গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ তীব্র তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে সুপেয় পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট ট্রাফিক বক্স ও মডেল মসজিদ রোড সংলগ্ন এলাকায় পথচারী, রিকশাচালক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক সময়ে জেলায় চলমান তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাওয়ায় মানবিক সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। কর্মসূচির আওতায় পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের পাশাপাশি হাতপাখা ও ছাতা বিতরণ করা হয়, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান, ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস, যুব প্রধান জুবায়ের খান সহ সংগঠনের অন্যান্য যুব সদস্যরা।
রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ জানান, তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনগণকে সচেতন করতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মাইকিংয়ের মাধ্যমে হিট স্ট্রোকের লক্ষণ, প্রতিকার এবং অতিরিক্ত গরমে করণীয় বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
জেলা রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, আগামী সাত দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় ১০০টি ছাতা, ১ হাজার লিটার সুপেয় পানি এবং ৫ হাজার হাতপাখা বিতরণ করা হবে। পাশাপাশি তাপদাহ ও হিট স্ট্রোক থেকে নিরাপদ থাকতে পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনে রোদে বের না হওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয়রা রেড ক্রিসেন্টের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। এই সময় গোপালগঞ্জ সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য সাংবাদিক মাহমুদ উপস্থিত হয়ে সুপেয় পানি পান করেন। মানবতার সেবায় যুব রেডক্রিসেন্ট সদস্য ও সদস্যাদের এই পথচলা হোক মানুষের কল্যানে!

