Author: Jvadmin

  • বিলাইছড়িতে ২ দিনের সফরে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়

    বিলাইছড়িতে ২ দিনের সফরে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়

    সুজন কুমার তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি প্রতিনিধি 

    চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় দুই দিনের সফরে বিলাইছড়িতে গমন করেন।

    শনিবার (৩০ মে) ১১ টায় উপজেলায় পৌঁছালে স্বাগত জানান হেডম্যান এসোসিয়েশন ও কার্বারী সমিতি। তিনি সফরে ইউএনডিপির অর্থায়নে পরিচালিত LOGIC প্রকল্পের উন্নয়নমূলক কার্যক্রম এবং ভিসিএফ প্রকল্প পরিদর্শনের উদ্দেশ্যে রাঙ্গামাটি হতে নৌপথে বিলাইছড়ি আসেন।

    জানা যায়, সফরকালে তিনি বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলছড়ি মৌন পাড়া ও শুনাছড়ি পাড়া এবং ২নং কেংড়াছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পরিহলা মৌন পাড়া ও টগলগছড়া মৌন পাড়ায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ইউএনডিপির অর্থায়নে পরিচালিত লজিক (LOGIC) প্রকল্পের আওতাধীন সৌরশক্তি চালিত রিংওয়েল ভিত্তিক পানীয় জল সরবরাহ কার্যক্রম পর্যবেক্ষণ করার পাশাপাশি ভিসিএফ ও ন-কাবাছড়া ঝর্ণা পরিদর্শন করবেন। এছাড়া তিনি বিলাইছড়ি উপজেলার মৌন পাড়ায় কান্দ্রা কারবারির বাসভবনে রাত্রিযাপন করবেন। এসময় উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, কার্বারী সমিতির সভাপতি জয়সিন্ধু চাকমা,থুইপ্রু মার্মা ও সাধারণ সম্পাদক রুপকুমার কার্বারী সহ অন্যানা গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতাল কর্মীদের হামলা

    সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতাল কর্মীদের হামলা

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন একাধিক গণমাধ্যমকর্মী।

    শনিবার (৩০ মে) সন্ধ্যার দিকে এই অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে।

    স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন এবং সাম্প্রতিক সময়ে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের প্রথমে ব্যাপক বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে তাদের ওপর শারীরিক হামলা চালানো হয়।

    ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ করেই আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে সবকটি প্রবেশমুখ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এরপর ১ নম্বর গেটের সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। পেশাগত কারণে গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের অত্যন্ত অন্যায়ভাবে বাধা প্রদান করেন। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে মগবাজার থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে প্রবেশ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই গণমাধ্যমকর্মীদের ওপর চরম মারমুখী আচরণ শুরু করেন হাসপাতালের নিরাপত্তাকর্মীরা এবং সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি শান্ত করতে দৃশ্যপটে হাজির হন হাসপাতালটির সিনিয়র ম্যানেজার। তবে উপস্থিত ক্ষুব্ধ সাংবাদিকদের কোনো যৌক্তিক বা অপেশাদার আচরণের প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

    এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ঠিক আগে আদ-দ্বীন হাসপাতালে একটি অবৈধ বেকারির সন্ধান পাওয়ার খবরে সেখানে জরুরি পরিদর্শনে আসেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালটির ভেতরে বেকারি পরিদর্শন শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী জানান, হাসপাতালের ভেতরের বেকারিটি পুরোটাই চরম অনিয়ম ও নোংরা পরিবেশের মধ্য দিয়ে চলছিল। বিষয়টি অত্যন্ত শক্তভাবে খতিয়ে দেখা হবে বলেও তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

    স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বেকারির ভয়াবহ চিত্র তুলে ধরে আরও বলেন, ‘হাসপাতালের ভেতরে একটি বেকারি পাওয়া গেছে, যা কোনো প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছাড়াই মাত্র দুটি ইলেকট্রিক ওভেন দিয়ে চালানো হতো, যা কোনোভাবেই উচিত হয়নি। সেখানে প্রচুর ময়লা ও অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। হাজার হাজার শিক্ষার্থীর জন্য এই বেকারিতে প্রতিদিন খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো বিষাক্ত গ্যাস বের হয়েছে কি না, তা আমরা তদন্ত করে খতিয়ে দেখছি।’

