্কর নির্মাণের অনুমোদন, শিগগিরই শুরু কাজ

    নাহিদুজ্জামান শয়ন, খোকসা কুষ্টিয়া

    কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ (RHD) খোকসা বাসস্ট্যান্ড এলাকায় বহুল প্রতীক্ষিত গোলচক্কর নির্মাণসহ সড়ক উন্নয়ন কাজ শুরুর নির্দেশ দিয়েছে। ২ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত ‘নোটিশ টু কমেন্স’ অনুযায়ী, আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌরহাস) আঞ্চলিক সড়কের (R-710) নির্দিষ্ট অংশে এই প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিলো।

    প্রকল্পের আওতায় খোকসা অংশে একটি পরিকল্পিত গোলচক্কর নির্মাণের পাশাপাশি কুমারখালী ও সৈয়দ মাসুদ রুমি সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকাতেও সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকায় স্থানীয়দের মধ্যে একটি কার্যকর ও পরিকল্পিত গোলচক্করের দাবি জোরালো ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে এখানে একটি অপরিকল্পিত আইল্যান্ড নির্মাণ করা হয়েছিল, যা পরবর্তীতে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাড়াই। ভ্যানচালক ইমরানের মর্মান্তিক মৃত্যুর পর বিষয়টি জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে সময় সভ্য সমাজ এর ব্যানারে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয় জনগণ আন্দোলন করে বাসস্ট্যান্ডে। সবার দাবির প্রেক্ষিতে তৎকালীন ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর) এর প্রচেষ্টায় আইল্যান্ডটি অপসারণ করা হয়। এরপর থেকেই খোকসা বাসস্ট্যান্ডে একটি পরিকল্পিত গোলচক্কর নির্মাণের দাবি জোরদার হতে থাকে।

    পরবর্তীতে বৈজয়ন্ত বিশ্বাস, যিনি বর্তমানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখেন। বিভিন্ন সময়ে কাজের অগ্রগতি হলেও রাজনৈতিক নানা কারণে প্রকল্পটি পিছিয়ে যায়। তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গোলচক্কর নির্মাণের অনুমোদন মিলেছে।

    প্রায় ২৮ কোটি ৬০ লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড। নির্দেশনা অনুযায়ী, ২ এপ্রিল থেকে কাজ শুরু হয়ে আগামী ২৭০ দিনের মধ্যে তা সম্পন্ন করার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। এ বিষয়ে জানতে চাইলে সড়ক বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম বলেন, “নোটিশ জারি হয়েছে ঠিকই, তবে মাঠপর্যায়ে কাজ শুরু হবে আগামী জুন-জুলাই মাসের মধ্যে।”

    সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এখন খোকসাবাসীর প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করে এই গুরুত্বপূর্ণ মোড়টিকে আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন রূপ দেওয়া হবে।

  • ফরিদপুরের নগরকান্দায় ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

    ফরিদপুরের নগরকান্দায় ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

    মোঃ শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দায় “জনবান্ধব অটোমেটড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

    আরো উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, দুর্নীতি হ্রাস এবং দ্রুত সেবা নিশ্চিত করতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান যাচাই, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রদান করা হয়। এছাড়া ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আরও সহজ ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

    এ মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় হেল্পলাইন ১৬১২২।

  • খোকসায় বজ্রপাতে একজনের মৃত্যু

    খোকসায় বজ্রপাতে একজনের মৃত্যু

    কুষ্টিয়ার খোকসায় বজ্রপাতে হযরত আলী (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

    নিহত হযরত আলী উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের রাধানগর গ্রামের আক্কেল আলি প্রামানিকের ছেলে। হযরত আলী পেশায় কৃষক।

    স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার(১৯’মে) বিকেলে সাড়ে ৫ টার দিকে হযরত মাঠে কাজ করার উদ্দেশ্য গেলে বজ্রপাতে অচেতন হয়ে পরে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বজ্রপাতে একজনের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি মর্মান্তিক। কোন অভিযোগ পাইনি।

  • ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

    ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন

    আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার সংবাদপত্রে পাঁচ দিন ছুটি থাকবে। আজ সোমবার সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এ তথ্য জানিয়েছে।

    নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, সংবাদপত্রে ২৬ থেকে ৩০ মে ঈদুল আজহার ছুটি উদ্‌যাপন করা হবে। সে হিসাবে ২৭ থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্র প্রকাশিত হবে না।

    এর আগে, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

    আজ সোমবার সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানালেন, দেশের আকাশে এরই মধ্যে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। ফলে আগামী ২৮ মে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

    এর আগেও, গতকাল সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। এ ছাড়া তুরস্ক, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইসহ কয়েকটি দেশ এরই মধ্যে জিলহজ মাসের শুরু এবং ঘোষণা করেছে ঈদুল আজহার তারিখ। এসব দেশে ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। ইসলামি চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজের ১০ তারিখে পালিত হয় ঈদুল আজহা।

    এবার ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন দেশের তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত এসব ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটি পাবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার দেশের তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা খোলা থাকবে।

  • কারিনার রাজনৈতিক অবস্থান নিয়ে যা বললেন কায়সার হামিদ

    কারিনার রাজনৈতিক অবস্থান নিয়ে যা বললেন কায়সার হামিদ

    ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছে গত রোববার বিকেলে।

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

    এরপর বাদ মাগরিব রাজধানীর বনানীর ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কায়সার হামিদ।

    সামাজিক মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে কারিনাকে জনপ্রিয় করে তোলে।

    মেয়ের জনপ্রিয়তার কথা উল্লেখ করে কায়সার হামিদ বলেন, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনাকে যে এতো মানুষ ভালোবাসে এটা আমার জানা ছিল না। তার প্রতি দেশের মানুষের ভালোবাসা দেখে আমার গর্ব হচ্ছে।

    এরপর মেয়ের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেন কায়সার হামিদ। বলেন, কারিনা কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতো না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতো এবং ভিডিও বানাতো।

    এর আগে রোববার রাতে ঢাকা শহীদ মিনারে তার তৃতীয় জানাজা শেষ হয়। আজ সোমবার সকালে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

  • শাপলা চত্বরের ঘটনার ফুটেজ ট্রাইব্যুনালে দেবে ইসলামিক টিভি

    শাপলা চত্বরের ঘটনার ফুটেজ ট্রাইব্যুনালে দেবে ইসলামিক টিভি

    ইসলামিক টিভির কাছে ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অপারেশনের যত ফুটেজ আছে তা ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন টিভিটির ব্যবস্থাপনা পরিচালক শামস ইস্কান্দার।

    সোমবার (১৮ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।

    ইতোমধ্যে শাপলা চত্বর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের জন্য প্রস্তুত রয়েছে প্রসিকিউশন। এরইমধ্যে ৫ মে বন্ধ হওয়া ইসলামিক টিভি কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে ফুটেজ ও তথ্য চেয়েছে প্রসিকিউশন। এই মামলার সাক্ষীও হতে পারেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত থাকা ওই টিভির সাংবাদিকরা।

    ২০১৩ সালের ৫ মে দিবাগত রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেয় বিটিআরসি।

    তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের সরাসরি লিখিত আদেশে এটি বন্ধ করা হয় বলে দাবি করেন অনেকে।

  • ৩ ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

    ৩ ধরনের নতুন নোট ছাড়লো বাংলাদেশ ব্যাংক

    বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু শুরু হয়েছে। পর্যায়ক্রমে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটগুলো ইস্যু করা হবে।

    আজ সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নোটগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সই সংবলিত থাকবে। এর আগে প্রচলনে আসা একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোটও পর্যায়ক্রমে গভর্নরের সই ইস্যু করা হবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটগুলোর রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে। পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রাও বৈধ এবং চালু থাকবে। কেন্দ্রীয় ব্যাংক গণমাধ্যমকে জাতীয় স্বার্থে এ তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে।

  • পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিয়ে নিষেধাজ্ঞা, আতঙ্কে মুসলিমরা

