Author: Jvadmin

  • খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    জেভি২৪ ডেস্ক 

    ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

    স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

    তিনি আরও বলেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

     

  • রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    দ্বিপক্ষীয় আলোচনা ও কূটনৈতিক সমন্বয় জোরদারের লক্ষ্যে রাশিয়ার মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে তিন দিনের সরকারি সফরে তিনি রওনা হন। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

    জানা গেছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। ওই বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং অবকাঠামো খাতে চলমান প্রকল্পগুলো নিয়ে আলোচনা হবে।

    বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে সহযোগিতার অগ্রগতি এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ও আর্থিক দিকগুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ও আলোচনায় আসতে পারে।

    সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষার মতো বিষয়গুলোতে দুই দেশের অবস্থান ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

    সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে তার ভূমিকা নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

    প্রায় সাত বছর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি মস্কো সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকা সফর করেন।

  • আজ সংসদের বাজেট অধিবেশন বসছে

    আজ সংসদের বাজেট অধিবেশন বসছে

    জেভি২৪ ডেস্ক 

    ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশন আজ (রোববার) থেকে শুরু হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশের ক্ষমতায় আসার পর বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন এটি।

    রোববার (৭ জুন) বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হবে।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

    আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যা এমপিদের আলোচনা শেষে ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে।

    বাজেট অধিবেশন সাধারণত দীর্ঘ হয়। অধিবেশন কত দিন চলবে, তা অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য–উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে বাজেট অধিবেশন ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদ অধিবেশন আহ্বানের পর থেকে এই প্রস্তুতি শুরু হয়।

    চলতি জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ থেকে ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। এই অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল ২৫টি। অধিবেশনে মোট ৯৪টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলি ছাড়াও প্রথম অধিবেশনে পাঁচটি স্থায়ী কমিটি এবং দুটি বিশেষ কমিটি গঠিত হয়।

  • মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

    মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে সেলেসাওদের হয়ে গোল করেন ব্রুনো গিমারায়েস ও এনড্রিক। মিসরের একমাত্র গোলটি করেন জিকো।

    হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। এর ফলও পায় দ্রুত। ম্যাচের সপ্তম মিনিটে মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস গোল করে দলকে এগিয়ে দেন।

    তবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ব্রাজিল। চার মিনিট পরই মার্কুইনহোসের ভুল পাসের সুযোগ নিয়ে জিকো গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর বলের দখল ও আক্রমণে আধিপত্য ধরে রাখলেও প্রথমার্ধে আর গোল পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

    বিরতির পর একাধিক পরিবর্তন এনে দলকে আরও গতিময় করে তোলেন আনচেলত্তি। এর সুফলও আসে দ্রুত। ম্যাচের ৫১ মিনিটে রাফিনহার নিচু ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এনড্রিক। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল।

    গোলের পরও আক্রমণ অব্যাহত রাখে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও লুইজ হেনরিক একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়ানো সম্ভব হয়নি। অন্যদিকে শেষ দিকে মোহাম্মদ সালাহকে মাঠে নামিয়ে সমতায় ফেরার চেষ্টা চালায় মিসর। তবে ব্রাজিলের রক্ষণভাগ দৃঢ় থাকায় আর কোনো গোল পায়নি আফ্রিকান প্রতিনিধিরা।

    ম্যাচটিতে ৬৪ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি স্কোয়াডের প্রায় সব খেলোয়াড়কে মাঠে নামিয়ে বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি সেরে নেন।

    এই জয়ের মধ্য দিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসরের মূল পর্বে যাত্রা শুরু করবে ব্রাজিল।

  • মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

    মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

    জেভি২৪ ডেস্ক 

    নোয়াখালীর সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

    শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে একই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।

    কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা খবর পান, কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করছেন। পরে কর্মসূচি শেষে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে তারা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখেন। এ সময় মিছিলকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।

    একপর্যায়ে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার ঘোষণা দেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন।

    পরবর্তীতে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

    জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, ‘চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।’

    সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশর‍‍্যাব সদস্যরা রয়েছেন।’

  • বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ঢাকায় ‘সমর্থক সাইকেল শোভাযাত্রা’

    বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ঢাকায় ‘সমর্থক সাইকেল শোভাযাত্রা’

    স্টাফ রিপোর্টার

    আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বিশ্বকাপ সমর্থক সাইকেল শোভাযাত্রা-২০২৬’। রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দূরন্ত বাই-সাইকেলের সহযোগিতায় আগামী ৫ জুন, শুক্রবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।

    আয়োজকরা জানিয়েছেন, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর আনন্দ, উৎসব ও উন্মাদনা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ বিশেষ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় বিশ্বকাপের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা অংশ নেবেন।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-এর বেশি সাইকেল আরোহী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম হিসেবে সাইকেলের ব্যবহার জনপ্রিয় করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

    তারা আরও জানান, ক্রীড়া চর্চা, সুস্বাস্থ্য, সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই শোভাযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারার প্রতি আগ্রহ তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ এবং আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পল।

    আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এই ব্যতিক্রমধর্মী সাইকেল শোভাযাত্রা ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বিশ্বকাপ উৎসবের আমেজকে আরও বেগবান করবে।

  • চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই

    চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই

    স্টাফ রিপোর্টার

    প্রবীণ চলচ্চিত্র সাংবাদিক আসলাম ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। দীর্ঘ প্রায় এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

    আসলাম ইকবালের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন চলচ্চিত্র ও সাংবাদিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। তিনি চিরকুমার ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

    ১৯৬৯ সালের ১২ ডিসেম্বর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন আসলাম ইকবাল। প্রায় তিন দশক ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি সাপ্তাহিক ছায়ালোক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    পেশাগত জীবনে তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি (সিডাব), বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ফোরাম এবং এসএসসি ’৮৪ ব্যাচের সক্রিয় সদস্য ছিলেন।

    বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি সামসুল আলম শোক প্রকাশ করে বলেন, “আসলাম ইকবাল অত্যন্ত বিনয়ী ও সজ্জন একজন সাংবাদিক ছিলেন। চলচ্চিত্রাঙ্গনের সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

    বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, “আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। বাচসাস পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করছি।”

    চলচ্চিত্র সাংবাদিকতায় দীর্ঘদিনের অবদানের জন্য আসলাম ইকবাল সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

  • টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, ৯ মানব পাচারকারী আটক

    টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, ৯ মানব পাচারকারী আটক

     

    কক্সবাজার প্রতিনিধি

    মানব পাচারকারী কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

    শনিবার (৬ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

    কোস্ট গার্ড সূত্র জানায়, সমুদ্রপথে মানব পাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হন।

    আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

    উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফ এলাকায় নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো এবং মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটে। পাচারকারীরা তাদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

    কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক মানব পাচারকারী ও বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

    এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন টেকনাফ স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী (এক্স), বিএন।

    বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

    উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

     

    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার যাত্রীদের এ হতাহতের ঘটনা ঘটে।

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলাচল করছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির শাহ আলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন।

    দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
    দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    লাকসাম ক্রসি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসাও চলছে। এ ধরনের দুর্ঘটনা রোধে মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

    বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

     

    জেভি২৪ ডেস্ক 

    দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের সাতজন সাংবাদিক। শনিবার রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    প্রিন্ট বিভাগে পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টারের সুকান্ত হালদার, দ্য ডেইলি সানের রফিকুল ইসলাম ও এম মুনির হোসেন। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪-এর দেলোয়ার হোসেন দোলন ও একাত্তর টিভির রাকিব হোসেন। অনলাইন বিভাগে পুরস্কার পেয়েছেন জাগো নিউজ ২৪-এর নাজমুল হোসেন ও একুশে পত্রিকা ডটকমের শরিফুল রুকন।

     

    বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল ।

    দেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতে অবদান রাখা সাংবাদিকদের সম্মাননা জানাতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রবর্তন করেছে দেশের কৃষি প্রক্রিয়াজাত শিল্পে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। এ উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্পখাতের ওপর প্রিন্ট, টেলিভিশন এবং অনলাইন বিভাগে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের জুরিবোর্ডের মূল্যায়নের মাধ্যমে সেরা সাত সাংবাদিককে নির্বাচিত করা হয়। জুরিবোর্ডের সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বোম্বে সুইটস এন্ড কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার খুরশিদ আহমেদ ফরহাদ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আউটরিচ ও কমিউনিকেশন পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

    জহির উদ্দিন স্বপন বলেন, “জাতীয় উন্নয়নের অংশ হিসেবে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতকে এগিয়ে নিতে প্রাণ গ্রুপ সবসময় কাজ করে যাচ্ছে। এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এটি গণমাধ্যমের সঙ্গে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সংযোগ আরও জোরদার করবে, যা দেশের সার্বিক অগ্রগতির জন্য অত্যন্ত প্রয়োজন।”

    ইলিয়াছ মৃধা বলেন, “কৃষি প্রক্রিয়াজাত খাত অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। কৃষি নির্ভরশীল দেশে এ খাত সঠিক দিক নির্দেশনা পেলে দেশের অথনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারে ও পোশাক শিল্পের পর রপ্তানিতে বড় খাত হয়ে উঠতে পারে। বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্য সাংবাদিকদের বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো অন্বেষণে অনুপ্রাণিত করা। আমাদের এশিয়ানভুক্ত দেশ থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতো কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি নিয়ে কাজের দারুণ সুযোগ রয়েছে।”

    তিনি আরও বলেন, “কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের সাংবাদিকদের সম্মানিত করতে পেরে আমরা আজ অত্যন্ত আনন্দিত। সাংবাদিকরা আমাদের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। তাদের লেখনি সবসময় আমাদের এগিয়ে যেতে সহায়তা করেছে। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের উপর প্রতিবেদনে যেমন কৃষক উপকৃত হন, তেমনি দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের ব্যবসায়ীরাও উপকৃত হন, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যেতে ব্যাপক ভূমিকা রাখে। বাজারজাতকরণে ও রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো নিয়ে বিশেষ প্রতিবেদন করা হলে এ খাত উপকৃত হবে।”

    ভবিষ্যতেও ধারাবাহিকভাবে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে বলে জানান তিনি।
    ছবি : মোস্তাফিজুর রহমান মিন্টু