ইবি প্রতিনিধি
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক ও গুপ্ত নেতা-কর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (১৪ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে সংগঠনটির নেতাকর্মীরা ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘একশন টু একশন, ডাইরেক্ট একশন’, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘নাটকবাজদের আস্তানা, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ -জিন্দাবাদ’, ‘জামাত-শিবির, গুপ্ত গুপ্ত’, ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘গুপ্ত পাব যেখানে, ধোলাই হবে সেখানে’ ইত্যাদি স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব ,আনারুল ইসলাম ও আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন ও স্বাক্ষরসহ শতাধিক নেতাকর্মী।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের একজন শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের মাধ্যমে মানবজীবন ধ্বংসের অভিযোগও জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের কষ্ট ও সংগ্রামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বা বিকৃত করা খুবই নিন্দনীয়। এতে সত্যকে আড়াল এবং আসল ভুক্তভোগীরা অপমানিত করা হচ্ছে। অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা সংগঠন আইনের ঊর্ধ্বে নয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে। সত্য গোপন করা, অপপ্রচার চালানো এবং অপরাধ ঢাকার চেষ্টা বন্ধ করে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষের আস্থা ফিরে আসে।

