মাগুরা প্রতিনিধি
মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আকবর মন্ডল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল ওই গ্রামের আজাহার মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাশালিয়া গ্রামে সামাজিক দলীয় ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আব্দুর রশিদের সাথে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আকবর মন্ডল মাঠে পাটের জমিতে কাজ করছিলো এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রেসহ লাঠি সুটা সজ্জিত হয়ে আকবরের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে মাঠেই ফেলে রেখে পালিয়ে যায়।
পরে মাঠের অন্য কৃষকরা ও স্বজনরা টের পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তনিতা বিশ্বাস হ্যাপী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনির গুরুতর চিহ্ন রয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, সামাজিক আধিপত্যের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে জোরদার পুলিশি অভিযান চালানো হচ্ছে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়েছে।

