এস.এম.হুমায়ুন কবির,কক্সবাজার
রামুতে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করার লক্ষে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’।
এ শ্লোগানে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উদ্বোধন করা হয় রামুতে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত বির্তক প্রতিযোগিতা উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।
সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সুবীর বড়ুয়া বুলু, সদস্য মাওলানা মোহছেন শরীফ, সুকুমার বড়ুয়া বুলু, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাইফুল্লাহ সাইফ, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিমন বড়ুয়া, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।
শনিবার রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্ব অনুুষ্ঠিত হয়। এতে রামু উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসার বিতার্কিক দল অংশ নেয়।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। সৎ থাকতে ও সৎ থাকার চেতনা সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান থাকার লক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এ প্রতিযোগিতা আয়োজন করে। এ আয়োজনে সূচনা বক্তব্য উপস্থাপন করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ।
প্রথম পর্বে ‘দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকাই মূখ্য’ বির্তকের এই বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক গ্রুপের পক্ষ দল জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়, খ গ্রুপের পক্ষ দল রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, গ গ্রুপের পক্ষ দল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ঘ গ্রুপের বিপক্ষ দল ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, ক গ্রুপের বিপক্ষ দল আল গিফারী (রা:) আদর্শ দাখিল মাদ্রাসার দলনেতা সাইমা সুলতানা, খ গ্রুপের পক্ষ দল রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের দলনেতা রিয়া বড়ুয়া, ঘ গ্রুপের পক্ষ দল পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দলনেতা রিয়া মনি।
‘স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশনই (দুদক) সুশাসনের মূল ভিত্তি’ বিতর্ক বিষয়ে দুপুরে অনুুষ্ঠিত দ্বিতীয় পর্ব। এতে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় পক্ষ দলে, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ বিপক্ষ দলে এবং রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পক্ষ দলে, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের যুক্তি তর্কের লড়াইয়ে বিজয়ী হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়।
আগামী বৃহস্পতিবার (১৮ জুন) চুড়ান্ত পর্বে মুখোমুখি হবে এই দুই দল।
বিতর্ক প্রতিযোগিতায় কবি-গল্পকার, প্রাবন্ধিক নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক নীলোৎপল বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মং হ্লা প্রু পিন্টু, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বেসরকারি সংস্থা একটেড এর অপারেশন কো-অর্ডিনেটর মো. তাসনিমুল হক শাওন সম্মানিত বিচারক এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু সময়রক্ষক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুকুমার বড়ুয়া বুলু ফলাফল নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুুষ্ঠিত হয়ে প্রথম ও দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। এতে ক গ্রুপে জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় পক্ষে আল গিফারী (রা:) আদর্শ দাখিল মাদ্রাসা বিপক্ষে, খ গ্রুপে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পক্ষে সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় বিপক্ষে, গ গ্রুপে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ পক্ষ দলে, ঘ গ্রুপে পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পক্ষ দলে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

