Author: Jvadmin

  • দেশের জাতীয় চিড়িয়াখানায় স্থান পাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

    দেশের জাতীয় চিড়িয়াখানায় স্থান পাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

    জেভি২৪ ডেস্ক 

    অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হচ্ছে না। রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় স্থান পাচ্ছে ভাইরাল এই মহিষটি।

    আজ বুধবার (২৭ মে) জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের ট্রাম্প নামের মহিষটাকে প্রদর্শনীর জন্য আজ রাতেই চিড়িয়াখানায় আনার কথা আছে, এখনও আসেনি। আমরা একটা শেড প্রস্তুত করেছি ওটাকে রাখার জন্য। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

    এর আগে, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির সাদা চুল ও চোখের গড়ন অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিল থাকায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

    অদ্ভুত ও ব্যতিক্রমী নামের কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে ৭০০ কেজি ওজনের এই মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার এক ক্রেতা সামির ৫৫০ টাকা কেজি দরে মহিষটি কিনে নিয়েছিলেন। পরে মহিষটিকে এক নজর দেখতে ভিড় করেন শিশু-কিশোর, যুবকসহ নানা বয়সী মানুষ। শুধু নারায়ণগঞ্জ নয়, বরিশাল, কুমিল্লাসহ দূর-দূরান্ত থেকেও অনেকে ছুটে আসেন। কেউ কেউ কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

    দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পায় ভাইরাল এই মহিষটির খবর।

    এদিকে মহিষটিকে ঘিরে অতিরিক্ত জনসমাগম ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় আজ বিকেলে কেরানীগঞ্জের ক্রেতাকে টাকা ফেরত দিয়ে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

     

  • বিশ্বকাপের দল ঘোষণা করল স্বাগতিক যুক্তরাষ্ট্র

    বিশ্বকাপের দল ঘোষণা করল স্বাগতিক যুক্তরাষ্ট্র

    স্পোর্টস ডেস্ক 

    ঘরের মাঠে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

    শার্লট এফসির অভিজ্ঞ তারকা টিম রিমকে অধিনায়ক করে বুধবার (২৭ মে) শক্তিশালী দল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পচেত্তিনো।

    দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া রিমের অভিজ্ঞতা নতুনদের জন্য বড় সহায়তা হবে বলেই মনে করা হচ্ছে। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, দলের ঐতিহাসিক সাফল্যের স্বপ্নপূরণে ভিত্তিটা গড়ে দিতে চান এই ডিফেন্ডার।

    যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াড :

    গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি (শিকাগো এফসি), ম্যাট ফ্রিজ (নিউইয়র্ক সিটি এফসি), ম্যাট টার্নার (নিউ ইংল্যান্ড রেভোল্যুশন)।

    ডিফেন্ডার: ম্যাক্স আর্ফস্টেন (কলম্বাস ক্রু), সার্জিনো ডেস্ট (পিএসভি), অ্যালেক্স ফ্রিম্যান (ভিয়ারিয়াল), মার্ক ম্যাকেঞ্জি (তুলুস এফসি), টিম রিম (শার্লট এফসি), ক্রিস রিচার্ডস (ক্রিস্টাল প্যালেস), অ্যান্টনি রবিনসন (ফুলহ্যাম), মাইলস রবিনসন (এফসি সিনসিনাটি), জো স্ক্যালি (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), অস্টন ট্রাস্টি (সেল্টিক)।

    মিডফিল্ডার: টাইলর অ্যাডামস (বোর্নমাউথ), সেবাস্টিয়ান বারহল্টার (ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপস), উইস্টন ম্যাককিনে (জুভেন্টাস), ক্রিস্টিয়ান রোল্ডান (সিয়াটল সাউন্ডার্স), ব্রেন্ডন অ্যারনসন (লিডস ইউনাইটেড), জিওভান্নি রেইনা (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), মালিক তিলম্যান (বায়ার লেভারকুসেন), টিম উইয়াহ (মার্শেই)।

    ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান পুলিসিচ (এসি মিলান), আলেজান্দ্রো জেন্দেজাস (ক্লাব আমেরিকা), ফ্লোরিয়ান বালোগুন (মোনাকো), রিকার্ডো পেপি (পিএসভি) ও হাজি রাইট (কোভেন্ট্রি সিটি)।

  • স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণে বাচঁল ‘ডোনাল্ড ট্রাম্প’

    স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে প্রাণে বাচঁল ‘ডোনাল্ড ট্রাম্প’

    জেভি২৪ ডেস্ক 

    আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে।

    বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

    তিনি বলেন, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।

    এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প।

    অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে, ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

    এরপর মহিষটিকে দেখতে শিশু-কিশোরর যুবকরাই নন, অনেক নারীরাও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও এসেছিল। অনেকে কিনতে না পেরে হতাশাও ব্যক্ত করেন সেসময়।

    এমনকি, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি।

  • গোপালগঞ্জ পশুর হাটে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন ও নিরাপত্তা জোরদার

