Author: Jvadmin

  • রামু সাব-রেজিস্ট্রি অফিসে সেবার নতুন দিগন্ত

    রামু সাব-রেজিস্ট্রি অফিসে সেবার নতুন দিগন্ত

     

    এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার

    কক্সবাজারের রামু সাব-রেজিস্ট্রি অফিসে এখন যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। একসময় দীর্ঘসূত্রতা, দালালচক্রের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগে আলোচিত এই অফিসটি বর্তমানে স্বচ্ছতা, দ্রুত সেবা ও জনবান্ধব কার্যক্রমের কারণে প্রশংসা কুড়াচ্ছে। আর এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রামু সাব-রেজিস্ট্রার সাহেদ হোসেন চৌধুরী।

    স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই অফিসের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ফলে আগের তুলনায় জমি রেজিস্ট্রেশন কার্যক্রম এখন অনেক সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হয়েছে।

    সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ জমি রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট সেবা নিতে অফিসে আসছেন। সেবাগ্রহীতাদের অভিযোগ ও প্রয়োজন গুরুত্ব সহকারে শুনছেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত দলিল সম্পাদনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলেও জানান অনেকে।

    রামুর গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রি করতে দিনের পর দিন ঘুরতে হতো। এখন অনেক দ্রুত কাজ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব নিজেও বিষয়গুলো তদারকি করেন।”

    ঈদগড় এলাকার কৃষক নুরুল আবছার জানান, “সরকারি অফিসে গেলে সাধারণ মানুষ ভয় পায়। কিন্তু এখানে এসে ভালো ব্যবহার পেয়েছি। কোনো হয়রানি ছাড়াই কাজ শেষ করতে পেরেছি।”

    স্থানীয় দলিল লেখক সমিতির এক সদস্য বলেন, “বর্তমান সাব-রেজিস্ট্রার অফিসে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। নিয়মের বাইরে কিছু করার সুযোগ কমে গেছে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।”

    নারী সেবাগ্রহীতাদের মধ্যেও রয়েছে সন্তোষ। ফাতেমা বেগম নামের এক সেবাগ্রহীতা বলেন, “আগে নারী হিসেবে অনেক সমস্যায় পড়তে হতো। এখন কর্মকর্তারা সহযোগিতা করেন। পরিবেশও আগের চেয়ে অনেক ভালো।”

    স্থানীয় আইনজীবীদের একাংশ জানান, সাহেদ হোসেন দায়িত্ব নেওয়ার পর দলিল যাচাই-বাছাই ও নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা বেড়েছে। একই সঙ্গে সেবার গতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, অফিসে দালাল নির্ভরতা কমাতে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সরকারি ফি সম্পর্কে সেবাগ্রহীতাদের অবহিত করা হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও অনেকাংশে কমেছে।

    স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি অফিসে সেবার মান উন্নয়নে আন্তরিকতা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রামু সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমান প্রশাসনিক পরিবেশ সেই ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন।

    তাদের ভাষ্য, একজন দায়িত্বশীল কর্মকর্তার সদিচ্ছা থাকলে সরকারি অফিসেও যে জনবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব, রামু সাব-রেজিস্ট্রি অফিস তার বাস্তব উদাহরণ।

  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

    বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত

    জেভি২৪ ডেস্ক 

    সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। প্রতি বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (২১ মে) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রথম জামাত: সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির (তাকবির দেওয়া) হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন কারি ইসহাক।

    দ্বিতীয় জামাত: সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

    তৃতীয় জামাত: সকাল ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. রুহুল আমিন।

    চতুর্থ জামাত: সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আব্দুল হাদী।

    পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. আমির হোসেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত কোনো জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের খাদেম মো. শামসুল হক।

  • রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

    রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

    জেভি২৪ ডেস্ক 

    চার বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ, ঘেরাও এবং দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয়েছে চট্টগ্রাম। অভিযুক্ত যুবক মনিকে পুলিশ নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। তারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইলে বাধে সংঘর্ষ। একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের একটি এলাকায় স্থানীয়রা শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে জড়ো হন। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের উত্তেজনা তৈরি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হয়।

    সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় গুলিতে দুই সাংবাদিকসহ তিনজন আহত হন। এ ছাড়া থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে র‌্যাব ও আর্মড পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

    এদিকে রাত ১১টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকসহ অন্যদের খোঁজখবর নেন।

    শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • রামিসার মা-বাবার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    রামিসার মা-বাবার সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    জেভি২৪ ডেস্ক 

    ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার রামিসার পরিবারকে শোক ও সমবেদনা জানাতে মিরপুরের পল্লবীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টার দিকে রামিসার মা-বাবার সঙ্গে দেখা করতে সেখানে পোঁছান প্রধানমন্ত্রী।

    এর আগে বৃহস্পতিবার (২১ মে) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষ করেই তিনি সরাসরি রামিসার বাসার উদ্দেশে রওনা দেন।

    এর আগে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই বৈঠক শেষে রাতেই নিহত রামিসার বাসায় যাবেন প্রধানমন্ত্রী।

    এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার খবরে রামিসার পরিবারের ভাড়া বাড়িতে ও এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাটে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়।

    প্রথমে ওই বাসা থেকে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে সোপর্দ করা হলে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

    পল্লবীতে রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারা দেশ। এ ঘটনায় নানা মহল থেকে দৃষ্টান্তমূলক বিচারের দাবি উঠেছে। বর্বরোচিত এ ঘটনায় জড়িত অপরাধীর দ্রুত বিচার নিশ্চিতে বৃহস্পতিবার সকালে পল্লবী থানা ঘেরাও হয়েছে এবং রাতে কালশী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

    অন্যদিকে নৃশংস এ ঘটনার প্রতিবাদে রাজধানীর বাইরেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। এর মধ্যে নোয়াখালীতে এ ঘটনায় জড়িতদের দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়েছে। শিশু রামিসার গ্রামের বাড়ি শেরপুরে স্বেচ্ছাসেবী একটি সংগঠনের ব্যানারেও আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

    রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগ। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বক্তব্যকালে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান বক্তারা। গতকাল বুধবার বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি দিয়ে এ ঘটনার দ্রুত বিচার ও শাস্তির দাবি জানিয়েছে।

    পুলিশের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, বাকি বিচারের দায়িত্ব আইন বিভাগের। আমরা আশা করি সম্ভাব্য সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। ২৪ ঘণ্টার মধ্যে শিশু রামিসা হত্যার ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে। সংক্ষিপ্ত সময়ে বিচারিক প্রক্রিয়াও শেষ হবে।

  • খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি

    খুলনায় বিএনপি কার্যালয়ে ঢুকে গুলি

    জেভি২৪ ডেস্ক 

    খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক সদস্যসহ দুজনকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় আহতরা হলেন, পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদলের সদস্য মাসুম বিল্লাহ এবং জাহিদ। মাসুম বিল্লাহ জলমা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি পারভেজ সেখানে প্রবেশ করেন। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

    গুলিবিদ্ধ জাহিদ বলেন, আমরা দুজন বিএনপি অফিসে বসে ছিলাম। এ সময় হঠ্যাৎ করে মাসুম বিল্লাহকে উদ্দেশ্য করে পারভেজ গুলি করেন। ঠেকাতে গিয়ে আমার হাতে গুলি লাগে।

    গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, আমি যুবদলের জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি বসে ছিলাম। এমন সময় পারভেজ এসে কথা বলেন। তার বাড়ি মুক্তার হোসেন রোডে, বাবার নাম নুর ইসলাম। ওকে তাকে আগে থেকে চিনি। কথা বলে পারভেজ বের হয়ে যান। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলি করেন। ঠেকাতে গিয়ে জাহিদ গুলিবিদ্ধ হন। আমি অফিসের পেছনের দরজা দিয়ে বের হই। ওখানে ঘের আছে। পারভেজ পেছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলি করেন।

    ঘটনার পর থেকে অভিযুক্ত পারভেজ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামে এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

  • নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সাবেক যুবনেতা নিহত

    নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় সাবেক যুবনেতা নিহত

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মো. সালমান (২৪) নামের এক সাবেক এক যুবনেতা (মোটরসাইকেল আরোহী) নিহত হয়েছেন।
    এ ঘটনায় মো. শান্ত (২২) নামে আরও এক যুবক আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১টার দিকে উপজেলার চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত সালমান বেগমগঞ্জ উপজেলার আমানউল্ল্যাপুরের সাবেক যুবদলের সভাপতি ও কোরিয়া প্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে একটি ট্রাক চৌমুহনীর দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলযোগে দুই তরুণ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বাংলাবাজার এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই আরোহী। ঘটনাস্থলেই সালমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত শান্তকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

    ঢাকার বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন

    আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা এবং ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার বিভিন্ন পয়েন্ট পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

    এছাড়া গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ঈদের আগে সাত দিন ঈদের পরবর্তী তিনদিন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

    আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করে সরকার। ছুটির আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে। গত ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

  • নাসিরনগরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

    নাসিরনগরে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু


    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা এলাকায় পুকুরের পানিতে ডুবে তামিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


    বুধবার (২০ মে) বিকেলে সোনাতোলা মসজিদপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম সোনাতোলা এলাকার কুদ্দুস মিয়ার তৃতীয় ছেলে এবং স্থানীয় সোনাতোলা মাদ্রাসার ছাত্র।


    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে তামিম। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক এলাহী খান তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


    তামিমের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা শিশুদের পানিতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

  • খোকসা বাসস্ট্যান্ডে গোলচক্কর নির্মাণের অনুমোদন, শিগগিরই শুরু কাজ

    খোকসা বাসস্ট্যান্ডে গোলচক্কর নির্মাণের অনুমোদন, শিগগিরই শুরু কাজ

    নাহিদুজ্জামান শয়ন, খোকসা কুষ্টিয়া

    কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ (RHD) খোকসা বাসস্ট্যান্ড এলাকায় বহুল প্রতীক্ষিত গোলচক্কর নির্মাণসহ সড়ক উন্নয়ন কাজ শুরুর নির্দেশ দিয়েছে। ২ এপ্রিল ২০২৬ তারিখে জারিকৃত ‘নোটিশ টু কমেন্স’ অনুযায়ী, আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া (চৌরহাস) আঞ্চলিক সড়কের (R-710) নির্দিষ্ট অংশে এই প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিলো।

    প্রকল্পের আওতায় খোকসা অংশে একটি পরিকল্পিত গোলচক্কর নির্মাণের পাশাপাশি কুমারখালী ও সৈয়দ মাসুদ রুমি সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকাতেও সড়কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। দীর্ঘদিন ধরে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার ঝুঁকি থাকায় স্থানীয়দের মধ্যে একটি কার্যকর ও পরিকল্পিত গোলচক্করের দাবি জোরালো ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে এখানে একটি অপরিকল্পিত আইল্যান্ড নির্মাণ করা হয়েছিল, যা পরবর্তীতে দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাড়াই। ভ্যানচালক ইমরানের মর্মান্তিক মৃত্যুর পর বিষয়টি জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সে সময় সভ্য সমাজ এর ব্যানারে স্বেচ্ছাসেবী সংগঠন সহ স্থানীয় জনগণ আন্দোলন করে বাসস্ট্যান্ডে। সবার দাবির প্রেক্ষিতে তৎকালীন ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর) এর প্রচেষ্টায় আইল্যান্ডটি অপসারণ করা হয়। এরপর থেকেই খোকসা বাসস্ট্যান্ডে একটি পরিকল্পিত গোলচক্কর নির্মাণের দাবি জোরদার হতে থাকে।

    পরবর্তীতে বৈজয়ন্ত বিশ্বাস, যিনি বর্তমানে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখেন। বিভিন্ন সময়ে কাজের অগ্রগতি হলেও রাজনৈতিক নানা কারণে প্রকল্পটি পিছিয়ে যায়। তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গোলচক্কর নির্মাণের অনুমোদন মিলেছে।

    প্রায় ২৮ কোটি ৬০ লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড। নির্দেশনা অনুযায়ী, ২ এপ্রিল থেকে কাজ শুরু হয়ে আগামী ২৭০ দিনের মধ্যে তা সম্পন্ন করার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। এ বিষয়ে জানতে চাইলে সড়ক বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মনজুরুল করিম বলেন, “নোটিশ জারি হয়েছে ঠিকই, তবে মাঠপর্যায়ে কাজ শুরু হবে আগামী জুন-জুলাই মাসের মধ্যে।”

    সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এখন খোকসাবাসীর প্রত্যাশা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করে এই গুরুত্বপূর্ণ মোড়টিকে আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন রূপ দেওয়া হবে।

  • ফরিদপুরের নগরকান্দায় ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

    ফরিদপুরের নগরকান্দায় ভূমিসেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

    মোঃ শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দায় “জনবান্ধব অটোমেটড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

    আরো উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা সম্প্রসারণের ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, দুর্নীতি হ্রাস এবং দ্রুত সেবা নিশ্চিত করতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান যাচাই, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা বিষয়ে জনসচেতনতামূলক তথ্য প্রদান করা হয়। এছাড়া ভূমি সংক্রান্ত সেবাগুলোকে আরও সহজ ও জনবান্ধব করতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।

    এ মেলায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় হেল্পলাইন ১৬১২২।