    উল্লেখ্য, গত বুধবার (২৭ মে) সকালে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একসঙ্গে ছয়টি শিশুর রহস্যজনক মৃত্যু হয়। দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করা এই মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকারের পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সরকারি তদন্ত কমিটি আগামী ৩ জুনের মধ্যে তাদের চূড়ান্ত ও বিস্তারিত তদন্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে।

  • সিভিতে যে ৭ ভুল চাকরির সুযোগ নষ্ট করে

    সিভিতে যে ৭ ভুল চাকরির সুযোগ নষ্ট করে

    জেভি২৪ ডেস্ক 

    ২০২৬ সালের বর্তমান চাকরির বাজার এক নতুন ও অত্যন্ত প্রতিযোগিতামূলক যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির উৎকর্ষতা এবং নিয়োগ প্রক্রিয়ায় অটোমেশনের ব্যাপক ব্যবহারের ফলে এখন কেবল যোগ্যতা থাকাই শেষ কথা নয়, বরং সেই যোগ্যতাকে সঠিক উপায়ে উপস্থাপন করাও সমভাবে জরুরি হয়ে পড়েছে। নিয়োগকর্তারা এখন আর ম্যানুয়ালি সব আবেদন যাচাই করেন না; বরং তারা ‘অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম’ (ATS) বা আধুনিক ফিল্টারিং প্রযুক্তির ওপর অনেকাংশে নির্ভরশীল।

    এই আধুনিক ডিজিটাল যুগে আপনার সিভি-ই হতে পারে ইন্টারভিউ বোর্ডে পৌঁছানোর প্রথম এবং একমাত্র শক্তিশালী মাধ্যম। কিন্তু পরিসংখ্যান বলছে, অনেক যোগ্য প্রার্থীও কেবল সিভির কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুলের কারণে নিয়োগকর্তাদের নজরে আসার আগেই বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়ে যাচ্ছেন। তাই ২০২৬ সালের এই বৈশ্বিক ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নিয়োগ ব্যবস্থায় টিকে থাকতে হলে আপনার সিভিতে নিচের ৭টি ভুল এড়িয়ে চলা অপরিহার্য:

    ১. সব পদের জন্য একই ‘জেনেরিক’ সিভি ব্যবহার করা: অনেকেই একটি সাধারণ সিভি তৈরি করে সব জায়গায় পাঠান। ২০২৬ সালের নিয়োগ পদ্ধতি এখন অনেক বেশি কি-ওয়ার্ড নির্ভর। আপনি যে পদের জন্য আবেদন করছেন, সেই জব ডেসক্রিপশনের সাথে মিল রেখে সিভি তৈরি না করলে তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

    ২. দুর্বল বা অস্পষ্ট পার্সোনাল প্রোফাইল: ‘আমি একজন কঠোর পরিশ্রমী ব্যক্তি’’ এ ধরনের সাধারণ কথা এখন আর চলে না। নিয়োগকর্তারা এখন প্রথম কয়েক লাইনের মধ্যেই আপনার অভিজ্ঞতা, বিশেষ দক্ষতা এবং সাফল্যের সংক্ষিপ্ত ও গোছানো বর্ণনা আশা করেন।

    ৩. অপ্টিমাইজেশনকে গুরুত্ব না দেওয়া: বর্তমানে অনেক প্রতিষ্ঠান মানুষের আগে সফটওয়্যার বা ‘অ্যাপ্লিক্যান্ট ট্র্যাকিং সিস্টেম’ দিয়ে সিভি যাচাই করে। আপনার সিভিতে যদি সঠিক কি-ওয়ার্ড, সাধারণ ফরম্যাটিং বা স্পষ্ট কাঠামো না থাকে, তবে এই সিস্টেম আপনার আবেদনটি শুরুতেই বাতিল করে দিতে পারে।

    ৪. অপ্রাসঙ্গিক অভিজ্ঞতার বোঝা: জীবনের সব ছোট-বড় কাজের অভিজ্ঞতা সিভিতে যোগ করলে সিভির মূল গুরুত্ব হারিয়ে যায়। নিয়োগকর্তারা কেবল সেই অভিজ্ঞতাগুলোই দেখতে চান যা বর্তমান পদের সাথে সরাসরি সম্পর্কিত। অপ্রাসঙ্গিক তথ্য সিভির মান কমিয়ে দেয়।

