Author: Jvadmin

  • রং মিশিয়ে লাল তিল কে কালো করায় দুই ব্যবসায়ী কে ৩ লক্ষ টাকা জরিমানা

    রং মিশিয়ে লাল তিল কে কালো করায় দুই ব্যবসায়ী কে ৩ লক্ষ টাকা জরিমানা

    রাজবাড়ী প্রতিনিধি 

    রাজবাড়ীর বালিয়াকান্দিতে কালো রং মিশিয়ে লাল তিলকে কালো তিল করার দায়ে দুই ব্যবসায়ী কে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। টাকা পরিশোধ না করায় অভিযুক্তদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

    মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়ায় অভিযুক্তদের বসত বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।এ সময় রং মেশানো ২২ বস্তা কালো তিল ও কৌটার রং জব্দ বিনষ্ট করা হয়।

    অভিযুক্তরা হলেন আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাস।তারা উভয়ই তিল ব্যবসায়ী। অভিযোগ রয়েছে তারা দীর্ঘদিন ধরে রং মিশ্রিত করে ভেজাল তিল তৈরি করে আসছিলো।

    ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবুবক্কর সিদ্দিক, নিরাপদ খাদ্য অফিসার মো: আসিফুর রহমান,উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: পনিরুজ্জামান।অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল।

  • মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

    মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

    জেভি২৪ ডেস্ক 

    দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা করা শুরু হবে। হিসাব অনুযায়ী, আগামী ২৬ জুন পবিত্র আশুরা পালিত হবে।

    মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান।

    ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

    সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. খোরশেদ আলম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার (১৬ জুন) জারিকৃত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, চেয়ারম্যান হিসেবে তার কার্যকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।

    এ ছাড়া প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।

    আফরোজা আব্বাস হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতি উপদেষ্টা মির্জা আব্বাসের (এমপি) স্ত্রী। বর্তমানে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

  • ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ২২০১ মামলা ডিএমপির

    ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনেই ২২০১ মামলা ডিএমপির

    জেভি২৪ ডেস্ক 

    সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানী বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে এক দিনেই ২,২০১টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। আজ মঙ্গলবার (১৬ জুন) ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (১৫ জুন) রাজধানীর আটটি ট্রাফিক বিভাগ একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মামলা দায়েরের পাশাপাশি মোট ৪৩৩টি গাড়ি ডাম্পিং এবং ৩১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

    গতকালকের অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ৮টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা করা হয়েছে। সবচেয়ে বেশি ৪৪৬টি মামলা হয়েছে ট্রাফিক-মতিঝিল বিভাগে, যার মধ্যে রয়েছে ১১টি বাস, ২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ১০৩টি সিএনজি ও ২৪৪টি মোটরসাইকেল। এছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬টি বাস, ২০টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ৩৬টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা দায়ের করা হয়।

    অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২০০টি মামলা এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি এবং ২৪১টি মোটরসাইকেলসহ মোট ৪০৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৪৩৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

    ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ডিএমপির এই চিরুনি অভিযান ও আইনি তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • স্থানীয় সরকার নির্বাচন শুরু সেপ্টেম্বর বা অক্টোবরে: মির্জা ফখরুল

    স্থানীয় সরকার নির্বাচন শুরু সেপ্টেম্বর বা অক্টোবরে: মির্জা ফখরুল

    জেভি২৪ ডেস্ক 

    চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

    মঙ্গলবার (১৬ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের অষ্টম দিনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। লিখিত প্রশ্নে সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন আয়োজনের বিষয়ে মন্ত্রণালয়ের পরিকল্পনা কী?

    জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘চলতি বছরের বর্ষা মৌসুম শেষে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।’

    মন্ত্রী আরও বলেন, ‘বাজেটের প্রাপ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।’

    তিনি বলেন, ‘নির্বাচন আয়োজনের আর্থিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

    মন্ত্রী বলেন, ‘নির্বাচন আয়োজনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছে। নতুন অর্থবছর শুরু হলে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করবে।’

  • দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর; কারাগারে প্রেরণ

    দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে শিবির নেতা জিসান, জামিন নামঞ্জুর; কারাগারে প্রেরণ

    কুমিল্লা প্রতিনিধি

    ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান মিয়াকে (২৮) দুই ঘণ্টার নাটকীয়তার পর আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    মঙ্গলবার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করেন এবং জিসানকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

    এর আগে জিসান মিয়া সুস্থ না অসুস্থ এ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ড বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে সুস্থ বলে মতামত দেয়। এরপর মঙ্গলবার দুপুরে হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

    কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান জানান, মেডিকেল বোর্ডের পরীক্ষা-নিরীক্ষার ফলাফলে জিসানকে সুস্থ পাওয়া গেছে। এ কারণে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।

    হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও দুপুরে আদালতে হাজির করার কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতে নিয়ে আসেন। পুলিশ ও ডিবির কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় তাকে।

    আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “পুলিশ যেভাবে আসামিকে আদালতে নিয়ে এসেছে, তা সঠিক প্রক্রিয়ায় হয়নি। প্রায় দুই ঘণ্টা ধরে হাসপাতাল থেকে আদালতে আনার বিষয়টি নিয়ে নাটকীয়তা করা হয়েছে। পরে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তাকে সরাসরি বিচারকের কক্ষে নেওয়া হয়। আমরা জামিন আবেদন করেছিলাম, কিন্তু আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

