Author: Jvadmin

  • ধ্বংসের মুখে ৪শ বছরের পুরোনো ‘জিন মসজিদ’

    ধ্বংসের মুখে ৪শ বছরের পুরোনো ‘জিন মসজিদ’

    জেভি২৪ ডেস্ক 

    শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামে ইতিহাস ও লোককথার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৪০০ বছরের প্রাচীন ‘জিন মসজিদ’ খ্যাত তালুকদার বাড়ি জামে মসজিদ। তবে দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় জরাজীর্ণ হয়ে পড়া ঐতিহাসিক এই স্থাপনাটি এখন চরম ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।

    শরীয়তপুর জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই প্রাচীন মসজিদটি কে বা কখন নির্মাণ করেছিলেন, তার কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। তবে মসজিদসংলগ্ন তালুকদার পরিবারের বংশ পরম্পরার তথ্যমতে এর বয়স প্রায় ৪০০ বছর। আবার অনেকের মতে, এই স্থাপত্যের বয়স ৪৫০ বছরেরও বেশি।

    মসজিদটিকে ঘিরে স্থানীয়দের মাঝে রয়েছে নানা রহস্যময় লোককথা ও মিথ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোনো এক ব্যক্তি মসজিদটির নির্মাণকাজ শুরু করলেও তা শেষ হওয়ার আগেই তিনি মারা যান। পরে এক রাতের মধ্যেই অলৌকিকভাবে (জিনেরা এসে) এই অসমাপ্ত নির্মাণকাজ শেষ করে দেয়। এমনকি এখানে জিনেরা নামাজ, জিকির ও ইবাদত-বন্দেগি করত বলেও লোকমুখে শোনা যায়। সেই লোকবিশ্বাস থেকেই স্থানীয়দের কাছে এটি ‘জিন মসজিদ’ নামে পরিচিতি পায়।

    চার শতাংশ জমির ওপর নির্মিত চতুর্ভুজাকৃতির এই মসজিদে রয়েছে একটি বড় মূল গম্বুজ এবং চারপাশে চারটি চিকন খুঁটির ওপর ছোট খিলানাকৃতির মিনার ও গম্বুজ। মসজিদের ভেতরের দেয়ালের কারুকাজে এখনো মোগল স্থাপত্যশৈলীর স্পষ্ট নিদর্শন চোখে পড়ে। চারটি প্রবেশপথবিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদে একসঙ্গে প্রায় ৩০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। দীর্ঘদিন ধরে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার জামাত আদায় করে আসছেন স্থানীয়রা। মসজিদের পশ্চিম পাশে রয়েছে একটি বড় পুকুর ও পাকা ঘাট, যা স্থানীয়দের মতে সেই সময়েই তৈরি করা হয়েছিল।

    মসজিদের তত্ত্বাবধায়ক সালাম তালুকদার বলেন, আমাদের পূর্ব পুরুষদের মুখে শুনেছি, এই মসজিদ এক রাতে অলৌকিকভাবে তৈরি হয়েছে। সেই বিশ্বাস থেকেই সবাই এটাকে জিন মসজিদ বলে। তবে আমাদের পারিবারিক সূত্রে এটি তালুকদার বাড়ি জামে মসজিদ হিসেবেই পরিচিত।

    তিনি আক্ষেপ করে আরও বলেন, শত শত বছর পার হয়ে গেলেও মসজিদটি সংরক্ষণ বা মেরামতের জন্য সরকারি বা বেসরকারি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। অনেকেই এসে পরিদর্শনের পর আশ্বস্ত করে যান, কিন্তু পরে আর খোঁজ নেন না। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও বাস্তবে এর সুরক্ষায় কোনো কাজ হয়নি।

    মসজিদের ইমাম নূর ইসলাম বেপারী বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে এখানে ইমামতি করছি। এটি অত্যন্ত প্রাচীন এবং আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যপূর্ণ একটি মসজিদ। সরকারের কাছে আমাদের আকুল দাবি, দ্রুত সংস্কার করে এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ধ্বংসের হাত থেকে রক্ষা করা হোক।

    এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুশরাত আরা খানম বলেন, প্রাচীন এই মসজিদটি এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। এর যথাযথ সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট প্রত্নতত্ত্ব বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে।

    ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও লোকবিশ্বাসের মেলবন্ধনে গড়া এই ‘জিন মসজিদ’ এখন শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং শরীয়তপুর জেলার ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে দ্রুত এর রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে, অচিরেই কালের গহ্বরে হারিয়ে যাবে শত বছরের পুরোনো এই ঐতিহাসিক নিদর্শন।

  • ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা: রেল সচিব

    ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা: রেল সচিব

    জেভি২৪ ডেস্ক 

    এবারের ঈদযাত্রার সিডিউলে বিপর্যয়ের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন রেল সচিব ফাহিমুল ইসলাম।

    তিনি বলেছেন, যাত্রীরা এবার স্বস্তিদায়ক ঈদযাত্রা উপহার পাবে।

    শনিবার (২৩ মে) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

    টিকিট কাটার পরও অনেক যাত্রী ট্রেনে ঢুকতে পারে না, এরকম কোনো ঘটনা এবার ঘটবে না বলেও সবাইকে আশ্বস্ত করে রেল সচিব বলেন, ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। রেলসচিব জানান, ঈদযাত্রার শুরুতেই আজ সকালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ট্রেনটি সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়ার পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

    পরে সেটিকে ফিরিয়ে এনে রিজার্ভ ইঞ্জিন সংযুক্ত করে আবার যাত্রা শুরু করানো হয়। এর প্রভাবে পরবর্তী কয়েকটি ট্রেন ১৫ মিনিট থেকে আধা ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। তিনি বলেন, ‘শুরুতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।

    রংপুর এক্সপ্রেস ১৮ মিনিট দেরিতে ছেড়েছে। জামালপুর এক্সপ্রেস নির্ধারিত সময়েই ছাড়বে। আমরা আশা করছি, এরপর আর বড় ধরনের বিলম্ব হবে না।’

    লোকোমোটিভ সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতির কথাও তুলে ধরে রেলসচিব বলেন, ‘মিটারগেজ লোকোমোটিভের কিছু সংকট রয়েছে। তাই আমরা আগে থেকেই কর্মপরিকল্পনা নিয়েছি।

    ঈদের সময় ৮৫টি মিটারগেজ লোকোমোটিভ সচল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ ৭৮ থেকে ৭৯টি প্রস্তুত রয়েছে। কাল থেকে তা ৮০টির বেশি হবে বলে আশা করছি।’

    ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

    রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি ও ভ্রাম্যমাণ আদালত মোতায়েন করা হয়েছে উল্লেখ করে ফাহিমুল ইসলাম বলেন, ‘উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে ছাদে ওঠার প্রবণতা বেশি দেখা যায়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে।’

    স্টেশনে টিকিটবিহীন যাত্রী প্রবেশ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে রেলসচিব বলেন, ‘টিকিট ছাড়া যাত্রীরা যেন স্টেশনে ঢুকতে না পারে, সে জন্য নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। তারাই সাধারণত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।’

    তিনি আরো বলেন, ‘যাত্রী চাপের কারণে এবারও ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট রাখা হয়েছে। ঈদের সময় রেলের চাহিদা অনেক বেশি থাকে, যা পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না।’

    রেলসচিব বলেন, যাত্রীরা যেকোনো অভিযোগ, তথ্য বা সহায়তার জন্য রেলওয়ের ১৩১ হটলাইনে যোগাযোগ করতে পারবেন।

  • স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

    স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি প্রদর্শনী ঘুরে দেখেছেন। শনিবার (২৩ মে) সকাল ১০টায় তিনি সেখানে যান।

    এ সময় তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। প্রদর্শন করা যানবাহনের মধ্যে রয়েছে চার্জে চালিত প্রাইভেট কার ও মোটরসাইকেল।

    প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া কয়েকটি গাড়ি তিনি চালিয়ে যাচাই করেন। পরে সেখান থেকে বেলা ১১টা ৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তিনি।

  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২২ মে ) রাত সাড়ে ৩টার দিকে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১০নং বায়েক ইউনিয়নের হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন,

    উপজেলার হরিপুর গ্রামের আব্দুল হানিফের পুত্র মমিন মিয়া, বড় বায়েক গ্রামের জিয়াউল হকের পুত্র মো.ইব্রাহিম।

    পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার করা হয়েছে। কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • আজকের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

