Author: Jvadmin

  • অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

    অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

    স্পোর্টস ডেস্ক 

    ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নিতে ইরানের জাতীয় ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরুর মাত্র ১০ দিন আগে এ বিষয়ে অনিশ্চয়তার অবসান হলো। খবর শাফাক নিউজের।

    ভিসা অনুমোদনে বিলম্ব হওয়ায় ইরান তাদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিজুয়ানায় স্থানান্তর করে। দলটি ৭ জুন সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

    ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে গ্রুপ-জি’র প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে মাঠে নামবে তারা।

    তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আগেই জানিয়েছিলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বিশ্বকাপ প্রতিনিধিদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন না।

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর এই প্রথম এমন একটি আসর হতে যাচ্ছে, যেখানে আয়োজক দেশ ও অংশগ্রহণকারী একটি দেশের মধ্যে সরাসরি রাজনৈতিক ও সামরিক উত্তেজনা রয়েছে।

  • দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

    দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে সোনা?

    জেভি২৪ ডেস্ক 

    আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। দেশের বাজারে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টা থেকেই সোনার নতুন দাম কার্যকর হয়েছে। শনিবার (৬ জুন) পর্যন্ত দেশের বাজারে স্বর্ণ একই দামে বিক্রি হচ্ছে।

    নতুন মূল্য তালিকা অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

    এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

  • দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

    দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

    জেভি২৪ ডেস্ক 

    দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ৭টি অঞ্চলে শনিবার (৬ জুন) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে আগামী কয়েক দিনে সারা দেশেই বৃষ্টিপাত বাড়ার আভাস দিয়েছে সংস্থাটি।

    গতকাল শুক্রবার (৫ জুন) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে তথ্যটি জানানো হয়।

    আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

    এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ৮টি বিভাগেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

    উল্লেখ্য, বৃষ্টিপাতের কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন।

  • বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

    বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্ব ক্রীড়াঙ্গনে শনিবার (০৬ জুন) রয়েছে বেশ কয়েকটি ইভেন্ট। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এ ছাড়া ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট রয়েছে আজ।

    নারী সাফ ফাইনাল

    বাংলাদেশ-ভারত

    সন্ধ্যা ৭টা, টি-স্পোর্টস

    লর্ডস টেস্ট-৩য় দিন

    ইংল্যান্ড-নিউজিল্যান্ড

    বিকেল ৪টা, সনি টেন ১

    চণ্ডীগড় টেস্ট-১ম দিন

    ভারত-আফগানিস্তান

    সকাল ১০টা, সনি টেন ৫

    আন্তর্জাতিক প্রীতি ফুটবল

    পর্তুগাল-চিলি

    রোমানিয়া-ওয়েলস রাত ১১-৪৫ মি., সনি টেন ১ ও ২

    ফ্রেঞ্চ ওপেন টেনিস

    নারী একক ফাইনাল

    সন্ধ্যা ৭টা, সনি টেন ২ ও ৩

  • ২৪ ঘণ্টায় আরও ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    ২৪ ঘণ্টায় আরও ৮টি পুশইন প্রতিহত, সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

    জেভি২৪ ডেস্ক 

    ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে অবৈধ পুশইনের আরও আটটি পৃথক অপচেষ্টা গত ২৪ ঘণ্টায় প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে এসব অপচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

    শনিবার (৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ঝিনাইদহের মহেশপুরের যাদবপুর সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

    নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাটের তিস্তা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্ত এলাকায় ২১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়।

    এদিকে লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। দুর্গাপুর সীমান্তের ওই ব্যক্তিরা বর্তমানে ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে বিজিবি।

    পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানোর ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে জানায় বিজিবি।

    অন্যদিকে নেত্রকোনার কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে আগে থেকে জড়ো করে রাখা ১৬-১৭ জন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে তথ্য পেয়েছে বাহিনীটি। এ এলাকাতেও নজরদারি জোরদার রাখা হয়েছে।

    বিজিবি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যমান আইন এবং বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন গ্রহণযোগ্য নয়। সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • এনসিপির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা

