ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ঝরল ৫ প্রাণ, মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুলেন্স

মোঃ শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিআরটিসি বাস ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

নিহতদের বাড়ি মাদারীপুরের মস্তফাপুর এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার (২৪ মে) সকাল ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি বিআরটিসি বাসের সঙ্গে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। এতে আহত হন আরও কয়েকজন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসূল সামদানী আজাদ বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।