হবিগঞ্জ জেলার মাধবপুরে ৯৩ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উৎসব উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে ৯৩ ব্যাচের বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাচের সদস্য বায়েজিদ। সাংবাদিক এস কে শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ রাফিউল আব্দাল। শুভেচ্ছা বক্তব্য দেন মহিউদ্দিন আওয়াল, মুসলেউদ্দিন লস্কর, জামাল মিয়া, জয়ন্ত রায়, দীপু রঞ্জন দাস, বিধান রায়, বুরহান উদ্দিন, দুলাল, শাহজাহান, আব্দুল কুদ্দুছ, কাজী ফয়সল ও মারুফ আহমেদসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ব্যাচের প্রয়াত সহপাঠী মোশাহিদ উদ্দিন চৌধুরী মণি, শামসুন্নাহার, আব্দুল বাসির, দীপেশ চন্দ্র দাস, প্রাণগোপাল পৌদ্দার এবং বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দীর্ঘ ৩৩ বছর পর প্রিয় শিক্ষাঙ্গনে একত্রিত হয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তারা বলেন, “মনে হচ্ছে আবার সেই কিশোর বয়সে ফিরে গেছি। জীবনের নানা ব্যস্ততা ও দূরত্বের কারণে দীর্ঘদিন পর হলেও বন্ধুদের সঙ্গে এই মিলনমেলা আমাদের নতুন করে অনুপ্রাণিত করেছে।”

পুনর্মিলনীতে সহপাঠীদের মধ্যে হৃদ্যতাপূর্ণ মতবিনিময়, স্মৃতিচারণ, ছবি তোলা এবং বিদ্যালয় প্রাঙ্গণে ঘুরে দেখার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য মৌসুমি ফল ও বিকেলের নাস্তার বিশেষ আয়োজন করা হয়।

অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং পরস্পরের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করার অঙ্গীকার করেন।