Author: Jvadmin

  • ব্রাজিলের পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

    ব্রাজিলের পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা দেশ, তখন সেই আবেগকে ব্যতিক্রমীভাবে প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকে তিনি নিজের বাড়িকে সাজিয়েছেন ব্রাজিলের জাতীয় পতাকার আদলে।

    বাড়ির ভবন ও সীমানা প্রাচীরজুড়ে ব্যবহার করা হয়েছে ব্রাজিলের পতাকার সবুজ, হলুদ ও নীল রং। পাশাপাশি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিভিন্ন তারকা খেলোয়াড়ের প্রতিকৃতি। ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও, যা ফুটবলপ্রেমের পাশাপাশি দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

    ব্যতিক্রমী এই বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করছেন। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্যান্য দলের সমর্থকরাও বাড়িটির নান্দনিকতা ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করছেন।

    স্থানীয়দের দাবি, পুরো উপজেলায় এমন ব্যতিক্রমধর্মী ফুটবল-থিমের বাড়ি আর নেই। ফলে বাড়িটিকে ঘিরে এলাকার পরিচিতিও বাড়ছে এবং এটি স্থানীয় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

    রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। সেই ভালোবাসা থেকেই বাড়ির দেয়াল ও সীমানা প্রাচীর ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। এ কাজে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন, এতে আমি আনন্দিত।”

    বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেম, শিল্পসৌন্দর্য ও সৃজনশীলতার মিশেলে গড়ে ওঠা এই বাড়ি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে।

  • বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে- এমপি শাহে আলম 

    বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে- এমপি শাহে আলম 

    বগুড়া প্রতিনিধি

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, রাণীরহাট থেকে বগুড়া মহানগর হয়ে মেট্রোরেলের আদলে ট্রেন গাবতলী পর্যন্ত চলাচল করবে।

    বগুড়াবাসির দীর্ঘদিনের দাবি ছিল এই নগরকে যানজটমুক্ত করা। এটি বাস্তবায়ন হলে যানজট থাকবে না। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শহরে অপ্রয়োজনীয় ভাঙচুর না করে কীভাবে উন্নয়ন বাস্তবায়ন করা যায়। সে লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে গাবতলীতে চার লেনের বাইপাস, বগুড়া-নওগাঁ এবং মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

    শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

    প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধবিমান পরিচালনার অবকাঠামো এবং বিমানঘাঁটি স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী চান কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে মহানগরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে।বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে।

    তিনি আরও বলেন, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও বগুড়া ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে একনেক সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহণের জন্য ২২’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

    মীর শাহে আলম জানান, বগুড়াসহ সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা দেয়া বরাদ্দ হয়েছে।

    তিনি বলেন, বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে সেই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থে কাঁচা রাস্তায় অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত থাকায় এখন ইট অপসারণ করে ঠিকাদার স্থায়ী নির্মাণকাজ শুরু করেছেন।

    বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ প্রমুখ। সভায় বগুড়া প্রেসক্লাবের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রতিমন্ত্রী। এস এম দৌলত জেলা প্রতিনিধি বগুড়া

  • বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

    বিলাইছড়িতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন বিষয়ক প্রদর্শনী ও সভা অনুষ্ঠিত

    রাঙ্গামাটি প্রতিনিধি

    বিলাইছড়িতে নতুন উদ্যোগ, বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা বিষয়ক সভা ( বিজ্ঞান মেলা ) ও স্থল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১২ ই জুন ) সকাল ১০ টায় এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কীম, এসইডিসি এর আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর সহযোগিতায় এ মেলা করা হয়। পরে হলরুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদয়ালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, নকিব হোসেন, মান্না বিশ্বাস, বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এডিসন চাকমা, রিবেং চাকমা, বিশ্ব বাবু চাকমা, মাধ্যমিক শিক্ষা অফিসের অজয় কুমার বড়ুয়া, শিক্ষার্থী তীর্থ ঘোষ প্রমূখ।

    পরিকল্পিত ফ্লোটিং ভেজিটেবল ফার্মিং, ডিএসি, পরিকল্পিত গ্রাম প্রদর্শনী করা হয়। এতে অংশগ্রহণ করেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়। মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সন্মাননা ক্রেস ও সার্টিফিকেট প্রদান করা হয়। বক্তারা, স্টার্ট আপ, বিজ্ঞান, ইনোভেশন আইডিয়া এবং শোকেসিং বিষয়ে কথা বলেন।

  • নাশকতা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

    নাশকতা মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের মধ্যপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মালেক চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতা মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তার বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আব্দুল মালেক চৌধুরীকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করা হবে।

    এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

  • আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকার পরামর্শ

    আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস, সতর্ক থাকার পরামর্শ

    জেভি২৪ ডেস্ক 

    দেশের আট বিভাগেই অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

    শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    এ সময় দেশের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পরবর্তী দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে, যেখানে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতি ও মোংলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে, ২২ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

  • না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার

    না ফেরার দেশে ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্ব ফুটবলকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন ব্রাজিলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম মহানায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার ব্রিতো। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই সেন্টার ব্যাকের মৃত্যুর খবরটি বৃহস্পতিবার (১১ জুন) নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ব্রিতোর মৃত্যুর কারণ সম্পর্কে সিবিএফের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। 

    ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ব্রিতো। ১৯৭০ সালে মেক্সিকোর মাটিতে পেলের নেতৃত্বাধীন ব্রাজিলের যে দলটি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের রক্ষণভাগের মূল ভরসা ছিলেন তিনি। রক্ষণভাগে উইলসন পিয়াজার সঙ্গে গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য এক জুটি। ১৯৭০ সালের অবিস্মরণীয় সেই বিশ্বকাপ ছাড়াও ১৯৬৬ সালের বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে মাঠ মাতিয়েছিলেন এই তারকা।

    ব্রিতোর মতো এক মহান ফুটবলারকে হারিয়ে শোকগ্রস্ত ব্রাজিলের ফুটবল ফেডারেশন। সিবিএফ সভাপতি সামির জাউদ এক আবেগঘন বিবৃতিতে বলেন, ‘ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে ব্রিতো আমাদের ছেড়ে গেলেন। ১৯৭০ বিশ্বকাপ জয়ে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

    বিশ্বকাপ জয়ের পাশাপাশি ব্রাজিলের হয়ে ১৯৭১ সালে কোপা রোকা এবং ১৯৭২ সালে তাসা ইন্ডিপেনদেন্সিয়াও জিতেছিলেন ব্রিতো। এই তারকার অবদান উল্লেখ করে সামির জাউদ আরও বলেন, ‘আমাদের দেশের এই মহান তারকাকে আমি শ্রদ্ধা জানাই। তার লড়াকু মানসিকতা ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রেরণা জোগাবে।’

    পেলে, তোস্তাও, রিভেলিনোদের সতীর্থ ব্রিতোর বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিলের ফুটবল ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল সোনালি অধ্যায়ের অবসান ঘটল। ফুটবল মাঠের এই লড়াকু সৈনিক ট্রফি জয়ে যেমন অবদান রেখেছিলেন, তেমনি রেখে গেলেন কোটি ভক্তের ভালোবাসা ও শ্রদ্ধা।

  • অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট সরকারের বড় সুযোগ: সিপিডি

    অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট সরকারের বড় সুযোগ: সিপিডি

    জেভি২৪ ডেস্ক 

    ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নতুন সরকারের জন্য অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম বড় সুযোগ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি মনে করে, টেকসই কাঠামোগত সংস্কারের মাধ্যমে এই বাজেট বাস্তবায়ন করা গেলে সংকটে থাকা অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে।

    শুক্রবার (১২ জুন) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

    সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন বলেন, “নতুন সরকারের এই প্রথম বাজেটটি এমন এক সময় পেশ করা হয়েছে, যখন দেশ উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, কর্মসংস্থানহীনতা এবং ব্যাংকিং খাতের নাজুক অবস্থার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রিটিক্যাল সময়ে বাজেটকে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করার যে দর্শন নেওয়া হয়েছে, তা ইতিবাচক।”

    সিপিডির মতে, প্রস্তাবিত বাজেটের লক্ষ্যগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহারের অনেক মিল রয়েছে। বিশেষ করে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বাজেটের সাফল্য এর বিশাল আকারের ওপর নয়, বরং বাস্তবায়নের দক্ষতার ওপর নির্ভর করবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

    ফাহমিদা খাতুন আরও উল্লেখ করেন, বাজেটের লক্ষ্য অর্জনে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও যদি বাস্তবায়ন দুর্বল হয়, তবে সাধারণ মানুষ এর সুফল পাবে না।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও বৈদেশিক ঋণের ওপর সরকারের নির্ভরশীলতা বাড়তে পারে, যা অর্থনীতির জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

    সিপিডির পর্যালোচনায় আরও উঠে আসে যে, আগামী অর্থবছরের জন্য মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার যে লক্ষ্য ধরা হয়েছে, তা অর্জন করা বর্তমান প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিং হবে। তবে সরকার যদি কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

    সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় পৌঁছেছেন

    ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় পৌঁছেছেন

    জেভি২৪ ডেস্ক 

    ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন।

    শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি।

    স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ঢাকায় আসার কথা রয়েছে তার।

    দীনেশ ত্রিবেদী বিদায়ি হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

    গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    গত ৫৫ বছরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি।

    দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে ভারত সরকার।

  • সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

    সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

    জেভি২৪ ডেস্ক 

    সরকারি আবাসন পরিদপ্তর, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা ও ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার।

    এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।

    একই সঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তিনি ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

    অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

    ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

    অন্যদিকে বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

    এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। এ জন্য তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

    এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। এ জন্য তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৭ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় তিনি সেদিন থেকেই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

    রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে। তাকেও ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

    অন্যদিকে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    তাকে আগামী ১৬ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনিও স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

  • এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে জায়গা পেলেন ৬ নেতা

    এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে জায়গা পেলেন ৬ নেতা

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদে (পলিটিকাল কাউন্সিল-পিসি) নতুন করে যুক্ত হলেন ছয়জন নেতা। এনিয়ে এই কমিটির সদস্য সংখ্যা ১৮ জনে গিয়ে ঠেকল। পিসি কমিটিকে দলটির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

    নতুন পিসি সদস্য হয়েছেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

    বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উক্ত ছয় কেন্দ্রীয় সদস্য রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন।

    সম্প্রতি দুই সংসদ সদস্য যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে পিসিতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের আগে যে ১০ জন পিসি সদস্য ছিলেন তারা হলেন আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।