এস. এম. লুৎফুর কবির, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম জহির আহামদ (৩০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৯ মে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি জহির আহামদকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, জহির আহামদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানায় ২০১৭ সালে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
অভিযান চলাকালে তার কাছ থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা হয়নি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, মাদক ও অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে










