Author: Jvadmin

  • বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

    বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

    বৃহস্পতিবার (১৮ জুন) বিরোধীদলীয় নেতার সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল।

    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর সহকারী পরিচালক মুহা. শফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বৈঠক ইমরান হায়দার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে।

    বৈঠকে গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষামেলার সাফল্য সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে হাইকমিশনারের পক্ষ থেকে অবহিত করা হয়।

    হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করবে। ইতোমধ্যে ৭৪ জন পাকিস্তানে গমন করেছেন। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলমান রয়েছে। চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

    এ ছাড়াও একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান হাইকমিশনার।

    আলোচনার একপর্যায়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি সম্পাদনে ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

    বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

  • হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

    হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক 

    মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই ফিফা থেকে সুখবর পেয়েছে ব্রাজিল। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে ওঠেছে নেইমারদের দল।

    বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। বিপরীতে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

    মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে সেলেসাওরা। একইভাবে ব্রাজিলের বিপক্ষে ড্র করায় এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে জায়গা পেয়েছে মরক্কো।

    শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস অবশ্য আগের অবস্থানই ধরে রেখেছে, তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে অবস্থান করছে।

    তবে টেবিলের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর তাদের পয়েন্ট বাড়ালেও তাদের অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯.০৬, আর দুই নম্বরে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

    অন্যদিকে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে উঠে এসেছে ১১ নম্বরে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে অবস্থান করছে।

    যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।

  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    জেভি২৪ ডেস্ক 

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬ -২০২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান।

    বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

    বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

    বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

  • তীব্র লোডশেডিংয়ে নাকাল খোকসাবাসী

    তীব্র লোডশেডিংয়ে নাকাল খোকসাবাসী

    পুলক সরকার

    তীব্র গরম ও জ্বালানি সংকটের কারণে কুষ্টিয়ার খোকসায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১০ থেকে ১৪ ঘণ্টাই লোডশেডিং হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এবং পল্লী বিদ্যুতের সরবরাহ অপর্যাপ্ত হওয়ায় এই দীর্ঘ লোডশেডিংয়ের কবলে পড়েছেন সাধারণ মানুষ। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

    দেশজুড়ে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা ২৮,০০০ মেগাওয়াটের বেশি হলেও, জ্বালানি সংকট ও বকেয়া বিলের কারণে প্রায় অর্ধেক বিদ্যুৎকেন্দ্র অলস বসে আছে। এর ফলে দিনের বেলায় প্রায় ৩,০০০ মেগাওয়াটেরও বেশি ঘাটতি তৈরি হচ্ছে।

    বিদ্যুৎ কখন আসবে বা যাবে, তার কোনো নির্দিষ্টতা না থাকায় সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি সেচ ও দৈনন্দিন জীবনযাত্রা সহ শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটছে। মাঝেমধ্যেই বিদ্যুৎ এলেও তা মাত্র ১০ থেকে ১৫ মিনিট স্থায়ী হয়ে আবার চলে যাচ্ছে।

    জানিপুর ইউনিয়নের একতারপুর এলাকার ভিক্টর বিশ্বাস বলেন, একে তো প্রচণ্ড গরম, তার ওপর ১২থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং।

    চরবিহাড়িয়া গ্রামের পিংকি মন্ডল বলেন, সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। একবার বিদ্যুৎ গেলে দেড় থেকে দুই ঘণ্টা পরে আসে। তীব্র গরমে আর লোডশেডিংয়ের কারণে ছোট ছোট বাচ্চারা ঠিকমতো ঘুমাতে পারে না।

    আটোচালক মিনহাজ শেখ জানান, এই অটোরিকশা চালিয়ে সংসার চালাই। গত রাতে পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুৎ ছিল না, ফলে ব্যাটারি ঠিকমতো চার্জ হচ্ছে না। চার্জ না থাকায় ঠিকমতো ভাড়াও মারতে পারছি না। সংসার চালানোই মুশকিল হয়ে গেছে।

    খোকসা সাব জোনাল অফিসের এজিএম মো: মনিরুল ইসলাম জানান, দুপুরে চাহিদা ছিল ১৪ মেগাওয়াট, সেখানে পাওয়া গেছে ৪ মেগাওয়াট। চাহিদার তুলনায় ১০ মেগাওয়াট কম পাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে।

  • পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

    পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

    জেভি২৪ ডেস্ক 

    ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সবশেষ ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

    বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বাধ্যতামূলক অবসরের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

