Author: Jvadmin

  • স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

    স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না

    জেভি২৪ ডেস্ক 

    চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী বা অপরাধী চক্রের অভয়ারণ্য থাকবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    মন্ত্রী আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি জানান।

    পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি বা রাজনীতির দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে রাষ্ট্রের ভেতরে একধরনের ‘দুর্বৃত্তের রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা হয়েছিল, যার একটি প্রত্যক্ষ নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড লক্ষ করা যায়। কিছু ব্যবসায়ীর বাসভবনে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ এবং চাঁদা আদায়ের মতো ঘটনা ঘটার পর সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়। অপরাধীদের অবদমন করতে গত ৯ মার্চ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    মন্ত্রী আরও বলেন, জঙ্গল সলিমপুরে সিসিটিভি ক্যামেরা ও বিভিন্ন পাহারা বসিয়ে সন্ত্রাসীরা যে সমান্তরাল নিয়ন্ত্রণব্যবস্থা তৈরি করেছিল, তা যৌথ অভিযানের মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে তথ্য ফাঁসের কারণে অভিযানের মূল লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হয়নি। রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে র‍্যাবের নির্মাণাধীন ক্যাম্প বুলডোজার দিয়ে ভেঙে ফেলার মতো দুঃসাহস সন্ত্রাসীরা কীভাবে পেল, তা কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর পেছনে থাকা ভূমিদস্যু ও মূল ইন্ধনদাতাদের চিহ্নিত করা হচ্ছে।

    জঙ্গল সলিমপুরের স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের সরকার। জনগণকে স্বস্তি ও নিরাপত্তা দেওয়া আমাদের মূল লক্ষ্য। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে যারা এখানে এসে বসতি স্থাপন করতে বাধ্য হয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন, তাদের কাউকেই আপাতত উচ্ছেদ করা হবে না। প্রকৃত বাসিন্দাদের টেকসই পুনর্বাসনের জন্য সরকার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে।’ তিনি উচ্ছেদসংক্রান্ত যেকোনো অপপ্রচারে কান না দিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার আহ্বান জানান।

    জঙ্গল সলিমপুরে রোড নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, সলিমপুর ইউনিয়নের সঙ্গে সীতাকুণ্ড, ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সংযোগ ঘটিয়ে একটি আধুনিক রোড নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ড্রোনচিত্র ও সড়ক মানচিত্র পর্যালোচনা করে এই অঞ্চলে পুলিশ, বিজিবি, র‍্যাবসহ বিভিন্ন বাহিনীর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও সেনানিবাসের সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে। এ ছাড়া, বায়েজিদ লিংকের আশপাশে খাসজমিতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের ঝুলে থাকা প্রকল্পটি প্রশাসনিক অনুমোদনের আলোকে দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জঙ্গল সলিমপুরের পাশাপাশি অপরাধপ্রবণ বেতুয়া ও চা-বাগান এলাকা থেকেও সন্ত্রাসীদের চিরতরে নির্মূল করা হবে।

    জনপ্রত্যাশা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে দেশে ‘আইনের শাসন’ প্রতিষ্ঠা করতে মন্ত্রী গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    জেভি

  • বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকে যত খেলা

    বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকে যত খেলা

    স্পোর্টস ডেস্ক 

    ব্যস্ত জীবনে সব খেলা দেখা সম্ভব হয় না। তাই সময় ও পছন্দ অনুযায়ী বেছে নিতে হয়। লাইভ খেলা দেখতেই সবার আগ্রহ বেশি। রোববার (৩১ মে) টিভিতে কোথায় কী খেলা আছে দেখে নিন একনজরে।

    ক্রিকেট

    আইপিএল

    ফাইনাল

    বেঙ্গালুরু–গুজরাট

    রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও ২

    ফুটবল

    সাফ নারী চ্যাম্পিয়নশিপ

    নেপাল-শ্রীলঙ্কা

    বিকেল ৫টা, টি স্পোর্টস

    বাংলাদেশ-ভারত

    রাত ৮টা, টি স্পোর্টস

    টেনিস

    ফ্রেঞ্চ ওপেন

    ৪র্থ রাউন্ড

    বেলা ৩টা, সনি স্পোর্টস ২ ও ৫

  • নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা

    নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা

    নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়কে পথরোধ করে জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের পাকমুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত রাকিব একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজী বাড়ির সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিবের বাবা ও এক ভাই প্রবাসে থাকেন। রাকিব ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিংমলে চাকরি করতেন। তিন-চার দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাকিবের চাচাতো ভাইয়ের ছেলের সঙ্গে স্থানীয় এক দোকানদারের কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। শনিবার রাতে পাকমুন্সিরহাট বাজারে বিষয়টি নিষ্পত্তির জন্য উভয় পক্ষের লোকজন জড়ো হয়। এ সময় এলাকার লোকজন রাকিবকে সেখান থেকে চলে যেতে বলেন। পরে তিনি তার ছোট ভাই রিমনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে পাকমুন্সিরহাট বাজার এলাকার একটি অন্ধকার স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে হামলা চালায়। এ সময় ভাইকে বাঁচাতে এগিয়ে আসলে তার ছোট ভাই রিমনকে পিটিয়ে আহত করা হয়।

    অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে রাকিবের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং হামলাকারীদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এসএসসি-এইচএসসি পাসে

    খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন এসএসসি-এইচএসসি পাসে

    চাকরি 

    জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ১৮ কর্মী নিয়োগে ২৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

    প্রতিষ্ঠানের নাম: খাদ্য মন্ত্রণালয়;

    ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

    পদসংখ্যা: ২টি

    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

    আবেদনের যোগ্যতা

    *স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে

    *সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে

    *কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে

    ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ১টি

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা

    *এইচএসসি পাস হতে হবে

    *কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে

    ৩. পদের নাম: অফিস সহয়ক

    পদসংখ্যা: ১৫টি

    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

    আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে

    চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

    কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

    প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১ ও ২ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন

    আবেদন ফি

    টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে

    আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ জুন ২০২৬, বিকেল ৫টা

    আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

  • অবৈধভাবে দর্শনা সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ আটক-১০ 

    অবৈধভাবে দর্শনা সীমান্ত অতিক্রমের সময় নারী ও শিশুসহ আটক-১০ 

     

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার বারাদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    রোববার (৩১ মে) ভোর ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র বারাদি সীমান্ত ফাড়ির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে তাদের আটক করে।

    বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে ২ জন পুরুষ, ৩ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

    তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে।

  • আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

    আজ বিশ্ব তামাকমুক্ত দিবস

    জেভি২৪ ডেস্ক 

    সারা বিশ্বে আজ পালিত হচ্ছে তামাকমুক্ত দিবস। তামাক সেবনের সমস্ত প্রক্রিয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করার জন্য দিবসটির প্রচলন করা হয়।

    এবারের প্রতিপাদ্য ‘আনমাস্কিং দ্য অ্যাপিল-কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন’। এই প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য স্বাস্থ্য সংগঠন তামাকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচির আয়োজন করছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৩ থেকে ১৫ বছর বয়সি অন্তত ৩ কোটি ৭০ লাখ কিশোর–কিশোরী নিয়মিতভাবে তামাক ব্যবহার করে এবং যাদের নির্দিষ্ট ব্র্যান্ডে আসক্ত করতে কোম্পানিগুলো নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেয়। এর মধ্যে সুগন্ধিযুক্ত তামাকপণ্য বাজারজাতকরণ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের তামাকপণ্য সহজলভ্য করা, সামাজিক যোগাযোগমাধ্যমে সেলিব্রেটিদের ব্যবহার করা, বিভিন্ন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা প্রদান এবং শক্তিশালী আইন ও কর পদক্ষেপের বিরোধিতা করা উল্লেখযোগ্য।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (সিডিসি) গবেষণায় দেখা গেছে, ২১ বছর বয়সের আগেই যারা তামাকে আসক্ত হয়ে পড়ে, তাদের মধ্যে নিকোটিন নির্ভরতা এবং আমৃত্যু তামাক ব্যবহারের প্রবণতা সবচেয়ে বেশি।

    বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ দশমিক ৭৮ কোটি মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে বছরে প্রায় ২ লাখ মানুষের মৃত্যু ঘটে।

    ২০২৪ সালে তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে আহরিত রাজস্ব আয়ের দ্বিগুণেরও বেশি।

  • হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

    হজে গিয়ে ৩৭ বাংলাদেশির মৃত্যু

    জেভি২৪ ডেস্ক 

    পবিত্র হজ পালন শেষে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শনিবার (৩০ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে মোট ৬ হাজার ১৭৫ জন হাজী দেশে পৌঁছেছেন।

    ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

    এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    বুলেটিন অনুযায়ী, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৩৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে পবিত্র মক্কায় ২৭ জন এবং মদিনায় ১০ জন ইন্তেকাল করেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা ও মুজদালিফায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

    হজ বুলেটিনে আরও বলা হয়, ৩০ মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ফিরতি ফ্লাইট (এসভি-৫৮০৬) স্থানীয় সময় রাত ২টা ৪ মিনিটে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৪৫ জন হাজী নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    দেশে ফেরা ৬ হাজার ১৭৫ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৭৫৯ জন রয়েছেন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১ হাজার ১৮৪ জন, সৌদি এয়ারলাইন্স ১ হাজার ৬৯১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩ হাজার ৩০০ জন হাজী পরিবহন করেছে। এ পর্যন্ত মোট ১৫টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি, সৌদি এয়ারলাইন্স ৪টি এবং ফ্লাইনাস ৮টি ফ্লাইট পরিচালনা করেছে।

    চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল, আর শেষ ফ্লাইট যায় ২১ মে। এদিকে হজ শেষে হাজিদের দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

