Author: Jvadmin

  • আইডিইবি নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

    আইডিইবি নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি

    ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত জেলা নির্বাহী কমিটির (জেনিক) ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক শফিকুল ইসলাম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম।
    বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, আইডিইবি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।

    অনুষ্ঠানে জেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, শিক্ষাবিদ এবং সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের অগ্রগতি, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

  • নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

    নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

    নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সফিকের (৩৮) বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

    মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত মো. সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

    ভুক্তভোগী খুকি অভিযোগ করে বলেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

    তিনি আরও বলেন, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

    খুকি আরও অভিযোগ করেন, সফিক তার প্রজেক্টে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করাতেন। আবার হিসেবে গরমিল হলে বেজায় গালমন্দ করতেন। সব সময় তার প্রজেক্টে ১০-১৫ টি মোটরসাইকেল থাকে। প্রায় সেখানে হরেক রকম মাদকের আসর বসে।

    অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. সফিক বলেন, খুকির পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী আমার বোনের বসত ঘরের দরজা খোলার চেষ্টা করেন, আমার মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তার স্বামী আমাকে আক্রমণ করে এবং আমার নাক ফাটিয়ে দেয়।

    এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

    রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

    এস.এম.হুমায়ুন কবির,কক্সবাজার

    রামুতে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করার লক্ষে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’।

    এ শ্লোগানে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উদ্বোধন করা হয় রামুতে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত বির্তক প্রতিযোগিতা উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।

    সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সুবীর বড়ুয়া বুলু, সদস্য মাওলানা মোহছেন শরীফ, সুকুমার বড়ুয়া বুলু, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাইফুল্লাহ সাইফ, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিমন বড়ুয়া, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।

    শনিবার রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্ব অনুুষ্ঠিত হয়। এতে রামু উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসার বিতার্কিক দল অংশ নেয়।

    রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। সৎ থাকতে ও সৎ থাকার চেতনা সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান থাকার লক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এ প্রতিযোগিতা আয়োজন করে। এ আয়োজনে সূচনা বক্তব্য উপস্থাপন করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ।

    প্রথম পর্বে ‘দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকাই মূখ্য’ বির্তকের এই বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক গ্রুপের পক্ষ দল জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়, খ গ্রুপের পক্ষ দল রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, গ গ্রুপের পক্ষ দল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ঘ গ্রুপের বিপক্ষ দল ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, ক গ্রুপের বিপক্ষ দল আল গিফারী (রা:) আদর্শ দাখিল মাদ্রাসার দলনেতা সাইমা সুলতানা, খ গ্রুপের পক্ষ দল রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের দলনেতা রিয়া বড়ুয়া, ঘ গ্রুপের পক্ষ দল পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দলনেতা রিয়া মনি।

    ‘স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশনই (দুদক) সুশাসনের মূল ভিত্তি’ বিতর্ক বিষয়ে দুপুরে অনুুষ্ঠিত দ্বিতীয় পর্ব। এতে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় পক্ষ দলে,  রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ বিপক্ষ দলে এবং রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পক্ষ দলে, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের যুক্তি তর্কের লড়াইয়ে বিজয়ী হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়।

    আগামী বৃহস্পতিবার (১৮ জুন) চুড়ান্ত পর্বে মুখোমুখি হবে এই দুই দল।

    বিতর্ক প্রতিযোগিতায় কবি-গল্পকার, প্রাবন্ধিক নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক নীলোৎপল বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মং হ্লা প্রু পিন্টু, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বেসরকারি সংস্থা একটেড এর অপারেশন কো-অর্ডিনেটর মো. তাসনিমুল হক শাওন সম্মানিত বিচারক এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু সময়রক্ষক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুকুমার বড়ুয়া বুলু ফলাফল নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

    রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুুষ্ঠিত হয়ে প্রথম ও দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। এতে ক গ্রুপে জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় পক্ষে আল গিফারী (রা:) আদর্শ দাখিল মাদ্রাসা বিপক্ষে, খ গ্রুপে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পক্ষে সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় বিপক্ষে, গ গ্রুপে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ পক্ষ দলে, ঘ গ্রুপে পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পক্ষ দলে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

  • ফুলবাড়ী বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক

    ফুলবাড়ী বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক

    দিনাজপুর প্রতিনিধি

    দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কতৃক ১৩ জুন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করে।

    আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-২,৪৬,৮০০/- (দুই লক্ষ ছেচল্লিশ হাজার আটশত) টাকা।

    এবিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

  • জীবননগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

    জীবননগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে হাফসা খাতুন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

    হাফসা খাতুন একই গ্রামের মাঝ পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

    শিশু হাফসা খাতুনের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

    পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে হাফসা খাতুন বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মন্ডলের পুকুর সংলগ্ন স্থানে খেলা করতে যায়।খেলার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা মৃতদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করেছি। এছাড়াও জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ, আহত-১০

    কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ, আহত-১০

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। পরবর্তীতে লাগেজটি ফিরিয়ে আনার জন্য তার পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।

    অভিযোগ রয়েছে, লাগেজ হারানোর দায় হজযাত্রীর নিজস্ব দায়িত্ব বলে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে স্থানীয়রা জানান।

    এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “হজযাত্রীর লাগেজ নিয়ে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখানোর দাবি ইবি ছাত্রদলের

    এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখানোর দাবি ইবি ছাত্রদলের

    ইবি প্রতিনিধি 

    এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপ খেলা দেখানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

    এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, স্বাক্ষর, সাব্বির ও রোকনুজ্জামান অর্ক।

    স্মারকলিকিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা উপভোগ করা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাসমূহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হবে।

    এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, প্রস্তাবটি আমি উপাচার্য মহোদয়কে অবগত করবো। পরবর্তীতে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর মিললো যুবকের অর্ধগলিত মরদেহ

    চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর মিললো যুবকের অর্ধগলিত মরদেহ

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর রাফিন (২২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরের অর্জুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত রাফিন আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি এলাকার সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।

    পরিবারের দাবি, মুক্তিপণের ১২ লাখ টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাতে কুতুবপুরের অর্জুন খালে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। শনিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহত রাফিনের দাদি আমেনা বেগম জানান, গত ৫ জুন শুক্রবার সকালে রাফিন নিজের ব্যাটারিচালিত পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। রাত ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে রাফিনের দাদি আমেনা বেগমের মোবাইল ফোনে কল করেদাবি করা হয়, রাফিনকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ১২ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।

    এ ঘটনার পর আলমডাঙ্গা থানায় অভিযোগ দেওয়া হয়।

    স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় তারা রাফিনের অবস্থান সম্পর্কে জানতে চাইলেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বরং ফোনের অপর প্রান্তে তাকে মারধরের শব্দ শোনানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

    চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

  • যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না, প্রধানমন্ত্রী

    যে বাজেটে মদ সিগারেটের দাম বৃদ্ধি করা হয় সে বাজেট বিরোধী দলের পছন্দ হয় না, প্রধানমন্ত্রী

    এস.এম হুমায়ুন কবির, কক্সবাজার

    প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পর প্রথম কক্সবাজারে আসেন তারেক রহমান।সকাল ৯টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। খাল খনন,বৃক্ষরোপণ,শহিদ ওয়াসিমের কবর জিয়ারত,জনসভায় উপস্থিত,সুধী সমাবেশসহ বেশকিছু কর্মসূচির অংশ হিসাবে তিনি কক্সবাজারে আগমন করেন।১দিনের সফরে সারাদিন ব্যাপী তিনি এসব কর্মসূচির উদ্বোধন করবেন।

    কক্সবাজার সদরে পাতলী খাল পুনঃখনন:

    শনিবার(১৩ জুন) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় নিজ হাতে মাটি কেটে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খননের করেছিলেন এবং সেই উদ্যোগের ধারাবাহিকতায় বর্তমান সরকার পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে।

    তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে। কক্সবাজার সদরের পাতালী খাল খনন করা হলে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি ১,২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং অতিরিক্ত ১,২০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদনের সম্ভাবনা সৃষ্টি হবে। এছাড়া প্রায় ৮,৫০০ কৃষক সরাসরি সেচ সুবিধা পাবেন বলে তিনি উল্লেখ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির রাজনীতি মানুষের কল্যাণের রাজনীতি।” তিনি আরও জানান, কৃষক কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের বছরে এককালীন ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী জুলাই মাস থেকে কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

    নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, মেয়েদের শিক্ষার প্রসার ঘটাতে স্নাতক (ডিগ্রি) পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে।

    বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে সিগারেট ও মদের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করায় সাধারণ মানুষ স্বস্তি পাবে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, অতীতের মতো বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি।যে বাজেটে মদ,সিগারেটের দাম বৃদ্ধি পায় সে বাজেট নিয়ে বিরোধী দল বিভিন্ন প্রশ্ন তুলেছে।

    চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন:

    পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট সংরক্ষিত বনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

    পরে প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

    পরিদর্শনকালে সাফারি পার্কের মূল ফটক প্রাঙ্গণে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একই সঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমান।

    এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

    শহিদ ওয়াসিমের কবর জিয়ারত:

    দিনের পরবর্তী অংশে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় গিয়ে জুলাই আন্দোলনে নিহত চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। পরে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২০লক্ষ টাকার সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

    মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন:

    কর্মসূচির অংশ হিসাবে নবগঠিত কক্সবাজারের দশম উপজেলা মাতামুহুরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সহ বিভিন্ন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পেকুয়ায় জনসাধারণের উদ্দেশ্যে কথা বলেন প্রধানমন্ত্রী।

    চকরিয়ায় বিশাল বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণ:

    আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, কৃষি ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির বিষয়ে বক্তব্য রাখেন।

    এই প্রতিবেদন লিখা পর্যন্ত প্রধানমন্ত্রী চকরিয়ায় বক্তব্য রেখেছেন।পরবর্তী কর্মসূচি অনুযায়ী মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শক ও সুধী সমাবেশে অংশগ্রহণের কথা রয়েছে।সব সমাবেশ শেষ করে রাতে ঢাকার উদ্দেশ্য কক্সবাজার বিমান বন্দর হতে রওনা হবেন।

  • গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার

    গোপালগঞ্জ প্রতিনিধি 

    গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এস.আই) শফিকুল ইসলাম জানান, গত তিনদিন আগে সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ হয়। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান পায়নি।

    আজ শনিবার সকালে এলাকাবাসী নিহতের মরদেহ পুকুরের পানিতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

    নিহত শাহিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে। নিহতের পরিবারের চলছে আর্তনাদ! এলাকাবাসী এর সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবী করছে।