Author: Jvadmin

  • হামে কুমিল্লায় আরও ১ শিশুর মৃত্যু

    হামে কুমিল্লায় আরও ১ শিশুর মৃত্যু

     

    কুমিল্লা প্রতিনিধি 

    কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম সিমরান (৬ মাস)। সে কুমিল্লা নগরীর নুরপুর এলাকার বাসিন্দা মো. শিমুল মিয়ার কন্যা। এই সর্বশেষ মৃত্যুর ঘটনায় জেলায় হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ জুন হামের উপসর্গ নিয়ে সিমরানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক ডা. মিয়া মঞ্জুর আহমেদ।

    চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের নিয়মিত ও সময়মতো টিকা গ্রহণ না করানো এবং অভিভাবকদের অসচেতনতার কারণেই মূলত হামে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। তবে আশার কথা হলো, আগের তুলনায় বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে।

    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৩০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে যথাযথ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫৮৭ জন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    সিভিল সার্জন কার্যালয় ও চিকিৎসকরা শিশুদের সময়মতো হাম-রুবেলা (এমআর) টিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি শিশুদের শরীরে তীব্র জ্বর, ফুসকুড়ি বা র‍্যাশ, কাশি কিংবা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

  • টেকনাফে র‍‍্যাব-১৫ এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    টেকনাফে র‍‍্যাব-১৫ এর অভিযানে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

     

    কক্সবাজার প্রতিনিধি 

    কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

    রবিবার (৭ জুন) র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেফতার হওয়া ব্যক্তি মো. আফছার (২৭)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়ার বদিউর রহমানের ছেলে।

    র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আফছার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় ২০১৫ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত আফছারকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

    গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বগুড়া-নাটোর মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে চালকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

    বগুড়া-নাটোর মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে চালকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

     

    বগুড়া প্রতিনিধি

    বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বগুড়া-নাটোর মহাসড়কে অটোরিকশা রেখে চালকেরা বিক্ষোভ করেন।

    আজ রবিবার বেলা ১০ টা থেকে বেলা ১২ টা পযন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুরে বগুড়া-নাটোর মহাসড়কে প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় অটোরিকশাচালকেরা।

    তবে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, কোনো সিএনজি থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়া সত্যতা নেই।তবে কোন পুলিশ এ কাজে জড়িত থাকে তাহলে আমারা প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

  • ঈদের ছুটি কাটিয়ে প্রাণচাঞ্চল্যে ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

    ঈদের ছুটি কাটিয়ে প্রাণচাঞ্চল্যে ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

     

    ববি প্রতিনিধি

    পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ থেকে পুনরায় খুলছে বরিশাল বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ছুটি কাটিয়ে শিক্ষার্থীরা ধীরে ধীরে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। ফলে আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক পরিবেশ।

    বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে নির্ধারিত ছুটি শেষে আজ থেকে নিয়মিত ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন শেষে ক্যাম্পাসে ফিরছেন। ইতোমধ্যে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

    দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা, আড্ডা ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে বিশ্ববিদ্যালয়। বন্ধুদের সঙ্গে পুনর্মিলন এবং নতুন উদ্যমে শিক্ষাজীবন শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেক শিক্ষার্থী।

    বরিশাল বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ক্যচিং মগ সিদ্ধার্থ বলেন, ঈদ প্রধানত মুসিলমদের উৎসব হলে ও ভার্সিটি সব ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছেও এটি একটি পারিবারিক মিলনমেলা উৎসব।কারণ ঈদের দীর্ঘ ছুটি জন্য সবাই ক্যাম্পাস ছেড়ে নিজেদের পরিবারে সাথে সময় কাটায়।প্রায় ২০ দিনের মতো ঈদের ছুটি পর আজ বিশ্ববিদ্যালয়ে সকল প্রসাশনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।অনেক দিন পর ক্যাম্পাসে বন্ধুবান্ধবদের সাথে দেখা,ক্লাস,আড্ডা সবকিছুই মিলিয়ে অনুভূতি সত্যি প্রাণবন্ত ও উজ্জীবিত।চেনা পরিচিত মানুষজন ও শিক্ষা পরিবেশ আমার অনুভূতিকে আরো গভীরভাবে প্রভাবিত করেছে।এই যে নিজেদের পরিবার ছেড়ে ক্যাম্পাসে নিজেকে মানিয়ে নেওয়া,আরেকটা পরিবার মনে করা সত্যি এইটা পরিবারে বন্ধন থেকেও কম নয়।তাই আমি মনে করি,অনুভূতি শুধু একটি শব্দ নয় এটি না বলার ব্যাখ্যা,আত্মিক প্রশান্তি ও মনের স্থায়িত্ব বহিঃপ্রকাশ।

