ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক এবং বিজয়নগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া স্থানীয়দের মাধ্যমে ট্রাকটিও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। মানবিক কারণে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মতে, খড়মপুর বাইপাস মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। তারা সেখানে কার্যকর ট্রাফিক ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

