ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শোকবার্তায় রুমিন ফারহানা বলেন, “সরাইলে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারানো সকল নিহতের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানাই। এই মর্মান্তিক ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “একটি দুর্ঘটনা শুধু কয়েকটি প্রাণই কেড়ে নেয় না, বরং অসংখ্য পরিবারকে অসহনীয় শোক ও বেদনার মধ্যে নিমজ্জিত করে। আজকের এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।”
নিহতদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা নিহতদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি ধৈর্য ও শক্তি দান করুন। আহতদের দ্রুত আরোগ্য লাভের তাওফিক দান করুন।”
পোস্টের শেষে তিনি “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” উল্লেখ করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

