জসিম হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬১৬ বোতল স্ক্রাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।
আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
অভিযানকালে তাদের কাছ থেকে ৬১৬ বোতল নিষিদ্ধ স্ক্রাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক দুইজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

