Author: Jvadmin

  • দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার

    দায়িত্ব নিলেন ডিএমপির নতুন কমিশনার

    জেভি২৪ ডেস্ক

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নবনিযুক্ত মোসলেহ্‌ উদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করেছেন।

    সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

    এর আগে, গতকাল রোববার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ্‌ উদ্দিন আহমদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

    তারও আগে, গত ১৬ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পান মোসলেহ্‌ উদ্দিন আহমদ। গত ২৫ মার্চ এই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

    ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোসলেহ্‌ উদ্দিন আহমদ।

  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

    স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

    জেভি২৪ ডেস্ক

    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না, যদিও ভোটগ্রহণের সুনির্দিষ্ট সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই তথ্য নিশ্চিত করেন। নির্বাচন কমিশন একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনি সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    সিইসি নাসির উদ্দিন রাজনৈতিক দলগুলোর প্রতি একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলো পর্দার আড়াল থেকে নিজেদের প্রার্থীর পক্ষে সক্রিয় হচ্ছে, যা নির্বাচনি উত্তাপ বাড়িয়ে সংঘাতের জন্ম দিতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, “এবার দলীয় প্রতীক ব্যবহার না হলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। আমরা চাই ভালো নির্বাচনের একটা সংস্কৃতি চালু হোক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সত্যিকার অর্থে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়।”

    অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গ্রামপর্যায়ে যে ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে, তা রোধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সিইসি। তিনি দলগুলোকে একটি সংঘাতমুক্ত নির্বাচনি পরিবেশ তৈরির অনুরোধ জানিয়ে বলেন যে, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয়। সিইসি’র ভাষায়, “নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক এবং ভোটারসহ সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।” এই লক্ষ্য বাস্তবায়নে এবং নির্বাচনি সহিংসতা রুখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরির কার্যক্রমকে কমিশন অগ্রাধিকার দিচ্ছে।

  • মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা

    মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত, এলাকায় উত্তেজনা

    মাগুরা প্রতিনিধি

    মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আকবর মন্ডল (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার গয়েশপুর ইউনিয়নের মাশালিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকবর মন্ডল ওই গ্রামের আজাহার মন্ডলের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাশালিয়া গ্রামে সামাজিক দলীয় ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আব্দুর রশিদের সাথে আকবর মন্ডলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আকবর মন্ডল মাঠে পাটের জমিতে কাজ করছিলো এ সময় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রেসহ লাঠি সুটা সজ্জিত হয়ে আকবরের ওপর অতর্কিত হামলা চালায়।

    হামলাকারীরা তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে মাঠেই ফেলে রেখে পালিয়ে যায়।

    পরে মাঠের অন্য কৃষকরা ও স্বজনরা টের পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তনিতা বিশ্বাস হ্যাপী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আকবর মন্ডলের মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনির গুরুতর চিহ্ন রয়েছে।

    হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, সামাজিক আধিপত্যের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারে জোরদার পুলিশি অভিযান চালানো হচ্ছে। এলাকায় নতুন করে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়েছে।

  • রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সব রুটে বাস চলাচল বন্ধ

    রাজশাহীতে শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সব রুটে বাস চলাচল বন্ধ

    রাজশাহী প্রতিনিধি

    রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নবল এর নবঘোষিত কমিটিকে ঘিরে দ্বন্দ্বের জেরে সোমবার (১৮ মে) সকালে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আকস্মিক এই পরিবহন অচলাবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীরা।

    শ্রমিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৭ মে) কেন্দ্রীয়ভাবে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষিত এই কমিটি শ্রমিকদের একটি অংশ প্রত্যাখ্যান করে। বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, কমিটি গঠনের সময় সকল শ্রমিকের মতামত নেওয়া হয়নি এবং একতরফাভাবে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এর প্রতিবাদে আজ সোমবার সকাল থেকেই শ্রমিকরা রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন।