    এনসিপির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করেছে। জনকল্যাণ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য বলছে দলটি। 

    শুক্রবার (০৫ জুন) রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং উপপ্রধান আবদুল্লাহ আল ফয়সাল ছায়া বাজেট উপস্থাপন করেন।

    ছায়া বাজেটে দলটি সাধারণ করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা, নারী ও প্রবীণদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রতিবন্ধীদের জন্য ৫ লাখ টাকা করার কথা বলেছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি, ৫ হাজার কোটি টাকার শিক্ষক মানোন্নয়ন তহবিল এবং ৫ হাজার স্কুল জাতীয়করণ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া পাঁচ বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে এসএমই ঋণ, যুব উদ্যোক্তা তহবিল এবং ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচির উল্লেখ করা হয়।

    স্বাস্থ্য খাতে ২৫ শতাংশ বাজেট বৃদ্ধি করে ৫২ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাত সংস্কারে খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে কঠোর আইন, রাষ্ট্রীয় ‘ব্যাড ব্যাংক’ গঠন, সব তফসিলি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থার প্রতিবেদন প্রকাশ এবং পুঁজিবাজারের আকার জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কৃষি খাতে আধুনিক শস্য বিক্রয়কেন্দ্র, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে সার ভর্তুকি প্রদান এবং ফসল সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ খাতে এনসিপি ‘সোলার এনার্জি সোভারেনটি অ্যাক্ট’ প্রণয়নের প্রস্তাব দিয়েছে। ৬ হাজার কোটি টাকার নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির মাধ্যমে এক বছরে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, ৩ হাজার অফ-গ্রিড গ্রামে সৌর মিনি-গ্রিড স্থাপন এবং ৫০ হাজার ডিজেলচালিত সেচপাম্পকে সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নারী ও যুব উন্নয়নে ৫ হাজার কোটি টাকার নারী উদ্যোক্তা তহবিল, স্যানিটারি ন্যাপকিনে শূন্য ভ্যাট, ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং এক মাসের পিতৃত্বকালীন ছুটির প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার কথাও বলা হয়েছে।

    এ ছাড়া প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, দেশীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন, সরকারি ব্যয়ের রিয়েল-টাইম ট্র্যাকিং পোর্টাল চালু, গোপন সম্পদের ওপর বিশেষ কর এবং একটি স্বাধীন বাজেট অফিস প্রতিষ্ঠার প্রস্তাবও ছায়া বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে

    ছায়া বাজেট নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। আমরা যেমন ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ, তেমনি উৎপাদকদের স্বার্থ রক্ষাতেও প্রতিশ্রুতিবদ্ধ।

  • অগ্নিকাণ্ডে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের বিঘ্ন হয়নি: নির্বাহী পরিচালক

    অগ্নিকাণ্ডে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের বিঘ্ন হয়নি: নির্বাহী পরিচালক

    জেভি২৪ ডেস্ক 

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানের ফ্লাইং অপারেশনের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীম সামাদ। তিনি বলেন, আমাদের অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে।

    শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় এসব তথ্য জানিয়েছেন তিনি।

    এর আগে রাত ১১টা ২৭ মিনিটে বিমানবন্দরে ৯ নম্বর গেটের মালামাল রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর চেষ্টায় রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

    বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগীম সামাদ বলেন, বিমানবন্দরের ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের পাশে একটি কন্টেইনারের ভেতরে এবং পাশে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর ঘাটি এ কে খন্দকার থেকে সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।

    তিনি বলেন, এখন কোনো আগুন নেই। তবে সম্ভাব্য অন্য কোনো সূত্র থেকে আগুন আসছে কি না, তা দেখা হচ্ছে।

    গত বছরের ১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময়ে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। তখন আগুন নেভাতে গিয়ে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ মোট ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

  • শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের অগ্নিকাণ্ড

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের অগ্নিকাণ্ড

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) রাত ১১টা ২৭ মিনিটে বিমানবন্দরের ৯ নম্বর গেটের মালামাল রাখার স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত এবং ক্ষতক্ষতির পরিমাণ জানা যায়নি।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