    এর আগে গত ১৬ জুন এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, এ বিষয়ে মন্ত্রীর দপ্তর থেকে জানা যেতে পারে। আমি দেখেছি বিষয়টি। কিন্তু এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ঘটনাটি সত্য।

    এর আগে ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁই স্বাক্ষরিত এক চিঠিতে গোলাম সাকলায়েনকে ‘গুরুদণ্ড’ হিসেবে চাকরি থেকে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ পরামর্শের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

    সে চিঠিতে বলা হয়, বিভিন্ন সময় (দিন ও রাতে) চিত্রনায়িকা পরীমণির বাসায় এডিসি গোলাম সাকলায়েন অবস্থান করেছেন বলে প্রমাণ পাওয়া যায় মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট দেখে। তাকে গুরুদণ্ড দেয়ার ব্যাপারে মতামত চেয়ে সরকারি কর্ম কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২১ সালের ১৩ জুন রাজধানীর অদূরে অবস্থিত সাভারের বিরুলিয়ার বোট ক্লাবের ঘটনার পর চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে অভিযোগ এনে মামলা করা হয়। মামলা দায়েরের পরদিন আসামি হিসেবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তখন তার কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

    মামলার তদন্তের অংশ হিসেবে গোয়েন্দা কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় পরীমণিকে। আর তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। তারপর দু’জনের মধ্যে যোগাযোগ হতে থাকে। নিয়মিত তার বাসায় যাওয়া-আসা করতে থাকেন গোলাম সাকলায়েন। এছাড়া দু’জন মাঝে মধ্যে গাড়ি নিয়ে বেরও হতেন।

    সূত্রের তথ্য অনুযায়ী, সবশেষ পরীমণি গোলাম সাকলায়েনের রাজারবাগের মধুমতি ভবনের বাসায় গিয়ে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন। ২০২১ সালের ৪ আগস্ট রাতে গ্রেপ্তার হওয়ার পর সবকিছু অকপটে স্বীকারও করেন এ নায়িকা।

  • পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

    পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পলাশবাড়ীর আয়োজনে এ ফল মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফল, উন্নত জাতের ফলের চারা, ফল উৎপাদন ও সংরক্ষণ প্রযুক্তি এবং কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ফল চাষের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। তিনি সকলকে বসতবাড়ি ও পতিত জমিতে বিভিন্ন জাতের ফলদ গাছ রোপণের আহ্বান জানান।

    এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা গোলেনুর,উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক এবং পলাশবাড়ী থানার তদন্ত কর্মকর্তা প্রশান্ত চন্দ্র প্রামানিক।

    এ সময় কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা তাদের উৎপাদিত নানা প্রজাতির ফল প্রদর্শন করেন।আয়োজকরা জানান, ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, পুষ্টি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে ধারণা দেওয়াই এ মেলার মূল উদ্দেশ্য।

    তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন দর্শনার্থীদের জন্য স্টল পরিদর্শন, কৃষি পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।

  • খোকসা একতারপুর মাদক বিরোধী প্রতিরোধ সমাবেশ

    খোকসা একতারপুর মাদক বিরোধী প্রতিরোধ সমাবেশ

    খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

    কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিমপাড়া গ্রামবাসীর উদ্যোগে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার ১৮ জুন বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জানিপুর ইউনিয়নের সাবেক মেম্বর রিপন বিশ্বাস, কাউম মোল্লা, আব্দুল লতিফ লায়ন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষ।

  • বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু’বন্ধু নিহত, এক বন্ধু আহত

    বন্ধুর বাড়ি বেড়াতে এসে চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে দু’বন্ধু নিহত, এক বন্ধু আহত

    চুয়াডাঙ্গা প্রতিনিধ

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত দু’বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল কাদের (২৫) নামে আরও এক বন্ধু পা-কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে গুরুতর আহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

    স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদের ও তার কাছে বেড়াতে আসা অজ্ঞাত দু’বন্ধু একটি মোটরসাইকেলে করে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

    এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই অজ্ঞাত দু’বন্ধু নির্মম মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর বন্ধু আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

  • কালুখালীতে ডাচ-বাংলা ব্যাংকের ৮ এজেন্ট শাখা বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

    কালুখালীতে ডাচ-বাংলা ব্যাংকের ৮ এজেন্ট শাখা বন্ধ ও কমিশন আত্মসাতের অভিযোগে সাংবাদিক সম্মেলন