    পশ্চিমবঙ্গে পশু কোরবানি নিয়ে নিষেধাজ্ঞা, আতঙ্কে মুসলিমরা

    পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন গাইডলাইন জারি করেছে রাজ্য সরকার। নির্ধারিত নিয়ম মেনে জবাই করতে হবে, অন্যথায় হতে পারে জেল ও জরিমানা এমন কঠোর বার্তাই দিয়েছে প্রশাসন।

    ঈদুল আজহাকে সামনে রেখে প্রকাশিত এ নির্দেশনা ঘিরে রাজ্যজুড়ে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। বিশেষ করে ধর্মীয় কোরবানির ক্ষেত্রে আরোপিত নানা শর্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

    পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গরু, মহিষ বা বলদ জবাইয়ের আগে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতির পাশাপাশি সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন নিতে হবে। এ জন্য পশুর ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

    নির্দেশিকায় আরও বলা হয়, কেবল ১৪ বছরের বেশি বয়সী পশু অথবা বার্ধক্য কিংবা অসুস্থতার কারণে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারানো পশুই জবাই করা যাবে।

    এ ছাড়া প্রকাশ্য স্থানে পশু জবাই বা সরকারি নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। নতুন এ নিয়ম কার্যকর হওয়ায় কোরবানি আয়োজন নিয়ে অনেকের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    উত্তর প্রদেশের মতো ভয়াবহ পরিস্থিতি এখন পশ্চিমবঙ্গেও দৃশ্যমান হচ্ছে। সাধারণ মুসলিম নাগরিকরা মনে করছেন, এ আইনি কড়াকড়ি আসলে একটি বিশেষ সম্প্রদায়কে ধর্মীয় আচার পালনে বাধা দেওয়া এবং তাদের সামাজিক ও অর্থনৈতিকভাবে কোণঠাসা করার পরিকল্পিত কৌশল।

    বারুইপুরের স্থানীয় এক বাসিন্দার মতে, সরকারি অনুমোদন পাওয়া এবং ১৪ বছরের বুড়ো গরু খুঁজে বের করে কোরবানি দেওয়া কার্যত অসম্ভব। সাধারণ মানুষের মধ্যে এ আতঙ্ক কাজ করছে যে, বৈধভাবে গরু নিয়ে যাওয়ার পথেও তাদের মৌলবাদী হেনস্তার শিকার হতে হবে এবং হচ্ছেও। প্রশাসনের এ পদক্ষেপকে অনেকে মুসলিম সমাজকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করার অপচেষ্টা হিসেবে দেখছেন।

    রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এ ধরনের নির্দেশিকা জারির মাধ্যমে রাজ্যে সাম্প্রদায়িক মেরূকরণকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে।

    সমালোচকদের দাবি, আইনের আড়ালে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়ন করাই এ সরকারের প্রধান লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষক সুমন কল্যাণের মতে, যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের খাদ্যাভ্যাস ও ধর্মীয় রীতিকে টার্গেট করা হয়, তখন তা কেবল আইনগত বিষয় থাকে না বরং তা রাষ্ট্রের সাম্প্রদায়িক চরিত্রকে প্রকাশ করে দেয়। এটি পরিষ্কারভাবে মেরূকরণের রাজনীতি, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক।

  • ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

    ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

    আসন্ন নির্বাচনে মেয়র পদে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

    সোমবার (১৮ মে) ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রার্থী হিসেবে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের নাম ঘোষণা করেন তিনি।

    গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন, জুলাই সনদ, বর্তমান সরকারের কার্যক্রম, অর্থনৈতিক পরিস্থিতি ও দলের সামগ্রিক কার্যক্রম নিয়ে কথা বলেন সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

    এসময় তিনি সরকারের কাছে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু হয় সে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

  • দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার

    দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার

    জেভি২৪ ডেস্ক

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নবনিযুক্ত মোসলেহ্‌ উদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করেছেন।

    সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে, গতকাল রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্‌ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    তারও আগে, গত ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ্‌ উদ্দিন আহমদ। গত ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

    ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোসলেহ্‌ উদ্দিন আহমদ।