    মাহমুদুল হাসান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য এই মুহূর্তে আমার কাছে নেই। যতটুকু জানতে পেরেছি, কুরিয়া সাইডে আগুন লেগেছিল। পরে সঙ্গে সঙ্গেই নিভিয়ে ফেলা হয়েছে।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, রাত ১১টা ২৭ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার স্থানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

    এর আগে গত বছরের ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো ভিলেজে আগুন লাগে। ওই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসে ৩৭টি ইউনিটের সঙ্গে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিটকেও মাঠে নামতে হয়।

  • তপু বর্মনের জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

    তপু বর্মনের জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক 

    ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ম্যাচেই স্মরণীয় জয় পেল বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের জয়ের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন। তাঁর জোড়া গোলেই সেরাভালের সান মারিনো স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

    ফিফা র‍্যাংকিংয়ের সবচেয়ে নিচের দল সান মারিনো। কিন্তু ইউরোপের দেশ হওয়ায় নিয়মিতই তাদের খেলতে হয় জার্মানি, স্পেন, ইংল্যান্ড, ইতালির মতো বিশ্ব ফুটবলের বড় শক্তিগুলোর বিপক্ষে। তাই র‍্যাংকিংয়ের হিসাবের বাইরে গিয়ে বাংলাদেশের জন্য সান মারিনোর বিপক্ষে এই জয় বিশেষ কিছু। কারণ ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দলের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজরা।

    সান মারিনো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জয়ের নায়ক ডিফেন্ডার তপু বর্মণ। দুই অর্ধে একটি করে গোল করেছেন তিনি, দুটি গোলই হেডে। দ্বিতীয়ার্ধে জামাল ভূঁইয়া মাঠ ছাড়ার পর অধিনায়কের আর্মব্যান্ডও ওঠে তপুর হাতে। শেষ পর্যন্ত তাঁর গোলেই ইউরোপের দলের বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ।

    বাংলাদেশ এর আগে ইউরোপের মাটিতে খেলেছে, তবে ইউরোপের দলের বিপক্ষে নয়। ২০০০ সালে ইংল্যান্ডে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ, সেই ম্যাচ জেতা হয়নি। ২০০১ সালে ভারতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলেছিল লাল-সবুজরা, সেই ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছিল। সে হিসেবে সান মারিনোর বিপক্ষে জয় বাংলাদেশের ফুটবলের জন্য আলাদা এক মাইলফলক।

    ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য খুব স্বস্তির ছিল না। বল দখল ও আক্রমণে শুরুতে এগিয়ে ছিল সান মারিনো। নিজেদের মাঠে তারা দ্রুত ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের রক্ষণও প্রথম কয়েক মিনিটে কিছুটা চাপে পড়ে। তবে দশ মিনিটের পর ধীরে ধীরে খেলায় ফিরে আসে বাংলাদেশ। মাঝমাঠে নিয়ন্ত্রণ বাড়ে, আক্রমণেও দেখা যায় গতি।

    ১৯ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে আক্রমণের সূত্রপাত। এরপর শেখ মোরসালিন ডান প্রান্ত থেকে দারুণ ক্রস বাড়ান। বক্সের ভেতর অবস্থান নেওয়া তপু বর্মণ নিখুঁত হেডে বল জালে পাঠান। সান মারিনোর জাল কাঁপতেই গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের সমর্থকরা।

    তবে বাংলাদেশের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে সমতায় ফেরে সান মারিনো। ফিলিপ্পো বেরার্দিকে আটকানোর চেষ্টা করেছিলেন তপু, কিন্তু শেষ পর্যন্ত তাকে থামাতে পারেননি। বেরার্দির কাটব্যাক থেকে বক্সের ভেতর ফাঁকা জায়গায় বল পান নিকোলাস। তাঁর শটে ডান দিকে ঝাঁপিয়েও পুরোপুরি বল ঠেকাতে পারেননি গোলরক্ষক মিতুল মারমা। হাতে লেগে বল জালে জড়ায়। স্কোরলাইন হয় ১-১।