    গোপালগঞ্জ পশুর হাটে পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন ও নিরাপত্তা জোরদার

    এম টি রহমান মাহমুদ, গোপালগঞ্জ প্রতিনিধি

    ঈদ-উল-আযহাকে সামনে রেখে জমে উঠেছে গোপালগঞ্জের পশুর হাটগুলো। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলার বৃহত্তম পশুর হাট হিসেবে পরিচিত মানিকদাহ হাউজিং প্রকল্প মাঠ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার জনাব মো: হাবীবুল্লাহ।

    পরিদর্শনকালে জেলা পুলিশ সুপার হাটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন এবং তাদের যেকোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। এ সময় তিনি হাট এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জাল নোট প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও পুলিশি টহল আরও জোরদার করার কড়া নির্দেশ দেন।

    জাল নোট প্রতিরোধ হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো এবং প্রতারক চক্রের ওপর কড়া নজরদারি রাখার নির্দেশ।

    নিরাপদ লেনদেন: পশু ব্যবসায়ীরা যেন বিক্রির টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেজন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা।

    শৃঙ্খলারক্ষায় পুলিশ: মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের তৎপরতা রোধে সাদা পোশাকে পুলিশের টহল বৃদ্ধি।

    উল্লেখ্য, মানিকদাহ হাউজিং প্রকল্পের এই হাটে প্রচুর দেশি গরুর সমাগম ঘটেছে এবং ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ সুপারের এই পরিদর্শনের ফলে হাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ক্রেতা-বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের পশু বেচাকেনা করছেন।

    গণমাধ্যম ও সাধারণ জনগণ জেলা পুলিশের এই যুগান্তকারী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ব্যবসায়ী ও সুধীমহল। এবারের ঈদে গরুর মূল্য সাধারণ মানুষের ক্রয়ের মধ্যে ইনশাআল্লাহ!

  • জাতীয় ঈদগাহে জামাত না হলে বিকল্প কী, জানাল ইফা

    জাতীয় ঈদগাহে জামাত না হলে বিকল্প কী, জানাল ইফা

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যদি সেখানে জামাত আয়োজন করা সম্ভব না হয়, এ ক্ষেত্রে বিকল্প স্থানে জামাতের সময় ও সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

    মঙ্গলবার (২৬ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

    যদি প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজন করা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে বায়তুল মোকাররমে জামাত শুরুর সময় হবে সকাল ৮টা।

    ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বলেছেন, রাজধানীবাসীসহ সকল মুসল্লিকে যথাসময়ে জামাতে অংশগ্রহণের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

  • যমুনায় ৫ দিনে বাড়ল ১১১ সেন্টিমিটার পানি

    যমুনায় ৫ দিনে বাড়ল ১১১ সেন্টিমিটার পানি

    জেভি২৪ ডেস্ক 

    উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত পাঁচ দিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছে।

    বুধবার (২৭ মে) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

    অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

    সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা ৫ দিন ধরে যমুনায় পানি বাড়ছে। আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে। এরপর কয়েকদিন স্থির থাকবে। পরে কমতে থাকবে।

     

  • বেগমগঞ্জের সকল ব্যবসায়ীবৃন্দকে মোরশেদুল আমিন ফয়সালের ঈদের শুভেচ্ছা

    বেগমগঞ্জের সকল ব্যবসায়ীবৃন্দকে মোরশেদুল আমিন ফয়সালের ঈদের শুভেচ্ছা

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাসহ ও চৌমুহনীর সর্বস্তরের ব্যবসায়ীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ মোরশেদুল আমিন ফয়সাল।

    ​মোরশেদুল আমিন ফয়সাল বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি এবং চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। এছাড়া ও তিনি কয়েকটি মানবিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

    তিনি উপজেলার পৌর আলীপুর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

    ​দীর্ঘদিন ধরে বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের পাশে থেকে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে অনন্য অবদান রেখে চলেছেন এই সমাজসেবক।

    বিশেষ করে, তাঁর মরহুম পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠিত ‘কাতু মিয়া স্মৃতি ফাউন্ডেশন’-এর মাধ্যমে তিনি প্রতিবছর নিয়মিত মেধাবৃত্তি পরীক্ষাসহ নানাবিধ সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনাসহ বন্যাসহ প্রাকৃতিক দূযোগে নিয়োজিত থেকে করে এলাকায় একজন দানশীল ও মানবিক ব্যক্তি হিসেবে তাঁর সুপরিচিতি রয়েছে।

    ​এক শুভেচ্ছা বার্তায় মোরশেদুল আমিন ফয়সাল বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ। চৌমুহনী বাজারের সম্মানিত ব্যবসায়ী সমাজ এবং বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করছি। ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”

    ​তিনি আরও বলেন, অতীতের ন্যায় আগামী দিনেও তিনি বেগমগঞ্জের আপামর জনসাধারণের সুখ-দুঃখে পাশে থেকে মানবিক ও সামাজিক কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • নতুন শঙ্কায় নেইমার, আলোচনায় বিকল্প

    নতুন শঙ্কায় নেইমার, আলোচনায় বিকল্প

    স্পোর্টস ডেস্ক 

    আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে আবারও চোটের শঙ্কায় পড়েছেন নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরি কাটিয়ে সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরলেও নতুন করে আবারও পায়ের কাফে ফোলাভাব দেখা দেওয়ায় তাকে নিয়ে উদ্বেগ জেগেছে।

    ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের প্রতিবেদনে জানানো হয়, কাফে এডিমা বা ফোলাভাবের কারণে সর্বশেষ অনুশীলনে অংশ নেননি নেইমার। ফলে তার ক্লাবের হয়ে আসন্ন দুটি ম্যাচে খেলা অনিশ্চিত ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

    এদিকে শুরুর দিকে চোট গুরুতর মনে না হলেও সময়ের সঙ্গে উদ্বেগ বাড়ছে। এমনকি বিশ্বমঞ্চে সেলেসাওদের জার্সিতে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে।

    তবে তাকে নিয়ে এখনও আশাবাদী ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদার তথ্য অনুযায়ী, আজ (২৭ মে) থেকে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করবেন কোচ কার্লো আনচেলত্তি ও দলীয় মেডিকেল স্টাফ। ওই ক্যাম্পেই নেইমারের চোটের প্রকৃত অবস্থা মূল্যায়ন করা হবে এবং তার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    প্রতিবেদনে আরও বলা হয়, প্রয়োজনে প্রস্তুতি ম্যাচ দুটিতেও নেইমারকে বিশ্রাম দিতেও রাজি আছেন আনচেলত্তি। তবে সেক্ষেত্রে তাকে নির্দিষ্ট ফিটনেস পরিকল্পনা অনুসরণ করতে হবে।

    অন্যদিকে নেইমারের অনুপস্থিতির সম্ভাবনায় বিকল্প পরিকল্পনাও সাজাতে শুরু করেছে ব্রাজিল। সেই পরিস্থিতিতে ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জন্য জাতীয় দলে ফের সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

     

     

  • নাসির পাটোয়ারীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে কালীগঞ্জে রাশেদ খানের সংবাদ সম্মেলন

    নাসির পাটোয়ারীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে কালীগঞ্জে রাশেদ খানের সংবাদ সম্মেলন

    জসীম হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:

    ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের বিএনপির সাবেক মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাশেদ খান-কে জড়িয়ে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী-র ‘মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্যের’ প্রতিবাদে কালীগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৭ মে ২০২৬) সকাল ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার থানা সংলগ্ন রাশেদ খানের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাশেদ খান। তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এসব বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যমূলক দাবি করে এর তীব্র নিন্দা জানান।

    এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জহির হাসান মোহন।

    বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। তারা এ ধরনের ‘মিথ্যাচার’ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন।

  • খোকসায় মধ্যরাতে ছিনতাইচেষ্টা, বাবা-মেয়েকে কুপিয়ে জখম

    খোকসায় মধ্যরাতে ছিনতাইচেষ্টা, বাবা-মেয়েকে কুপিয়ে জখম

    স্টাফ রিপোর্টার

    কুষ্টিয়ার খোকসা উপজেলায় গভীর রাতে বাড়ি ফেরার পথে বাবা ও মেয়েকে কুপিয়ে রক্তাক্ত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

    গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার মাসালিয়া গ্রামের আমতলা মোড়ে এই ভয়াবহ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটে। পরে স্থানীয়দের ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে পাশে থাকা তাদের একটি সন্দেহভাজন মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

    ​আহতরা হলেন, উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা শেরমত সরদার ও তার মেয়ে জামিলা খাতুন জিম (১৮)। জিম ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

    ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে আসা মেয়ে জিমকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন শেরমত সরদার। পথি মধ্যে মাসালিয়া গ্রামের আমতলা মোড়ে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা মুখোশ পরা তিন যুবক ধারালো দেশীয় অস্ত্রসহ তাদের পথরোধ করে বলে জানা যায়। দুর্বৃত্তরা শেরমত সরদারের গলায় অস্ত্র ঠেকিয়ে সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

    ​এ সময় আতঙ্কিত না হয়ে শেরমত সরদার চিৎকার শুরু করলে আশেপাশের বাড়ির মানুষ ছুটে আসে। পরিস্থিতি বেগতিক দেখে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা বাবা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

    ​এদিকে এই ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার কিছু দূর সটকে পড়া একটি মোটরসাইকেল দেখতে পেয়ে সেটিকে হামলাকারীদের ব্যবহৃত বলে সন্দেহ করে উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয়। আগুনে ডায়াং ব্র্যান্ডের ৮০ সিসি (নম্বর: ঝিনাইদহ হ-১১-৮৫৮১) মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে যায়।

    ​খবর পেয়ে খোকসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেলটির সূত্র ধরে হামলাকারীদের শনাক্ত করতে জোর তদন্ত চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।