    উল্লেখ্য যে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগের মামলায় গত শুক্রবার রাতে জিসানকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ওই ছাত্রশিবির নেতা নিজেকে ‘অসুস্থ দেখিয়ে’ পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এত দিন। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হলেও আদালতে প্রেরণ করেনি পুলিশ। এর আগে দাউদকান্দি থেকে কথিত নিখোঁজ হওয়ার এক দিন পর শুক্রবার রাত পৌনে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ‘অচেতন’ অবস্থায় জিসানকে উদ্ধার করা হয় বলে দাবি করে পরিবার। পরে ওই দিন রাতেই চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান সংবাদ সম্মেলন করে জানান , জিসানকে কেউ অপহরণ করেনি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।

  • সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

    দিনাজপুর প্রতিনিধি

    সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে দিনাজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১টায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর অন্তর্ভুক্ত সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর-এর উদ্যোগে নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান। সংগঠনের সহ-সভাপতি ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন, সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান, আসক ফাউন্ডেশনের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল আলম, সদস্য মো. ইসমাইল হোসেন, মো. নূর ইসলাম নয়ন, মিজানুর রহমান মিজান, বেলাল হোসেন রাজু, জাহিদ হোসেন, তহমিনা বেগম, লাইছুর রহমান, ফটো সাংবাদিক মো. নূর ইসলাম প্রমুখ।

    সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি অধ্যাপক সাদাকাত আলী খান বলেন, ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন বাকশাল সরকার মাত্র চারটি পত্রিকা রেখে দেশের সকল সংবাদপত্র বন্ধ করে স্বাধীনতা সাংবাদিকতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করেছিল বর্তমান সময়েও ভিন্ন আঙ্গিকে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চলছে। দৈনিক আমার দেশ’সহ দেশের জনপ্রিয় গণমাধ্যমগুলো বন্ধ করে যে চরম ফ্যাসিবাদের পরিচয় দেওয়া হয়েছিল, দেশের আপামর জনগণ তা ভুলে যায়নি। তিনি অবিলম্বে দেশের সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান।

    সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের প্রধান স্তম্ভ।যখনই কোনো সৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে,তারা প্রথম আঘাত করে গণমাধ্যমের ওপর। ১৯৭৫ সালের ১৬ জুনের কালো দিনটিকে স্মরণ করে আজ আমাদের যেকোনো মূল্যে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার ও রুটি-রুজির আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

    সংগঠনের অর্থ সম্পাদক আব্দুস সালাম তার সংক্ষিপ্ত ও বলিষ্ঠ বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া একটি সৈরাচারমুক্ত গণতান্ত্রিক সমাজ কল্পনা করা যায় না। গণমাধ্যমের হাত বেঁধে দিয়ে কখনো রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

  • বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযান একজনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড

    বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী অভিযান একজনকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড

    বগুড়া প্রতিনিধি

    বগুড়ার গাবতলী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।

    মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পরিচালিত এ অভিযানে ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

    গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মাসুদ (৩৫)। তিনি গাবতলী উপজেলার পূর্বপাড়া এলাকার বাসিন্দা।

    অভিযানকালে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

    এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, “মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এই অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • রামুতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান; ইউএনও

    রামুতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে তথ্য পৌঁছে দেওয়ার আহ্বান; ইউএনও

    এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার

    কক্সবাজারের রামু উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। তাঁর নেতৃত্বে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নিরাপদ, নিয়মিত ও দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে ব্যাপক সচেতনতা তৈরির উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে।

    সম্প্রতি প্রত্যাশী বাস্তবায়িত স্ট্রেনদেন্ড অ্যান্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্পের উপজেলা পর্যায়ের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জিল্লুর রহমান বলেন, “অভিবাসন আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। জনপ্রতিনিধিরা যদি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেন, তাহলে প্রান্তিক মানুষ সহজেই সরকারি সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা লাভ করবে।”

    অনুসন্ধানে দেখা যায়, রামু উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও জিল্লুর রহমান জনসচেতনতা, সুশাসন ও নাগরিকসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সরকারি সেবার আওতায় আনার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

    অভিবাসন খাতে দালালচক্র ও প্রতারণার কারণে প্রতিবছর বহু মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ বাস্তবতায় নিরাপদ অভিবাসন বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং গণমাধ্যম কর্মীদের সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, ইউএনও জিল্লুর রহমানের নির্দেশনা ও সহযোগিতার ফলে ইউনিয়ন পর্যায়ে অভিবাসন সংক্রান্ত তথ্যসেবা সম্প্রসারণ সহজ হবে। এতে বিদেশগামী কর্মীরা সঠিক তথ্য পেয়ে প্রতারণার ঝুঁকি থেকে রক্ষা পাবেন।
    সচেতন মহল মনে করছে, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রশাসনের এমন সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতে আরও ইতিবাচক ফল বয়ে আনবে। বিশেষ করে ইউএনও জিল্লুর রহমানের মতো দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্যোগে সরকারি সেবা জনগণের আরও কাছাকাছি পৌঁছাবে এবং অভিবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠা সহজতর হবে।

    রামু উপজেলায় জনকল্যাণমুখী প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইউএনও জিল্লুর রহমানের এই ভূমিকা স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে এবং তাঁকে একজন জনবান্ধব প্রশাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

  • ওএমএসের চাল-আটা অবৈধ মজুদের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

    ওএমএসের চাল-আটা অবৈধ মজুদের অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

    দলীয় সূত্র জানায়, গত পাঁচ দিন আগে (১২ জুন) পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

    এছাড়া দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

    চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।