নগরকান্দায় ডাঙ্গী ইউনিয়নে ঈদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৮ নং ডাঙ্গী ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেক সুবিধাভোগী অভিযোগ করেন, তাদের কম ওজনের চাল দেওয়া হয়েছে। জানা যায়, ইউনিয়নে মোট ৫৫৫ জন সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালামকে পরিষদে পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি দাওয়াত খাইতে একজায়গায় আইছি। ট্যাগ অফিসারের প্রতিনিধি আছে, তারা থাইকা দিতেছে। তারা ১০ কেজি দিবে না ১১ কেজি দিবে তারা ভালো জানে।”

তবে পরিষদে মহিলা ইউপি সদস্য সালমা জাহানকে উপস্থিত থেকে প্রতিটি স্লিপে স্বাক্ষর করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বালতি ভরে ওজন করে চাল বিতরণ করা হচ্ছিল। সুবিধাভোগীদের অভিযোগ, ১০ কেজির পরিবর্তে ৯ কেজি ৫০০ গ্রাম করে চাল দেওয়া হচ্ছে।

ট্যাগ অফিসারের প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি এসে দেখি ১০ কেজির জায়গায় ৪০০ গ্রাম কম। পরে বলছি ওজন করে ঠিক করে দিতে। আমি একটু বাহিরে গেছি, এসময় একটু অনিয়ম হতে পারে।”

এদিকে চেয়ারম্যান পরিষদে উপস্থিত না থাকায় সুবিধাভোগীদের স্লিপে স্বাক্ষর নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে বলেও অভিযোগ ওঠে।

পরিষদ থেকে চাল নেওয়ার পর শ্রীরামদিয়া গ্রামের জয়ন্তী রানী,(স্বামী-পরিমল মন্ডল) তার চাল ডিজিটাল পাল্লায় ওজন করে দেখেন, ১০ কেজির পরিবর্তে ব্যাগে রয়েছে মাত্র ৯ কেজি ৩৯৬ গ্রাম চাল।

উল্লেখ্য, পবিত্র ঈদ উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের জন্য সরকার ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়। স্থানীয়দের দাবি, সঠিক ওজন নিশ্চিত করে স্বচ্ছতার মাধ্যমে চাল বিতরণে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।