মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ইবির ড. তোজাম্মেল হোসেন

ইবি প্রতিনিধি

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন।

রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক তোজাম্মেল হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার (৪) বছর অথবা অবসর গ্রহণের তারিখ সেই সময় পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন বলেন, আমাকে যোগ্য মনে করে উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এ ব্যাপারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, এর পূর্বে অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদের সভাপতি এবং বর্তমানে ইউট্যাব ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।