কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও মোবাইল ফোন জব্দ

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার মাদক ও ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক দাম এক কোটি ১৩ লাখ ৮০ হাজার ৫০০ টাকা। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) ভোররাত প্রায় ২টার দিকে কুমিল্লার গোলাবাড়ী এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩১ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় পুরাতন মোবাইল ফোন জব্দ করা হয়।

১০ বিজিবি অধিনায়ক মীর আলী এজাজ জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব না হলেও মাদক ও চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।