    রাজবাড়ী প্রতিনিধি 

    রাজবাড়ীর কালুখালী বাজারে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এক সুপার এজেন্টের বিরুদ্ধে অবৈধভাবে ৮টি সাব-এজেন্ট শাখা বন্ধ করে দেওয়া, গ্রাহক হয়রানি এবং কমিশন আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাব-এজেন্ট বঙ্কিম চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বালিয়াকান্দির বড়-ঘিকমলা গ্রামের মৃত বৈদ্যনাথ বিশ্বাসের ছেলে বঙ্কিম চন্দ্র বিশ্বাস ও রাশিদুল ইসলাম অভিযোগ করেন, কালুখালী বাজারে অবস্থিত ‘এস, এ, রকিব প্রিন্টার্স ও প্রেস’ নামের ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সুপার এজেন্ট সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এবং নিজস্ব উদ্যোগে তাদের ৮টি সাব-এজেন্ট আউটলেট বন্ধ করে দিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

    ভুক্তভোগীদের দাবি, সুপার এজেন্ট তাদের ব্যাংকের সঞ্চয়ী হিসাবের সঠিক হিসাব দিচ্ছেন না এবং সাব-এজেন্টদের প্রাপ্য কমিশন আটকে রেখে নিজেই ভোগ করছেন। এছাড়া আউটলেটের সদস্যদের এফডিআর-কৃত টাকা ও ব্যাংকিং জমার টাকা ফেরত চাইলে উল্টো হুমকি ও মামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

    অবৈধভাবে বন্ধ হওয়া আউটলেটগুলোর মধ্যে রয়েছে বঙ্কিম স্টোর (মৃগী বাজার যা ২৩/০৪/২০২৪ইং থেকে বন্ধ), মীর সানি (রায়নগর/রায়নগর বাজার যা ১৬/০২/২০২৬ইং থেকে বন্ধ), মেসার্স খান ট্রেডার্স (কল-কলিয়া বাজার), মেসার্স আবির ট্রেডার্স (লাড়ীবাড়ী বাজার), মেসার্স রফিকুল ইসলাম ট্রেডার্স (সোনাপুর মোড়), মীর সানি ট্রেডার্স (রায়নগর সুইচ গেট), বিল্লাল ট্রেডার্স (বাংলাদেশ হাট), সালাম ফার্মাসী (হরিণবাড়ীয়া বাজার) এবং মা বাবার দোয়া ট্রেডার্স (মাধবপুর বাজার)।

    এরই মধ্যে ‘বঙ্কিম স্টোর’ ও ‘মীর সানি’ আউটলেট সংক্রান্ত জটিলতায় আদালতে মামলাও (পাংশা ২২ আদালত ১০৫/২০২৪ এবং সি.আর ৯৫/২৬) দায়ের করা হয়েছে।

    ভুক্তভোগীরা এই অবৈধ কর্মকাণ্ডের সঠিক বিচার এবং তাদের আটকে থাকা টাকা ও কমিশনের সুষ্ঠু সমাধান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

    কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

    রাজবাড়ী প্রতিনিধি 

    রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনজুরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল লতিফুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্লাটফর্মের উপদেষ্টা মো: হাবিবুর রহমান।

    দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের এডমিন প্যানেলের সদস্য মো: আশরাফুল আওয়াল প্লাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।

    বৃত্তি প্রদান অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের এডমিন প্যানেলের সদস্য জাফর আহম্মেদ।

    অন্যানোর মধ্যে বিদ্যালয়ের মাওলানা শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষক মন্ডলী, কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

    আলোচনা শেষে বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেণী থেকে ১০ শ্রেণীর প্রতি ক্লাসের ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

    একই সাথে বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও বিদ্যালয়ে অধ্যায়নরত বিশেষ চাহিদা সম্পূন্য ২ শিক্ষার্থীকেও বৃত্তির অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

    দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম। যা মূলত প্রাক্তন ছাত্রদের মধ্যে যোগাযোগ, পুনর্মিলনী এবং সামাজিক কাজের জন্য কাজ করা হয়েছে। এই প্ল্যাটফর্মের বেশির ভাগ কার্যক্রম ও যোগাযোগ ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

    প্লাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য,গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি চালু করা, অসহায় ছাত্রছাত্রীদেরকে আর্থিক সাহায্য প্রদান, গুরুতর অসুস্থ কিংবা বিপদগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য প্রদান,স্কুলের উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক দিক দিয়ে স্কুলের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনা, বড় পরিসরে সব ব্যাচের ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করা, সকলের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে জুনিয়রদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।

    দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের এই সংগঠনটি দির্ঘদিন ধরে সেবা মূলক কর্মকান্ড চালিয়ে আসছেন।