জেভি২৪ ডেস্ক
মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।
রোববার (২৪ মে) দুপুর দেড়টার সময় মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন।
দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্ষদিবসের মধ্য সশরীরে ও ভিডিও কলের মাধ্যমে তিন দিনে স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন, মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনীতে ভুক্তভোগী শিশু তার বাবাকে বাড়ির পাশের ক্ষেতে খাবার দিতে যাওয়ার সময় শাকিল হোসেন হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে শাকিলকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

