জেভি২৪ স্পোর্টস ডেস্ক
২০২৬ সালের আইপিএল যেন নতুন করে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ছিল। আর সেই কাজটাই করলেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। শুক্রবার (২২ মে) রাতে সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচে দুই তারকার উত্তপ্ত আচরণ নিয়ে ক্রিকেট বিশ্বে এখন তুমুল আলোচনা।
বিতর্কের সূচনা হয় ম্যাচ শেষে। ৫৫ রানের বড় ব্যবধানে আরসিবিকে হারানোর পর এসআরএইচ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে দেখা যায় কোহলিকে। প্যাট কামিন্সের সঙ্গে হাত মেলালেও ট্রাভিস হেডকে পুরোপুরি উপেক্ষা করেন তিনি। হেড হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকলেও কোহলি তার দিকে না তাকিয়েই পাশ কাটিয়ে চলে যান। পরে হেডও নিরুপায় হয়ে সরে দাঁড়ান। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
কোহলির এমন আচরণের পেছনে ঠিক কী কারণ ছিল, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, আরসিবির রান তাড়ার সময় কোহলির ইনিংস চলাকালীন দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। স্লেজিংয়ের অংশ হিসেবে কোহলি নাকি হেডকে কয়েকটি বল করতে আসার ইঙ্গিত দেন। একই সঙ্গে ‘ইমপ্যাক্ট সাব’ নিয়ে অঙ্গভঙ্গি করে অস্ট্রেলিয়ান ব্যাটারকে খোঁচাও দেন তিনি।
চলতি মৌসুমে বেশ কয়েকবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছেন হেড এবং কয়েকবার বদলিও হয়েছেন। তবে শুক্রবারের ম্যাচে তিনি পুরো সময় মাঠে ছিলেন। সেই প্রসঙ্গ টেনেই কোহলি বিদ্রূপ করেছিলেন বলে মনে করা হচ্ছে।
তবে মাঠে এতটা আগ্রাসী হওয়ার পর ব্যাট হাতে দীর্ঘ সময় টিকতে পারেননি কোহলি। মাত্র ১১ বলে ১৫ রান করে আউট হন তিনি। এরপরই পাল্টা জবাব দেন হেড। কোহলির বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনারকে বলতে শোনা যায়, ‘বন্ধু, আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!’
ঘটনার পর ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে, আসল দোষ কার? যদিও পুরো ঘটনা পরিষ্কারভাবে জানা যায়নি, তবু এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনেকেই কোহলির আচরণকেই বাড়াবাড়ি বলে মনে করছেন।
ঘটনার সময় ধারাভাষ্যে ছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। পরে তিনি বলেন, ‘ম্যাচের উত্তাপে অনেক কিছুই হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু ম্যাচ শেষে যা হয়েছে, সেটা ঠিক হয়নি।’
ম্যাচটি এসআরএইচের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে তাদের বড় জয় প্রয়োজন ছিল। তারা বড় ব্যবধানে জিতলেও নেট রান রেটে আরসিবি কিংবা গুজরাট টাইটানসকে ছাড়িয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত আরসিবি, গুজরাট টাইটান্স ও এসআরএইচ; তিন দলই ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে। তবে ভালো নেট রান রেটের কারণে শীর্ষে থাকে আরসিবি।
প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের।










