কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে রামু থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার ফতেখারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌমুহনী কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের তত্ত্বাবধানে এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে এসআই জয়নাল আবদীন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রামু-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওয়াজেদ কমপ্লেক্সের সামনে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে মো. সফিউল আলম (২৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সফিউল আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌলভীবাজার পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে।
এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, একটি ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সিম্ফনি বাটন মোবাইল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