    ফলে শহরের বিভিন্ন টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যাত্রীরা আটকে পড়েন। অনেকেই বাধ্য হয়ে সিএনজি ও অটোরিকশা ব্যবহার করছেন, তবে অতিরিক্ত ভাড়ার কারণে সেটিও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

    এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    কবে নাগাদ এই অচলাবস্থা কাটবে এবং বাস চলাচল স্বাভাবিক হবে তা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে।

  • কুমারখালীর ধলনগর শুরু হয়েছে মহা নামযজ্ঞানুষ্ঠান ও গ্রামীণ মেলা

    কুমারখালীর ধলনগর শুরু হয়েছে মহা নামযজ্ঞানুষ্ঠান ও গ্রামীণ মেলা

    পুলক সরকার

    কুষ্টিয়ার কুমারখালীর ধলনগর কালী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে দুই শত বছরের অধিক সময় ধরে চলে আসা ঐতিহ্যবাহী ২৪ প্রহরব্যাপী অখন্ড তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান গ্রামীণ মেলা।

    গত শনিবার (১৬ই মে) দিবাগত রাতে বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কির্তনের মধ্যে দিয়ে শুরু হওয়া ৫ দিন ব্যাপি এ অখণ্ড তারকব্রহ্ম মহা নামযজ্ঞানুষ্ঠান শেষ হবে বুধবার (২০ মে) কুঞ্জভঙ্গ, নাম সমাপনী, নগর কির্তন, ভোগরাগ ও প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে।

    ঐতিহ্যবাহী এই মহানামযজ্ঞ ও গ্রামীণ মেলাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে হাজারো ভক্ত ও পুর্ণার্থীদের আগমন ঘটেছে।

    এই আয়োজন ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যেখানে হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।

  • রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

    রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি

    স্টাফ রিপোর্টার

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারের রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হলেও রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ২১জন বিশিষ্ট নবগঠিত কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।

    কমিটিতে মাইটিভির সাংবাদিক মোঃ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মোঃ পারভেজকে সদস্য সচিব করা হয়। এদিকে আহবায়ক নিয়ে সাংবাদিকদের কোন প্রকার অভিযোগ না থাকলেও এটিএন নিউজ এর সাংবাদিক মোঃ পারভেজের সদস্য সচিব হওয়াকে কেন্দ্র করে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের সকল সাংবাদিকদের সঙ্গে মতবিরোধ থাকায় গতকাল রবিবার সকালে উদ্বোধন হওয়া নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির মধ্যে ১১ জন সাংবাদিক আজ সোমবার দুপরে কমিটি থেকে অব্যাহতি নেন।

    এ বিষয়ে অব্যাহতি নেওয়া সাংবাদিকরা জানান, নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের মতের ভিত্তিতে কমিটি গঠন হওয়ার কথা থাকলেও নিয়ম বহির্ভূত প্রথমে সকল সদস্যদের নবগঠিত টেলিভিশন মিডিয়া ক্লাবের ফ্রমে সিগনেচার নিয়ে ৫ জনের একক সিদ্ধান্তে আহবায়ক ও সদস্য সচিব তৈরী করে বাকি ১৬ জনকে সদস্য করে কমিটি গঠন করা হয়। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিবের কথা কাটাকাটি হলে কমিটিতে থাকা সদস্য, গ্লোবাল টেলিভিশনে এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাইফুল ইসলাম পিয়াস, আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, বাংলাদেশ টাইমসের শুভ, আজকের বাংলা পত্রিকার এসএম রনি, আইপি টেলিভিশন এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক গণকন্ঠ পত্রিকার নোয়াব ভূঁইয়া, বর্তমান দিন পত্রিকার নূর নবী, নিউজ বাংলাদেশ পত্রিকার মঞ্জুরুল কবির বাবু, দৈনিক চৌকস পত্রিকার হাসান হাওলাদার বাপ্পি, চ্যানেল রুপগঞ্জ ও গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান রাকিবসহ সকলে সদস্য সচিবের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নবগঠিত রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহবায়ক -কে বিষয়টি অবগত করলে তিনি সদস্য সচিবের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়া ২১ সদস্য বিশিষ্ট কমিটির ১১ জন সদস্য অব্যাহতি নেয়।