    আজকের মধ্যে বিদ্যুৎ বিল না দিলে জরিমানা

    জেভি২৪ ডেস্ক 

    আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের প্রতি আজ শনিবারের (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

    শুক্রবার (২২ মে) গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় তথ্যটি নিশ্চিত করা জানানো হয়েছে।

    বার্তায় বলা হয়, সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শনিবার (আজ) সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই আপনারা অফিসে বা ব্যাংকে বিদ্যুৎ বিল দিতে পারবেন।

    এ ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধের শেষ সময় ২৩ মে হলে জরিমানা ছাড়া বিল পরিশোধ করতে চাইলে অবশ্যই শনিবারের মধ্যে বিল দিতে হবে।

    অন্যথায় বিলের সঙ্গে এলপিসি জরিমানা যুক্ত হবে বলেও জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।

  • অল্প সময়ে আড়াই কোটি মানুষের ঈদযাত্রা চ্যালেঞ্জিং

    অল্প সময়ে আড়াই কোটি মানুষের ঈদযাত্রা চ্যালেঞ্জিং

    জেভি২৪ ডেস্ক 

    অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা স্বস্তির ও নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং হলেও এবার সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী রবিউল আলম। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

    মন্ত্রী বলেন, মাত্র তিন দিনের মধ্যে আড়াই কোটি মানুষ ও কোরবানিযোগ্য পশু পরিবহন করা একটি বড় অবকাঠামোগত চ্যালেঞ্জ। তবে সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।

    এর আগে কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। সড়ক ও রেল দুর্ঘটনায় নিহত ৮৬ জনের পরিবার এবং আহত ৩৩ জনসহ মোট ১১৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, আমরা এই দায়িত্ব ঈমানের সঙ্গে পালনের চেষ্টা করছি। দুর্ঘটনার স্থান ও কারণগুলো আগে থেকেই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার ফলে দুর্ঘটনার পরিমাণ ক্রমান্বয়ে কমে আসছে। অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী ক্ষোভ প্রকাশ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোট খরচ এবং নিহতের প্রকৃত সংখ্যা কত তা মন্ত্রীর কাছে জানতে চান।

    জেলা শিল্পকলা একাডেমির অনুষ্ঠানের আগে আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা (দাউদকান্দি টোল প্লাজা) সরেজমিন পরিদর্শন করেন মন্ত্রী রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • এখন আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’

    এখন আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’

    জেভি২৪ ডেস্ক 

    আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের পশুর হাটে নানা আকর্ষণের ভিড়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে নারায়ণগঞ্জের এক ব্যতিক্রমী মহিষ। ৭০০ কেজি ওজনের বিরল গোলাপি রঙের মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

    অদ্ভুত চেহারা, কপালে ঝুলে থাকা সোনালি-লালচে চুল আর ব্যতিক্রমী গড়নের কারণে এটি এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নিয়েছে।

    শুক্রবার (২২ মে) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স মহিষটিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনাম ছিল বাংলাদেশের বিরল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন ঈদের সেনসেশন।

    প্রতিবেদনে বলা হয়, সাধারণত বাংলাদেশের মানুষ কালো রঙের মহিষ দেখতে অভ্যস্ত। তবে এই এলবিনো জাতের মহিষটির গায়ের রং হালকা গোলাপি বা ক্রিমের মতো। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর কপালে থাকা একগুচ্ছ সোনালি চুল, যা দেখতে অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের মতো।

    এই অদ্ভুত মিল থেকেই শখ করে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। আর এখন সেটিই হয়ে উঠেছে খামারের প্রধান আকর্ষণ। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ মহিষটিকে একনজর দেখতে এবং ছবি তুলতে ভিড় করছেন।

    শুধু রয়টার্স নয়, এর আগেও একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পেয়েছে আলোচিত এই মহিষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য টেলিগ্রাফ, ভারতের হিন্দুস্তান টাইমস ও নিউজ এইট্টিনসহ বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

    নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন জানান, তার ছোট ভাই প্রথমে মজার ছলে মহিষটির চুলের সঙ্গে ট্রাম্পের চুলের মিল খুঁজে নামটি রাখেন। পরে সেটিই এত জনপ্রিয় হয়ে উঠবে, তা তারা কল্পনাও করেননি।