  • নোয়াখালীতে ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালী প্রতিনিধিঃ

    নোয়াখালীর সদর উপজেলায় জুয়ার আসরকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মো. কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হয়েছেন। তবে পুলিশের ভাষ্য, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

    শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহত কামাল উদ্দিন একই এলাকার লচি সর্দার বাড়ির মৃত মো. সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, কামালের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদ পাশের মিনু আলী হাজী বাড়ির রনি ও শামুর সঙ্গে চলাফেরা করতেন। ঈদুল আজহার ছুটিতে তারা লচি সর্দার বাড়ির পেছনে জুয়ার আসর বসান। বিষয়টি জানাজানি হলে পাশের বাড়ির লোকজনের সঙ্গে ফরহাদের বাকবিতণ্ডা হয়।
    এর জের ধরে শনিবার রাত সোয়া ৯টার দিকে লচি সর্দার বাড়িতে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে মিনু আলী হাজী বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন কামাল উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য মো. তোফায়েল বলেন, পাশের বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। তখন আমি বাড়িতে ছিলাম না। আমার ভাই কামাল তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা করা হয়। তবে কী কারণে তারা হামলা করেছে, তা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না।

    এ বিষয়ে সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে নিহতের ভাতিজা ফরহাদকে মারধর করা হয়। পরে চাচা কামাল ঝগড়া থামাতে গেলে তিনি বেহুশ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। স্বজনদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া

  • বৃষ্টি নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

    বৃষ্টি নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

    জেভি২৪ ডেস্ক 

    দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে কোথাও কোথাও দমকা বা ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

    শনিবার (৩০ মে) সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

    পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    রোববারও আবহাওয়ার চিত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের আশঙ্কা থাকবে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে। তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

    সোমবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি দেশের অন্য বিভাগগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সিলেট অঞ্চলের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু–এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিনও চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন নাও হতে পারে।

    বুধবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের অন্য কয়েকটি অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং বর্ষাকালের আবহাওয়া ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠতে পারে।

  • ইনজুরি কাটিয়ে নেইমার বিশ্বকাপ খেলবেন কি না, স্পষ্ট করলেন আনচেলত্তি

    ইনজুরি কাটিয়ে নেইমার বিশ্বকাপ খেলবেন কি না, স্পষ্ট করলেন আনচেলত্তি

    স্পোর্টস ডেস্ক

    বিশ্বকাপের আবহে ইতোমধ্যেই মেতে উঠেছে ব্রাজিল। আগামী রোববার (৩১ মে) মারাকানায় প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচটি ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য হবে বিশ্বকাপের আগে নিজেদের দলকে বিদায় জানানোর শেষ সুযোগ।

    ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিশ্বকাপকে সামনে রেখে নিজের চূড়ান্ত ভাবনা তুলে ধরেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। এ সময় তিনি নেইমারের শারীরিক অবস্থা, দল নির্বাচনের কারণ এবং ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়ার মতো খেলোয়াড়দের ভূমিকা নিয়ে কথা বলেন।

    সংবাদ সম্মেলনের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নেইমার। আনচেলত্তি জানান, নেইমারের সর্বশেষ ক্লাব ম্যাচের পর থেকে তিনি যে চোটে ভুগছিলেন, সে বিষয়ে সান্তোস ক্লাবের কাছ থেকে বিস্তারিত মেডিকেল রিপোর্ট পেয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এরপর থেকে জাতীয় দলের মেডিকেল স্টাফই তার পুনর্বাসন প্রক্রিয়া তদারকি করছে।

    ইতালিয়ান এই কোচের বিশ্বাস, বিশ্বকাপের গ্রুপ পর্বের মধ্যেই মাঠে ফিরতে পারবেন নেইমার। যদি প্রথম ম্যাচে খেলার মতো পুরোপুরি ফিট না হন, তাহলে দ্বিতীয় ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দল।

    আনচেলত্তি বলেন, ‘নেইমার তার পুনর্বাসন নিয়ে খুব ভালোভাবে কাজ করছে এবং বিশ্বকাপকে সামনে রেখে তাকে অত্যন্ত অনুপ্রাণিত দেখাচ্ছে।’

    দলে নেইমারকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে তার সঙ্গে সরাসরি কথা হয়েছে। নেইমারের পুনর্বাসন এবং বিশ্বকাপে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা।

    দল নির্বাচন প্রসঙ্গে আনচেলত্তি স্বীকার করেন, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কোচিং স্টাফকে। তবে তারা এমন খেলোয়াড়দেরই বেছে নিয়েছেন, যারা দলের সামগ্রিক সাফল্যে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবেন বলে বিশ্বাস করেন। তিনি স্পষ্টভাবে জানান, নেইমার বা অন্য কোনো খেলোয়াড়কে নিয়ে বাইরের কোনো চাপ কখনও ছিল না।

     

    সূত্রঃ এএস স্পোর্টসের