    প্রথমার্ধের শেষ দিকে আবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবারও আক্রমণের উৎস ছিলেন শেখ মোরসালিন। তাঁর বাড়ানো বল পেয়ে সাদ উদ্দিন গোলরক্ষককে প্রায় একা পেয়েছিলেন। কিন্তু ভালো সুযোগ পেয়েও পোস্টের ওপর দিয়ে শট নেন তিনি। ফলে বিরতিতে দুই দল যায় ১-১ সমতা নিয়ে।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ থমাস ডুলি। মাঠে নামান সামিত সোম, জায়ান আহমেদ ও সোহেল রানা জুনিয়রকে। সামিত ও জায়ান নামার পর বাংলাদেশের খেলায় গতি বাড়ে। মাঝমাঠে বল চলাচল দ্রুত হয়, আক্রমণেও তৈরি হয় নতুন ধার। এই সময়ে বাংলাদেশ আরও একটি গোল পেতে পারত। ফয়সাল আহমেদ ফাহিমের শট সাইড পোস্টে লেগে ফিরে আসে।

    ম্যাচের শেষ পনেরো মিনিটে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন ডুলি। বিশ্বনাথ ঘোষকে মাঠে নামানো হয়। সাধারণত ফুলব্যাক হিসেবে খেললেও এই ম্যাচে তাকে রাইট উইংয়ে ব্যবহার করা হয়। পরে বাংলাদেশের জয়সূচক গোলের আক্রমণেও বড় ভূমিকা রাখেন বিশ্বনাথ।

    ৮৬ মিনিটে ডান দিক থেকে হামজা চৌধুরীর ফ্রি কিক আসে বিপজ্জনক জায়গায়। বিশ্বনাথ ঘোষ ভলি নেন। বক্সের ভেতর তখন মাটিতে পড়ে ছিলেন তপু বর্মণ। উঠে দাঁড়ানোর মুহূর্তে বল তাঁর মাথায় লেগে জালে জড়ায়। কিছুটা অপ্রত্যাশিত হলেও সেটিই হয়ে যায় বাংলাদেশের জয়সূচক গোল। নিজের দ্বিতীয় গোলের সঙ্গে তপু লিখে ফেলেন বাংলাদেশের ফুটবলের নতুন ইতিহাস।

    শেষ দিকে চার মিনিট যোগ করা সময় দেয় চতুর্থ রেফারি। সেই সময়টুকুতে সমতায় ফেরার চেষ্টা করে সান মারিনো। এক পর্যায়ে মিতুল মারমার হাত ফস্কে বল গোললাইনের দিকে গড়ায়। তবে বল পুরোপুরি লাইন অতিক্রম না করায় বেঁচে যায় বাংলাদেশ। শেষ দুই মিনিট সতর্ক থেকে কাটিয়ে দেয় ডুলির দল। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়।

  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার বৃক্ষরোপণ কর্মসূচি

     

    ববি প্রতিনিধি

    শুক্রবার ( ৫ জুন ) সকাল সাড়ে দশটায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

    উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ববি শাখার সভাপতি এবং দাওয়া সম্পাদকসহ অন্যন্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

    কর্মসূচি সম্পর্কে দাওয়াহ সম্পাদক মুহাম্মদ রাইয়ান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বরিশালের উপকূলীয় অঞ্চল আজ সবচেয়ে বেশি ঝুঁকি ও ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা একটি স্বতন্ত্র ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য শুধু পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি নয়, বরং শিক্ষার্থীদের মনন ও জীবনবোধে পরিবেশবান্ধব সংস্কৃতি গড়ে তোলা। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচির মতো উদ্যোগগুলোকে একটি ইতিবাচক সামাজিক ও সাংস্কৃতিক চর্চায় পরিণত করাই ছিল আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য।

    উক্ত কর্মসূচিতে মোট ৫টা গাছ লাগানো হয়েছে। ২টা আম, ২টা পেয়ারা, ১টা আমড়া গাছ। আর ক্যাম্পাসে যে গাছ লাগানো ছিল সেগুলোর পরিচর্যা করা হয়েছে।