কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় মো. কবির হোসেনের জমিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের সংঘবদ্ধ একটি মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হলেও আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গ্রেফতারকৃতরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার বড় চালানটি বাংলাদেশে নিয়ে আসেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট।
র্যাব-১৫ জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব।