  • ডা. নাসিরকে দেখতে ঢামেকে জেডআরএফের প্রতিনিধিদল

    ডা. নাসিরকে দেখতে ঢামেকে জেডআরএফের প্রতিনিধিদল

    শরীয়তপুর সদর হাসপাতালে হামলার শিকার হয়ে আহত ডা. নাসির আহমেদকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) একটি প্রতিনিধিদল।

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের বিশেষ নির্দেশনায় রোববার (১৭ মে) বিকেল ৬টায় তারা হাসপাতালে উপস্থিত হন।

    জেডআরএফেরর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে প্রতিনিধিদলটি আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।

    এসময় অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক।

    জেডআরএফের পক্ষ থেকে ডা. নাসিরের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

    প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুস সালাম, জেডআরএফের পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, কৃষিবিদ শফিউল আলম দিদার, সাংবাদিক সাঈদ খান এবং প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. খালেকুজ্জামান দিপু, ড্যাব নেতা ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ এবং ডা. আমিরুল ইসলাম পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা. নাসির আহমেদ হামলার শিকার হন। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, নিয়ম জানুন

    ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, নিয়ম জানুন

    ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যাংকিং সেবা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। দেশের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে। এখন আর ঋণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো বা বারবার ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই; জরুরি প্রয়োজনে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত ঋণ।

    ঘরে বসেই ঋণের আবেদন ও প্রাপ্তি

    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকরা এখন ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এই আর্থিক সেবাটি মূলত গ্রাহকদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যেই চালু করা হচ্ছে।

    ঋণের পরিমাণ ও মেয়াদ

    নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ‘ই-লোন’ গ্রহণ করতে পারবেন। স্বল্পমেয়াদী এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস বা এক বছর।

    সুদ ও খরচ সম্পর্কে স্বচ্ছতা

    ই-ঋণের ক্ষেত্রে সুদের হার ব্যাংকগুলো বাজারভিত্তিক নির্ধারণ করবে। তবে যদি কোনো ব্যাংক পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণ করে, সেক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। ঋণের আবেদন করার আগেই সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল বা আগাম ঋণ পরিশোধ ফি সব তথ্য ব্যাংক গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেবে এবং গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।

    আবেদনের যোগ্যতা ও নিয়ম

    • ডিজিটাল ভেরিফিকেশন: আবেদনের সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (NID), বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করবে সংশ্লিষ্ট ব্যাংক।
    • সিআইবি রিপোর্ট: ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
    • অযোগ্যতা: কোনো খেলাপি ঋণগ্রহীতা এই ই-লোন সুবিধা পাবেন না।
    • ডিজিটাল পেমেন্ট: ঋণ বিতরণ, কিস্তি পরিশোধ ও অন্যান্য সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
    • নিরাপত্তা ব্যবস্থা: ডিজিটাল লেনদেনের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রতিটি লেনদেন নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবস্থা থাকবে। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

    কবে নাগাদ মিলবে এই সেবা?

    বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা প্রণয়ন এবং পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এই সেবা চালু করবে। প্রতিটি ব্যাংককে তাদের তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই এই ই-লোন কার্যক্রম শুরু করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

    জরুরি প্রয়োজনে অল্প সময়ে ঋণ পাওয়ার এই নতুন দিগন্ত দেশের সাধারণ মানুষের আর্থিক চাহিদা পূরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

  • এনটিআরের জন্মদিনে ড্রাগনের চমক

    এনটিআরের জন্মদিনে ড্রাগনের চমক

    দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও নির্মাতা প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা আবারও আলোচনায়। এতদিন এনটিআরনীল নামে পরিচিত প্রকল্পটির সম্ভাব্য নাম এখন জানা যাচ্ছে ‘ড্রাগন’।

    সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডের ওয়েবসাইটে সিনেমাটির গ্লিম্পস সার্টিফিকেশনের তথ্য প্রকাশ হওয়ার পরই বিষয়টি সামনে আসে। সেখানে ‘গ্লিম্পস অব ড্রাগন’ নামে ভিডিওটি তালিকাভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে সিনেমাটির নাম নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে যাচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

    তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গ্লিম্পসটির দৈর্ঘ্য। প্রতিবেদনে বলা হচ্ছে ভিডিওটির রানটাইম ৪ মিনিট ৩৫ সেকেন্ড যা একটি সাধারণ গ্লিম্পস বা টিজারের তুলনায় অনেক বেশি।

    সাধারণত সিনেমার গ্লিম্পস এক মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এমনকি বেশিরভাগ ট্রেইলারও তিন মিনিটের আশপাশে শেষ হয়। তাই এত দীর্ঘ গ্লিম্পস দেখে অবাক হয়েছেন ভক্তরা।

    জানা গেছে ভিডিওটি সেন্সর বোর্ড থেকে ইউ এ ১৬ প্লাস সনদ পেয়েছে। ফলে এতে প্রশান্ত নীলের স্বাক্ষরধর্মী সহিংস অ্যাকশন ভারী মাস এলিভেশন ও তীব্র দৃশ্য থাকতে পারে বলে ধারণা করছেন দর্শকরা।

    ১৯ মে মধ্যরাতে বিশেষ এই গ্লিম্পস প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এর এক দিন পর ২০ মে জুনিয়র এনটিআরের জন্মদিন।

    বড় বাজেটে সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস ও এনটিআর আর্টস। সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে রুক্মিণী বসন্তকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর।

    এর আগে খলনায়কের ভূমিকায় টোভিনো থমাসের নাম শোনা গেলেও পরে তিনি নিজেই জানান শিডিউল জটিলতার কারণে প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন। এখন সেই চরিত্রে শাহিদ কাপুরকে নেওয়ার আলোচনা চলছে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    সিনেমার সংগীত পরিচালনা করছেন রবি বসরুর। এর আগে তিনি ‘কেজিএফ’ ও ‘সালার’ এর সংগীত পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

    সিনেমাটি নিয়ে আরেকটি বড় গুঞ্জন হলো ‘ড্রাগন’ নাকি দুই পর্বে মুক্তি পেতে পারে। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করেননি তবুও ভক্তদের ধারণা আসন্ন গ্লিম্পসেই সিনেমার গল্প ও ইউনিভার্স নিয়ে বড় কোনো ইঙ্গিত মিলতে পারে। বর্তমানে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১১ জুন।

  • অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি

    অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি

    আর মাত্র একদিন পরই ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। আর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে নেইমারকে নিয়ে নিজের নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার।

    ফুটবলপ্রেমীদের মধ্যে নেইমারকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে সেলেসাওদের ভেতরকার পরিবেশ একদম ভিন্ন। তিনি বলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’

    নেইমারকে দলে নেওয়ার জন্য কোনো মহল থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার জন্য আমাকে কেউ চাপ দেয়নি। এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমার আছে। সিদ্ধান্তটি ১০০ ভাগ পেশাদারি হবে। একজন ফুটবলার হিসেবে সে মাঠে কেমন পারফর্ম করছে, কেবল সেটাই আমি বিবেচনায় নেব, অন্য কিছু নয়।’

    এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল’র একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। সান্তোস ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’

    তাছাড়া তরুণ ফরোয়ার্ড এসতেভাওয়ের ইনজুরির পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে বড় নাম এই মুহূর্তে ব্রাজিলে নেই। আনচেলত্তি যদি এই নেইমারকে মাঠে কাজে লাগাতে পারেন, তবে তা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তি।