রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ভূমি অফিস এবং পুঠিয়া ও বাঘার কয়েকটি ইউনিয়ন ভূমি অফিসে চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঈদের সরকারি ছুটির সুযোগে সংঘটিত এসব ঘটনায় কম্পিউটারসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সরঞ্জাম চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুর্গাপুর ও পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাদী হয়ে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে অফিসগুলো বন্ধ ছিল। এই সময়ের মধ্যে চোরচক্র জানালার থাই গ্লাস ও লক ভেঙে অফিসে প্রবেশ করে মূল্যবান তথ্যপ্রযুক্তি সরঞ্জাম নিয়ে যায়।
২ জুন সরেজমিনে দুর্গাপুর উপজেলার সিংগা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে চুরির ঘটনার সত্যতা পাওয়া যায়। ভূমি অফিস সূত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্পের আওতায় সরবরাহ করা কম্পিউটারের ২৫৬ জিবি এসএসডি, প্রসেসর, র্যাম, রাউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়েছে। চোরেরা মনিটরের ভাঙা অংশ ফেলে রেখে যায়।
স্থানীয়দের ধারণা, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। তাদের মতে, সরকারি তথ্য ও সরঞ্জাম লক্ষ্য করেই পরিকল্পিতভাবে এ চুরি সংঘটিত হয়েছে।
দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় থানায় পৃথক দুটি চুরির মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা নং-০১ ও ০২ এবং জিআর নং-৫৩ ও ৫৪/২৬ রুজু হয়েছে। তবে মামলার এজাহারে আসামির নাম উল্লেখ্য নেই।
এদিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে অফিসের নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অশিকার করেন।
চুরির ঘটনায় ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সরকারি তথ্যের সুরক্ষা এবং নৈশপ্রহরী নিয়োগ ও তদারকি নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্গাপুর সিংগা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (নায়েব) নওসাদ আলী বলেন, “সাত দিনের সরকারি ছুটির মধ্যে কোনো একসময় চুরির ঘটনা ঘটেছে। অফিসে সিসিটিভি ক্যামেরা ও নৈশপ্রহরীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোরেরা সুযোগ পেয়েছে। ইতোমধ্যে থানায় মামলা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমার ইউজার আইডির মাধ্যমে ভূমিসেবা কার্যক্রম চালু রয়েছে, ফলে গ্রাহকদের সেবা প্রদানে বড় ধরনের সমস্যা হবে না। তবে অফিসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসএসডিতে সংরক্ষিত ছিল।”
দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের নৈশপ্রহরী ইব্রাহিম বলেন, “চুরির ঘটনা সত্য। তবে ঈদের ছুটির সুযোগে বাইরের একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে আমার ধারণা।”
দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, “চুরির ঘটনা জানার সঙ্গে সঙ্গেই থানায় মামলা করা হয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। অফিসের সিসিটিভি ফুটেজেও সন্দেহভাজন চোরের উপস্থিতি দেখা গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।”
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দন সরকার বলেন, “চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। তদন্ত টিম গঠন করা হয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, একই সময়ে রাজশাহীর পুঠিয়া ও বাঘা উপজেলা ইউনিয়ন ভূমি অফিসেও চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।










