Author: Jvadmin

  • তরুণদের নেতৃত্বে সাইবার নিরাপত্তা সচেতনতা ও অনলাইন সহায়তায় কাজ করছে ‘RDCS CYBER OFFICIAL’

    তরুণদের নেতৃত্বে সাইবার নিরাপত্তা সচেতনতা ও অনলাইন সহায়তায় কাজ করছে ‘RDCS CYBER OFFICIAL’

    নিজস্ব প্রতিবেদক

    ডিজিটাল বাংলাদেশের ক্রমবর্ধমান অনলাইন কার্যক্রমের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন সমস্যাও বাড়ছে। এমন বাস্তবতায় অনলাইন হয়রানি, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের সহায়তায় কাজ করার দাবি নিয়ে এগিয়ে এসেছে RDCS CYBER OFFICIAL নামের একটি সাইবার টিম।

    সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন মোঃ আব্দুল্লাহ, মোঃ আশিক ইসলাম . মোঃ মিজানুর জনি এবং মোঃ রবিন ইসলাম। এছাড়া সংগঠনটির নারী শাখার নেতৃত্বে রয়েছেন মোঃ আয়াত রহমান

    টিম সূত্রে জানা যায়, বর্তমানে তাদের সঙ্গে প্রায় ১৫০ জন সক্রিয় সদস্য কাজ করছেন। পাশাপাশি আরিয়ান, আলভিসহ ১৫ জন প্রশাসনিক সদস্য (অ্যাডমিন) বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সম্প্রতি সাইবার বিষয়ে অভিজ্ঞতা ও প্রশিক্ষণপ্রাপ্ত আরও কয়েকজন টিম লিডার সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন।

    নতুন যুক্ত হওয়া সদস্যদের মধ্যে রয়েছেন দীপ চৌধুরী, মোঃ মেহেদি হাসান, মোঃ সাকিল, আব্দুর রহমান, মোঃ আলামিন, মোঃ আরিয়ান হাসান, মোঃ নাইম চৌধুরী, মোঃ আদি রহমান, মোঃ আব্দুল্লাহ ইভান এবং মোঃ মামুনুর রশিদ।

    সংগঠনটির দাবি, ২০২৫ সালে মাত্র দুই মাসের ব্যবধানে তারা প্রায় ৯০টি অনলাইন হয়রানি ও সাইবার সংশ্লিষ্ট অভিযোগ সমাধানে সহায়তা করেছে। এ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রশিক্ষণ ও সনদ অর্জন করেছেন তাদের সদস্যরা। টিমের সদস্যদের মধ্যে Google Certificate, Bangladesh Cyber Foundation Certificate এবং NSDA-এর বিভিন্ন প্রশিক্ষণ সনদ ও লাইসেন্সধারী সদস্য রয়েছেন বলে জানানো হয়।

    RDCS CYBER OFFICIAL-এর নেতারা জানান, তাদের মূল লক্ষ্য হলো একটি নিরাপদ, সচেতন ও ইতিবাচক ভার্চুয়াল পরিবেশ গড়ে তোলা এবং বাংলাদেশের সাইবার সক্ষমতাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

    তারা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, আইডি সংক্রান্ত জটিলতা, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং অনলাইন সমস্যার বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা দিতে তারা কাজ করে যাচ্ছেন।

  • ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

    ড্রেন পরিষ্কারে মিলছে পলিথিন ও প্লাস্টিক বোতল, জলাবদ্ধতা নিরসনে সচেতনতার আহ্বান

    কুমিল্লা প্রতিনিধি 

    কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসন ও বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুমিল্লা সিটি করপোরেশন। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের সময় ড্রেনের ভেতর থেকে বিপুল পরিমাণ পলিথিন, প্লাস্টিকের পানির বোতল, গৃহস্থালি বর্জ্য এবং জমাটবদ্ধ মাটি-বালু উদ্ধার হচ্ছে, যা পানি প্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে।

    সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন পরিষ্কারের সময় দেখা যায়, অনেকেই অসচেতনভাবে পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা ড্রেনে ফেলছেন। ফলে ড্রেনের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

    নগর পরিকল্পনাবিদ ও সচেতন মহল মনে করেন, শুধু অবকাঠামো উন্নয়ন বা ড্রেন সংস্কার করলেই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। তারা বলেন, জনগণ সচেতন হলে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেললে সিটি করপোরেশনের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

    এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে ড্রেন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজ নিয়মিতভাবে চলমান রয়েছে। তবে নাগরিকদের সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়। সবাইকে ড্রেন ও খালে বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।”

    সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমকে সামনে রেখে নগরীর গুরুত্বপূর্ণ ড্রেন, নালা ও পানি প্রবাহের পথগুলো পরিষ্কার করার বিশেষ কার্যক্রমও পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে।

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

    রাঙ্গামাটি প্রতিনিধি 

    রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-বিলাইছড়ি উপজেলায় ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’ (ওয়াইডিএসবি) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো.জাকির হোসেন। ওয়াইডিএসবি’র নির্বাহী পরিচালক তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা ও নীতি নির্ধারণী অফিসার অন্নিতা তঞ্চঙ্গ্যা,ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সুইসাইন মারমা,দিলু আরা বেগম, হেডম্যান বিমলী চাকমা, সুনিক জ্যোতি তালুকদার, মহিলা মেম্বার রিতা চাকমা, বলাকা রানী চাকমা, কল্প কার্বারী, ববিতা চাকমা, লাইন্সম্যান সাগর চাকমা প্রমূখ।

    বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে পার্বত্য অঞ্চলে এর প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের হার বৃদ্ধি, তীব্র পানি সংকট, ভূমিধস এবং কৃষিখাতে বিরূপ প্রভাব পড়ছে। এই সংকট মোকাবিলায় স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি পরিবেশবান্ধব কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা করা জরুরি। পাহাড়ি অঞ্চলে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ কর্মসূচি বৃদ্ধি, পানি সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনার আহ্বান জানান তারা।

    এছাড়াও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া এবং ব্যক্তি ও পরিবার ভিত্তিক সবাই এগিয়ে আসার আহবান করা হয়।

  • সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

    সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

    জেভি২৪ ডেস্ক 

    পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াৎ। অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন ও বিচার বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে আশিক রুবাইয়াৎ সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছিলেন।

    পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। আশিক রুবাইয়াৎ লিখেছেন, ‘আমাকে এ পদে কাজ করার সুযোগ দেয়ার জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু ব্যক্তিগত কারণে আমার পক্ষে এ পদে কাজ করা আর সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমি সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ হতে আজ পদত্যাগ করছি।’

    পদত্যাগের বিষয়ে আশিক রুবাইয়াৎ গণমাধ্যমকে বলেন, ‘গত ১১ জুন থেকে বিদেশে ছিলাম। সোমবার দেশে এসে পদত্যাগের চিঠি দিয়েছি।’

    আশিক রুবাইয়াতের পদত্যাগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাইলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে তিনি তার পদত্যাগপত্র দিয়েছেন।

  • কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বাথরুমের অপরিচ্ছন্নতায় ক্ষোভ

    কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, বাথরুমের অপরিচ্ছন্নতায় ক্ষোভ

    স্টাফ রিপোর্টার

    কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন।

    পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান তিনি।

    পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই সফর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

     

  • শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফরে গিয়ে বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুরে সিলেট থেকে সড়কপথে শ্রীমঙ্গলে পৌঁছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আওতায় শ্রীমঙ্গলের একটি গ্রামের ১৫৫ জন উপকারভোগীর মধ্যে কার্ড বিতরণ শুরু হয়।

    এ ছাড়া বিভিন্ন জটিল রোগে আক্রান্ত কয়েকজন রোগীর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার কর্মসূচিও রয়েছে। একইসঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য, শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, অসহায় ও গৃহহীন মানুষের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

    চা-শ্রমিকদের আবাসন সুবিধা উন্নয়নের লক্ষ্যে কয়েকজনের হাতে আবাসন সহায়তার বরাদ্দপত্রও তুলে দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। মাঠজুড়ে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের উপস্থিতি দেখা যায়।

    স্থানীয় রাজনৈতিক নেতারা আশা করছেন, অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হবে। তাদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর এলাকায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

    সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে বিকেলে মৌলভীবাজার থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

  • কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আবেদন শুরু

    কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আবেদন শুরু

    সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি

     

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)’-এ এক সেমিস্টারের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন শুরু হয়েছে। এ মাসের ২৮জুন অবধি চলবে আবেদন প্রক্রিয়া।

    বুধবার (১৭ জুন) আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) অংশীদার প্রতিষ্ঠান ইউনিমাসে এই শিক্ষার্থী বিনিময় কর্মসূচিতে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। ২৮ জুন রাত ১২ অবধি আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

    বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, অন্তত প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন হতে হবে এবং ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে। এছাড়া আবেদনকারীদের অ্যাকাডেমিক ফলাফলের পাশাপাশি ইংরেজি ভাষায় ভাষাগত যোগ্যতার ক্ষেত্রে আবেদনকারীর আইইএলটিএস ৫, টোফেল আইবিটি ৪২, পিটিই ৪৭, কেমব্রিজ ১৫৪, সিইএফআর বি১ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ইংরেজি মাধ্যমে অধ্যয়নের সনদ (মিডিয়াম অব ইনস্ট্রাকশন–এমওআই) এর যেকোনো একটি থাকতে হবে।

    আবেদন করতে আগ্রহীদের পূরণকৃত আবেদনপত্র এবং যাচাই তালিকায় উল্লিখিত প্রয়োজনীয় সব নথি একত্রে একটি পিডিএফ ফাইল আকারে ই-মেইলে (info@cou.ac.bd) পাঠাতে হবে। ই-মেইলের বিষয় হিসেবে “ইউনিমাস আবেদন” উল্লেখ করতে হবে।

    এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থী বিনিময় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের অ্যাকাডেমিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের একটি নেটওয়ার্ক তৈরি হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের বিকাশের একটি নতুন সুযোগ সৃষ্টি হয়।

    তিনি আরো বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এ ধরনের কর্মসূচি এখনও নতুন। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের এ বিষয়ে পরিচিত করে তুলতে এবং তাদের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের সুযোগ করে দিতে কাজ করছি। এর আগে তুরস্কের বিএসপি প্রোগ্রামে শিক্ষকসহ পাঁচজনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছিল। মালয়েশিয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো কোটা দেওয়া হয়নি; আবেদন চাওয়া হয়েছে। আমরা প্রাথমিক বাছাই শেষে যোগ্য শিক্ষার্থীদের আবেদন পাঠাব।’

    তিনি বলেন, ‘এই কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুধু অ্যাকাডেমিক শিক্ষা নয়, বরং মালয়েশিয়ার সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা ও সামাজিক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। ফলে এটি তাদের ব্যক্তিগত ও পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সহায়তা করবে। এক অর্থে, এটি শিক্ষার্থীদের জন্য নতুনভাবে পৃথিবীকে দেখার একটি জানালা খুলে দেবে।’

  • মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

    মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    ফ্যামেমি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছান।

    বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জিকে গউছ, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তারা।

    এছাড়াও অন্যান্য আসনের সংসদ সদস্য ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

    পরে সেখান থেকে তিনি মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। মৌলভীবাজার পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে শ্রীমঙ্গল যাবেন। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

    এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো মৌলভীবাজারকে নিরাপত্তা ব্যবস্থায় ঢেকে ফেলা হয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।

    গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের রাস্তাঘাট থেকে শুরু করে প্রয়োজনীয় অবকাঠামো ঝেড়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। সার্কিট হাউস, জেলা জজ আদালত, মৌলভীবাজার পৌরসভা ভবন সহ সরকারি বিভিন্ন স্থাপনা পরিষ্কার ও রঙ করা হয়। সড়কের ব্রীজ-কালভার্টে লাল-সাদা রঙে রাঙিয়েছেন মিস্ত্রিরা। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ বুঝে নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স।

  • সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।

    বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

    সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল এবং পরে দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের অন্যতম কর্মসূচি হিসেবে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

    পরবর্তীতে বিকেলে দুসাই রিসোর্টে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কিছু সময় অবস্থানের পর একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজারজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।

  • ইবিতে বিশ্বকাপ স্পেশাল রম্যবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইবিতে বিশ্বকাপ স্পেশাল রম্যবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ইবি প্রতিনিধি 

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক রম্যবিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

    ‘বিশ্বকাপ স্পেশাল ২০২৬’ শীর্ষক এ আয়োজনে বিতর্কের বিষয় ছিল, “এই ফুটবল বিশ্বকাপে দল হিসেবে আমরাই সেরা”।

    অনুষ্ঠানে হল ডিবেটিং সোসাইটির সভাপতি মুহা. শোয়াইব বিন আছাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাবিব হোসেন ইফতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. সেলিম রেজা, বিশেষ অতিথি হিসাবে হল ডিবেটিং সোসাইটির উপদেষ্টা ও সাবেক সভাপতি রায়হান বিশ্বাস উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের সমর্থিত দল আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও জার্মানিকে সেরা প্রমান কোরতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

    আয়োজকরা জানান, ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে এ ব্যতিক্রমী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের সমর্থক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।