এস. এম. হুমায়ুন কবির, কক্সবাজার
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে রামু উপজেলা বিএনপিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে রামুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গত ১১ জুন বিকেলে রামু চৌমুহনীস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। স্থানীয় নেতাকর্মীদের মতে, এটি ছিল রামু উপজেলা বিএনপির সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ রাজনৈতিক শোডাউন।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে এবং তাঁর কক্সবাজার সফর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণসঞ্চার করেছে।
বিশেষভাবে আলোচনায় আসে উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ ও সদস্য সচিব আবুল বশর বাবুর নেতৃত্বের বিষয়টি। নেতাকর্মীরা বলেন, তাঁদের সাংগঠনিক দক্ষতা ও ঐক্যবদ্ধ নেতৃত্বের ফলে রামু উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে উঠেছে। ফলে তারেক রহমানের সফরকে সফল করতে সবাই এক কাতারে কাজ করছেন।
এদিকে সকালে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির আলম ও সদস্য সচিব তৌহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগেও পৃথক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।
আগামী ১৩ জুন তারেক রহমান কক্সবাজার সফরে আসবেন। সফরকালে তিনি কক্সবাজার সদরের পিএমখালী এলাকার ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রম এবং পেকুয়া ও চকরিয়ার নবগঠিত উপজেলা ও পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেন, “দীর্ঘ সময় পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে আসছেন। তাঁকে বরণ করতে জেলার সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।”
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর নেতৃত্বে দলের সকল স্তরে ঐক্য সুদৃঢ় হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ, আর পুরো রামু জুড়ে বইছে রাজনৈতিক উচ্ছ্বাসের বন্যা।