    বাংলাদেশে কোরবানির পশুর নাম সেলিব্রিটি বা আলোচিত ব্যক্তিদের নামে রাখার প্রবণতা নতুন নয়। তবে এবারের ঈদে সব আলোচনা ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নারায়ণগঞ্জের এই গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

  • উত্তপ্ত আইপিএল, হেড-কোহলির দ্বন্দ্বে দোষ কার

    উত্তপ্ত আইপিএল, হেড-কোহলির দ্বন্দ্বে দোষ কার

    জেভি২৪ স্পোর্টস ডেস্ক 

    ২০২৬ সালের আইপিএল যেন নতুন করে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় ছিল। আর সেই কাজটাই করলেন বিরাট কোহলি ও ট্রাভিস হেড। শুক্রবার (২২ মে) রাতে সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচে দুই তারকার উত্তপ্ত আচরণ নিয়ে ক্রিকেট বিশ্বে এখন তুমুল আলোচনা।

    বিতর্কের সূচনা হয় ম্যাচ শেষে। ৫৫ রানের বড় ব্যবধানে আরসিবিকে হারানোর পর এসআরএইচ খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতে দেখা যায় কোহলিকে। প্যাট কামিন্সের সঙ্গে হাত মেলালেও ট্রাভিস হেডকে পুরোপুরি উপেক্ষা করেন তিনি। হেড হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকলেও কোহলি তার দিকে না তাকিয়েই পাশ কাটিয়ে চলে যান। পরে হেডও নিরুপায় হয়ে সরে দাঁড়ান। মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

    কোহলির এমন আচরণের পেছনে ঠিক কী কারণ ছিল, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, আরসিবির রান তাড়ার সময় কোহলির ইনিংস চলাকালীন দুজনের মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। স্লেজিংয়ের অংশ হিসেবে কোহলি নাকি হেডকে কয়েকটি বল করতে আসার ইঙ্গিত দেন। একই সঙ্গে ‘ইমপ্যাক্ট সাব’ নিয়ে অঙ্গভঙ্গি করে অস্ট্রেলিয়ান ব্যাটারকে খোঁচাও দেন তিনি।

    চলতি মৌসুমে বেশ কয়েকবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমেছেন হেড এবং কয়েকবার বদলিও হয়েছেন। তবে শুক্রবারের ম্যাচে তিনি পুরো সময় মাঠে ছিলেন। সেই প্রসঙ্গ টেনেই কোহলি বিদ্রূপ করেছিলেন বলে মনে করা হচ্ছে।

    তবে মাঠে এতটা আগ্রাসী হওয়ার পর ব্যাট হাতে দীর্ঘ সময় টিকতে পারেননি কোহলি। মাত্র ১১ বলে ১৫ রান করে আউট হন তিনি। এরপরই পাল্টা জবাব দেন হেড। কোহলির বিদায়ের পর অস্ট্রেলিয়ান ওপেনারকে বলতে শোনা যায়, ‘বন্ধু, আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে!’

    ঘটনার পর ক্রিকেটমহলে প্রশ্ন উঠেছে, আসল দোষ কার? যদিও পুরো ঘটনা পরিষ্কারভাবে জানা যায়নি, তবু এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অনেকেই কোহলির আচরণকেই বাড়াবাড়ি বলে মনে করছেন।

    ঘটনার সময় ধারাভাষ্যে ছিলেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। পরে তিনি বলেন, ‘ম্যাচের উত্তাপে অনেক কিছুই হতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু ম্যাচ শেষে যা হয়েছে, সেটা ঠিক হয়নি।’

    ম্যাচটি এসআরএইচের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীর্ষ দুইয়ে জায়গা করে নিতে তাদের বড় জয় প্রয়োজন ছিল। তারা বড় ব্যবধানে জিতলেও নেট রান রেটে আরসিবি কিংবা গুজরাট টাইটানসকে ছাড়িয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত আরসিবি, গুজরাট টাইটান্স ও এসআরএইচ; তিন দলই ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে। তবে ভালো নেট রান রেটের কারণে শীর্ষে থাকে আরসিবি।

    প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের। 

  • ঝিনাইদহের মহেশপুরে র‍্যাব-৬ এর অভিযানে ৬১৬ বোতল স্ক্রাফসহ আটক-২

    ঝিনাইদহের মহেশপুরে র‍্যাব-৬ এর অভিযানে ৬১৬ বোতল স্ক্রাফসহ আটক-২

    জসিম হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি 

    ঝিনাইদহের মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬১৬ বোতল স্ক্রাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প।

