কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন দেলোয়ার হোসাইন (৩৬)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়াপাড়া (কাছারপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, দেলোয়ার হোসাইন কক্সবাজারের রামু থানায় ২০১৮ সালে দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










