মোঃ জসিম হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে অবস্থিত নতুন সাব-রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে চলে যাওয়া গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে চরম বেহাল ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। খুলনা-কুষ্টিয়া মহাসড়ক এবং ভূষণ রোডের অফদা খাল পাড়ের সঙ্গে সংযোগ স্থাপনকারী এই পথটি শহরের অন্যতম ব্যস্ত সংযোগ সড়ক হলেও, এর সংকীর্ণতা ও নিরাপত্তার অভাব জনসাধারণকে প্রবল ঝুঁকির মুখে ফেলেছে।
জানা যায়, এই অত্যন্ত সরু রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য পথচারী, ছাত্রছাত্রী এবং ছোট যানবাহন যাতায়াত করে। রাস্তার প্রস্থ এতটাই কম যে, দুটি ছোট গাড়ি একসঙ্গে অতিক্রম করা অসম্ভব হয়ে দাঁড়ায়।
স্থানীয় বাসিন্দারা তাদের ভোগান্তির কথা উল্লেখ করে জানান, তিন চাকার রিকশা বা ভ্যান চললে সাইকেল বা মোটরসাইকেল নিয়ে পাশ কাটানোর মতো কোনও জায়গাই থাকে না। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।
https://journalvision24.com/?p=1798
এছাড়াও, রাস্তার একপাশ খোলা খালের দিকে হওয়ায় নিরাপত্তা নিয়ে সর্বদা উদ্বেগ বিরাজ করে। স্থানীয়দের মতে, রাতের অন্ধকারে বা সামান্য অসাবধানতার ফলেই মানুষজন খালে পড়ে যেতে পারে। খাল ঘেঁষা এই বিপজ্জনক পথ ব্যবহার করতে গিয়ে পথচারী ও স্থানীয়রা প্রতিদিনই এক গভীর শঙ্কা নিয়ে চলাচল করছেন।
দীর্ঘদিন ধরে এই রাস্তাটির সংস্কার ও সম্প্রসারণের জন্য দাবি জানানো হলেও, কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এলাকার স্থানীয় ব্যবসায়ী অচিন্ত্যকুমার পরিস্থিতি সম্পর্কে বলেন, এই রাস্তাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তা এত সরু যে দুইটা বাহন একসাথে চলতে পারে না। অনেক সময় বাচ্চা-কাচ্চা খালের দিকে পড়ে যাওয়ার ভয়ে আমরা আতঙ্কে থাকি।
আরেক পথচারী রুবিনা খাতুন নিরাপত্তার অভাবের কথা তুলে ধরে বলেন, খালের দিকে কোনো সুরক্ষা রেলিং নেই। রাতে চলাচল করতে খুব ভয় লাগে। তাই দ্রুত রেলিং ও রাস্তা চওড়া করার ব্যবস্থা দরকার।
জনসাধারণের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে রাস্তাটির সংস্কার, যতটুকু সম্ভব সম্প্রসারণ, খালের পাড়ে সুরক্ষা রেলিং স্থাপন এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়কটির দ্রুত সংস্কার ও নিরাপদ করার মাধ্যমে জনদুর্ভোগ দূরীকরণ এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর জন্য স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সড়কটি সংস্কার, সম্প্রসারণ ও সুরক্ষা রেলিং স্থাপনের বিষয়ে পৌর প্রশাসক ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, খাল ধারের রাস্তাটি অত্যন্ত চিকন হাওয়ায় সাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ। রাস্তাটির সংস্কার করা এবং সুরক্ষা রেলিং দেওয়া অতীব জরুরী। আপনারা পৌরসভা বরাবর একটি আবেদন করেন আমি দ্রুত ব্যবস্থা নিয়ার চেষ্টা করবো।