    আজ শুক্রবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে উপজেলার একটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে আটককৃতরা সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

    অভিযানকালে তাদের কাছ থেকে ৬১৬ বোতল নিষিদ্ধ স্ক্রাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক দুইজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

    এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • রামু সাব-রেজিস্ট্রি অফিসে সেবার নতুন দিগন্ত

    রামু সাব-রেজিস্ট্রি অফিসে সেবার নতুন দিগন্ত

     

    এস.এম.হুমায়ুন কবির, কক্সবাজার

    কক্সবাজারের রামু সাব-রেজিস্ট্রি অফিসে এখন যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। একসময় দীর্ঘসূত্রতা, দালালচক্রের দৌরাত্ম্য ও সেবাগ্রহীতাদের ভোগান্তির অভিযোগে আলোচিত এই অফিসটি বর্তমানে স্বচ্ছতা, দ্রুত সেবা ও জনবান্ধব কার্যক্রমের কারণে প্রশংসা কুড়াচ্ছে। আর এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রামু সাব-রেজিস্ট্রার সাহেদ হোসেন চৌধুরী।

    স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই অফিসের সার্বিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ফলে আগের তুলনায় জমি রেজিস্ট্রেশন কার্যক্রম এখন অনেক সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত হয়েছে।

    সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ জমি রেজিস্ট্রেশন ও সংশ্লিষ্ট সেবা নিতে অফিসে আসছেন। সেবাগ্রহীতাদের অভিযোগ ও প্রয়োজন গুরুত্ব সহকারে শুনছেন কর্মকর্তা-কর্মচারীরা। নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত দলিল সম্পাদনের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে বলেও জানান অনেকে।

    রামুর গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ বলেন, “আগে একটি দলিল রেজিস্ট্রি করতে দিনের পর দিন ঘুরতে হতো। এখন অনেক দ্রুত কাজ হয়। সাব-রেজিস্ট্রার সাহেব নিজেও বিষয়গুলো তদারকি করেন।”

    ঈদগড় এলাকার কৃষক নুরুল আবছার জানান, “সরকারি অফিসে গেলে সাধারণ মানুষ ভয় পায়। কিন্তু এখানে এসে ভালো ব্যবহার পেয়েছি। কোনো হয়রানি ছাড়াই কাজ শেষ করতে পেরেছি।”

    স্থানীয় দলিল লেখক সমিতির এক সদস্য বলেন, “বর্তমান সাব-রেজিস্ট্রার অফিসে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। নিয়মের বাইরে কিছু করার সুযোগ কমে গেছে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।”

    নারী সেবাগ্রহীতাদের মধ্যেও রয়েছে সন্তোষ। ফাতেমা বেগম নামের এক সেবাগ্রহীতা বলেন, “আগে নারী হিসেবে অনেক সমস্যায় পড়তে হতো। এখন কর্মকর্তারা সহযোগিতা করেন। পরিবেশও আগের চেয়ে অনেক ভালো।”

    স্থানীয় আইনজীবীদের একাংশ জানান, সাহেদ হোসেন দায়িত্ব নেওয়ার পর দলিল যাচাই-বাছাই ও নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা বেড়েছে। একই সঙ্গে সেবার গতি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে।

    খোঁজ নিয়ে জানা যায়, অফিসে দালাল নির্ভরতা কমাতে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি নির্ধারিত সরকারি ফি সম্পর্কে সেবাগ্রহীতাদের অবহিত করা হচ্ছে। ফলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও অনেকাংশে কমেছে।

    স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি অফিসে সেবার মান উন্নয়নে আন্তরিকতা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। রামু সাব-রেজিস্ট্রি অফিসে বর্তমান প্রশাসনিক পরিবেশ সেই ইতিবাচক পরিবর্তনেরই প্রতিফলন।

    তাদের ভাষ্য, একজন দায়িত্বশীল কর্মকর্তার সদিচ্ছা থাকলে সরকারি অফিসেও যে জনবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব, রামু সাব-রেজিস্ট্রি অফিস তার বাস্তব উদাহরণ।