    ৫. জটিল ফরম্যাটিং ও পড়ার অযোগ্যতা: অতিরিক্ত গ্রাফিক্স, অনেক ধরনের ফন্ট বা খুব জটিল ডিজাইন সিভির জন্য ক্ষতিকর হতে পারে। আধুনিক ডিজিটাল সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন এবং সহজ কাঠামোর লেআউট বেছে নেওয়া সবচেয়ে কার্যকর।

    ৬. পরিমাপযোগ্য অর্জনের অভাব: আপনি অতীতে কী কী দায়িত্ব পালন করেছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেখানে কী ফলাফল দেখিয়েছেন। সংখ্যা বা শতাংশের মাধ্যমে (যেমন কত শতাংশ রাজস্ব বাড়িয়েছেন বা কতটুকু কাজের উন্নতি করেছেন) আপনার সাফল্যগুলো ফুটিয়ে না তুললে আপনি অন্যদের চেয়ে পিছিয়ে পড়বেন।

    ৭. বানান ও ব্যাকরণগত ভুল: খুব সামান্য বানান ভুল বা ব্যাকরণগত ত্রুটি নিয়োগকর্তার কাছে আপনার অসাবধানতা ও দায়িত্বহীনতার পরিচয় দেয়। বর্তমানের উচ্চ প্রতিযোগিতামূলক বাজারে এ ধরনের ভুল দেখা মাত্রই অনেক সময় সিভি প্রত্যাখ্যান করা হয়।

    চাকরির বাজারের এই নতুন চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আপনার সিভিতে এই পরিবর্তনগুলো আনলে কাঙ্ক্ষিত ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

     

    তথ্যসূত্র: টাইমস ম্যাগাজিন, টাইমস অব ইন্ডিয়া ও এমএসএন ডটকম

  • ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন ঘিরে বিতর্ক, নতুন বার্তা দিল কর্তৃপক্ষ

    ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শন ঘিরে বিতর্ক, নতুন বার্তা দিল কর্তৃপক্ষ

    বিনোদন ডেস্ক 

    শিগগিরই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে ও ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনীর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

    শনিবার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে বিতর্কের জেরে ছবিটির প্রদর্শনী স্থগিত করে আয়োজক কর্তৃপক্ষ। এদিন বিকেল তিনটার দিকে জেলা শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে ছবিটির প্রদর্শনী হওয়ার কথা ছিল।

    আয়োজকরা জানায়, অনুষ্ঠানটির প্রচারণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। জেলার কওমি ছাত্র-ঐক্য পরিষদের একাংশ সিনেমাটি প্রদর্শনের বিরোধিতা করে ফেসবুকে প্রচারণা চালায়। বিশৃঙ্খলা ও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিনেমাটি প্রদর্শন স্থগিত রাখে জেলা প্রশাসন।

    এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আবু সাঈদ জানান, আয়োজক কমিটি প্রদর্শনীর বিষয়ে প্রশাসনকে অবহিত করেনি। এছাড়া প্রদর্শনী নিয়ে পক্ষে-বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা ছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে আপাতত ছবির প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

    বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তিনি জানান, বাংলাদেশের আইন অনুযায়ী সেন্সর পাওয়া যেকোনো সিনেমা প্রদর্শন করা যায়। শুধু তা–ই নয়, প্রদর্শনী আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাও পাওয়ার কথা। কিন্তু আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে উসকানিমূলক প্রচার চালানো হচ্ছে, যা বেআইনি।

  • মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

    মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল আদর্শ: প্রধানমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই রাজনীতিতে এসেছেন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।

    শনিবার (৩০ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি নিজের অবস্থান থেকে একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা এবং মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব।

    তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আমরা তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকের দিনে সকল বিত্তবান ও সচেতন নাগরিকের প্রতি আমাদের আহ্বান- আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াই।’

    সেখানে প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তার আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে।

    যাত্রাবাড়ীতে বস্ত্র ও খাবার বিতরণকালে প্রধানমন্ত্রী বলেন, মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি। আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই, সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো। মানবিকতা সহমর্মিতা ও দায়িত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। এটাই হোক আমাদের অঙ্গীকার এটাই হোক আমাদের প্রত্যাশা।

    রাজধানীর জুরাইনে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ কারও একার না। দেশ যেমন কোনো সরকারের একার না, যেমন কোনো রাজনৈতিক দলের একার না, কোনো পরিবার বা কোনো ব্যক্তির একার না। দেশটি হচ্ছে লাখো-কোটি মানুষের, প্রত্যেকের। তাই এই দেশকে গড়ে তুলতে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে।

  • বিলাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

    বিলাইছড়িতে জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

     

    রাঙ্গামাটি প্রতিনিধি 

    বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:- রাঙ্গামাটির বিলাইছড়িতে শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমান এঁর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ মে) সকাল ১০ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিলাইছড়ি উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এই দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির সহ- সভাপতি ইমাম হাসান সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয় সহ- সভাপতি আব্দুল বারেক খাঁ।

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র সম্পাদক রেজাউল করিম রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও জাসাসের সভাপতি মো. জাকির হোসেন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম সর্দার, উপজেলা বিএনপির সহ – সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, উপজেলা যুবদলের সহ সভাপতি মো. নাসির, মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ভিএল পাংখোয়া, কেংড়াছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মনির হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ওমর ফারুক ( মনি মেম্বার), জাসাসের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. মতিন, ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি সাইফ আলী, ছাত্র দলের মো. আকবর, ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মো.শাহরিয়ার, এক নং ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলী হায়দার।

    এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ- সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা (জ্যোতিপ্রিয়), ইউনিয়ন বিএনপি’র সভানেত্রী ডালিয়া বড়ুয়া, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ অলি আহমেদ। উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো. আলী আকবর। আরও উপস্থিত ছিলেন ববিতা চাকমা, বিদ্যাসাগর চাকমা, মোঃ রফিক, শহীদুল, জামাল,, মো. কবির হোসেন, জনি মার্মা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনায় শান্তি রায় চাকমা (রায়ধন)।

  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

     

    শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

    মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ মে ২০২৬) নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

    পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথ ধরে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”

    বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

    ইবিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

     

    নাফীজ আহমেদ ,ইবি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোকর‍্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

    শনিবার (৩০ মে) দুপুর ১২টায় প্রশাসন ভবনের সামনে থেকে শোক র‍্যালি বের করে সংগঠনটি। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক উন্মোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।

    এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব, রোকন উদ্দিন ও আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, সাক্ষরসহ প্রায় অর্ধশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    এর আগে বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্বপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ ইয়াকুব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি শোক র‍্যালি বের হয়। র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরের সামনে গিয়ে শেষ হয়।

    পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ রাষ্ট্রনায়কের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অডিও বার্তার মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম এম মতিনুর রহমান।

    বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচির মধ্যে ছিল শোক র‍্যালি, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।

  • নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন পিতৃত্বকালীন ছুটি

    নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন পিতৃত্বকালীন ছুটি

    চাকরি 

    নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)। ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট বিভাগে সিনিয়র অফিসার পদে জনবল নেবে সংস্থাটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৩ মে থেকে। আবেদন শেষ হবে ১ জুন।

    প্রতিষ্ঠানের নাম: বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও)।

    চাকরির ধরন: বেসরকারি।

    পদসংখ্যা: ১টি।

    লোকবল: নির্ধারিত নয়।

    পদের নাম: সিনিয়র অফিসার।

    আবেদনের যোগ্যতা: ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন এবং মানবিক খাতে আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল কক্সবাজার।

    বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব বা মাতৃত্বকালীন ছুটিসহ সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে।

    আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।

  • ভেরিফিকেশন অফিসার পদে নিয়োগ দেবে সশস্ত্র বাহিনী বোর্ড

    ভেরিফিকেশন অফিসার পদে নিয়োগ দেবে সশস্ত্র বাহিনী বোর্ড

    চাকরি 

    বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১১তম গ্রেডে ‌‘ভেরিফিকেশন অফিসার’ পদে জনবল নেবে। আবেদন ২০ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ১৮ জুন বিকেল ৫টা পর্যন্ত।

    আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড

    পদের নাম: ভেরিফিকেশন অফিসার

    পদসংখ্যা: ১টি

    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

    চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

    প্রাথীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

    প্রাথীর বয়স: সর্বোচ্চ ৪৮ বছর (১৪ মে ২০২৬ তারিখে)

    আবেদনের যোগ্যতা

    • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
    • ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমর্যাদাসম্পন্ন হতে হবে

    আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ সাধারণ প্রার্থীদের ১৬৮ টাকা এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

    আবেদন যেভাবে: আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানেও ফরম পূরণ করতে এখানে ক্লিক করুন।