বিজয়নগরে সোয়া কোটি টাকার ভারতীয় জিরাসহ কভার্ড ভ্যান জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরাসহ একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ জুন) বিকেল ৫টার দিকে বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহল দল। অভিযানের সময় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহভাজন কভার্ড ভ্যান আটক করা হয়।

পরে ভ্যানটি তল্লাশি করে ৬ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

সরাইল-২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত কভার্ড ভ্যান পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আখাউড়া কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।