    ববির আরেক শিক্ষার্থী সিফাত বলেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার পর আবার ক্যাম্পাসে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দীর্ঘ ছুটির পর বন্ধুদের সঙ্গে দেখা হবে এবং নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে পারব। আশা করছি, সামনের সেমিস্টারের কার্যক্রম সুন্দরভাবে এগিয়ে যাবে।

    ঈদের আনন্দ ও পারিবারিক সময় কাটিয়ে শিক্ষার্থীদের প্রত্যাবর্তনে আবারও সরব হয়ে উঠছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

  • শরীয়তপুর রহস্যজনক তাপে আতঙ্ক স্থানীয়রা, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

    শরীয়তপুর রহস্যজনক তাপে আতঙ্ক স্থানীয়রা, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

     

    শরীয়তপুর প্রতিনিধি 

    শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ওঠার ঘটনায় স্থানীয় বাসিন্দা, রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্দিষ্ট স্থানে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে।

    শনিবার (৬ জুন) বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের একটি দল পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশ সড়কের একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হচ্ছে। বিষয়টি জানাজানি হলে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে সম্ভাব্য বিস্ফোরণ বা অন্য কোনো দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই এলাকায় মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত তাপের উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

    গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান মিয়া বলেন, প্রথমে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

    গোসাইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বিদ্যুতের কোনো ত্রুটি বা লিকেজের প্রমাণ পাওয়া যায়নি। তবুও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ করেছি। উত্তপ্ত স্থানে বারবার পানি দিয়েও তাপমাত্রা স্বাভাবিক করা সম্ভব হয়নি। মাটির নিচ থেকেও তাপ অনুভূত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে তাপের উৎস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত তদন্ত প্রয়োজন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান বলেন, রহস্যজনক এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টির কারণ অনুসন্ধান করা হবে।

  • খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    জেভি২৪ ডেস্ক 

    ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

    স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

    তিনি আরও বলেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

     

  • রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক সমন্বয় জোরদারের লক্ষ্যে রাশিয়ার মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিন দিনের সরকারি সফরে তিনি রওনা হন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

    জানা গেছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো খাতে চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে।

    বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে সহযোগিতার অগ্রগতি এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও আর্থিক দিকগুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় আসতে পারে।

    সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষার মতো বিষয়গুলোতে দুই দেশের অবস্থান ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

    সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

    প্রায় সাত বছর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকা সফর করেন।

  • আজ সংসদের বাজেট অধিবেশন বসছে

    আজ সংসদের বাজেট অধিবেশন বসছে

    জেভি২৪ ডেস্ক 

    ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন আজ (রোববার) থেকে শুরু হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্ষমতায় আসার পর বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন এটি।

    রোববার (৭ জুন) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

    আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা এমপিদের আলোচনা শেষে ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে।

    বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে বাজেট অধিবেশন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকে এই প্রস্তুতি শুরু হয়।

    চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে পাঁচটি স্থায়ী কমিটি এবং দুটি বিশেষ কমিটি গঠিত হয়।

  • মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

    মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস ও এনড্রিক। মিসরের একমাত্র গোলটি করেন জিকো।

    হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। এর ফলও পায় দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটে মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে এগিয়ে দেন।

    তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ব্রাজিল। চার মিনিট পরই মার্কুইনহোসের ভুল পাসের সুযোগ নিয়ে জিকো গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোল পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

    বিরতির পর একাধিক পরিবর্তন এনে দলকে আরও গতিময় করে তোলেন আনচেলত্তি। এর সুফলও আসে দ্রুত। ম্যাচের ৫১ মিনিটে রাফিনহার নিচু ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এনড্রিক। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল।

    গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও লুইজ হেনরিক একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। অন্যদিকে শেষ দিকে মোহাম্মদ সালাহকে মাঠে নামিয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় মিসর। তবে ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ় থাকায় আর কোনো গোল পায়নি আফ্রিকান প্রতিনিধিরা।

    ম্যাচটিতে ৬৪ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কে মাঠে নামিয়ে বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেন।

    এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের মূল পর্বে যাত্রা শুরু করবে ব্রাজিল।

  • মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

    মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

    জেভি২৪ ডেস্ক 

    নোয়াখালীর সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

    শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে একই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।

    কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা খবর পান, কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করছেন। পরে কর্মসূচি শেষে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে তারা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখেন। এ সময় মিছিলকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।

    একপর্যায়ে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার ঘোষণা দেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন।

    পরবর্তীতে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

    জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, ‘চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।’

    সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশর‍‍্যাব সদস্যরা রয়েছেন।’