Author: Jvadmin

  • ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার যেন মৃত্যুফাঁদ

    ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার যেন মৃত্যুফাঁদ

    জেভি২৪ ডেস্ক 

    ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশ এখন যেন আতঙ্কের আরেক নাম। খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো যাত্রী ও চালক। কোথাও বড় বড় গর্ত, কোথাও জমে থাকা বৃষ্টির পানি-সব মিলিয়ে মহাসড়কটি ধীরে ধীরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।

    ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা পর্যন্ত প্রায় ৪৭ কিলোমিটার সড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এতে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।

    মহাসড়কের অধিকাংশ অংশে পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পানি জমে থাকায় গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না। ফলে ঝুঁকি নিয়েই যানবাহন চালাতে হচ্ছে চালকদের। ভুরঘাটা, পাথুরিয়ারপাড়, কর্ণপাড়া, ভাঙ্গাসেতু, তাঁতিবাড়ি, মোস্তফাপুর, ঘটকচর, সমাদ্দার, সানেরপাড়, রাজৈর, টেকেরহাট, দিকনগর, ছাগলছিড়া, বরইতলা ও বাবনাতলাসহ বিভিন্ন এলাকায় দুর্ভোগ চরমে পৌঁছেছে।

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এই মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল বিভাগের ছয় জেলা ছাড়াও মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জের লাখো মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর সড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়েছে। কিন্তু সেই অনুপাতে সড়কের উন্নয়ন হয়নি বলে অভিযোগ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের।

    স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর সংস্কারের নামে বিপুল অর্থ ব্যয় হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে তা বেশি দিন টেকে না। সড়ক বিভাগ ইট, বালু ও সুরকি দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো সাময়িকভাবে মেরামত করলেও বৃষ্টিতে আবার আগের অবস্থায় ফিরে যায়।

    দুর্ভোগের কথা জানিয়ে বাসযাত্রী আসলাম অনিক বলেন, এই সড়কে বাসে উঠলেই মাথাব্যথা শুরু হয়। একটু পরপর গর্ত। কবে যে এই দুর্ভোগ শেষ হবে, জানি না।

    বেসরকারি বিমা প্রতিষ্ঠানের চাকরিজীবী মজনু বলেন, বরিশাল থেকে মাদারীপুর অংশে ঢুকলেই আতঙ্ক শুরু হয়। কখন দুর্ঘটনায় পড়ি, সেই ভয় থাকে। সময়মতো গন্তব্যেও পৌঁছানো যায় না।

    মাইক্রোবাসচালক তুষার বলেন, রাস্তাটির অবস্থা খুব খারাপ। গাড়ি চালাতে ভয় লাগে। দ্রুত সংস্কার করা প্রয়োজন।

    পিকআপচালক জাহাঙ্গীর বলেন, ভাঙ্গা থেকে ভুরঘাটা পর্যন্ত প্রায় সবখানেই বড় বড় গর্ত। এই রাস্তায় গাড়ি চালিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি।

    চন্দ্রা পরিবহনের চালক লিটন বলেন, গর্তের কারণে প্রায়ই গাড়ি নষ্ট হয়ে যায়। সড়কটি ভালোভাবে মেরামত করা হলে যাতায়াত অনেক সহজ হতো।

    মোস্তফাপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল বলেন, অবৈধ যানবাহন চলাচল বন্ধে আমরা নিয়মিত কাজ করছি। রাস্তা সরু হওয়া এবং অবৈধ পরিবহনের কারণেও দুর্ঘটনা ঘটছে।

    এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, প্রাথমিকভাবে নিজস্ব অর্থায়নে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ইট, বালু ও সুরকি দিয়ে মেরামতের কাজ চলছে। টেকসই সংস্কারের জন্য মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। অনুমোদনের অপেক্ষায় আছি।

    তিনি আরও বলেন, বরাদ্দ অনুমোদন হলে সড়কের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি ভবিষ্যতে মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। তা বাস্তবায়িত হলে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।

  • সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

    সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন

    জেভি২৪ ডেস্ক 

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) দেশের বিভিন্ন জেলার অনেক মানুষ আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। লক্ষ্মীপুর, ধামরাই, মাদারীপুর, চাঁদপুর, সাতক্ষীরা, জামালপুর, নওগাঁ, বগুড়া ও ঝালকাঠিসহ বিভিন্ন এলাকায় পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

    নোয়াখালী

    বেগমগঞ্জ ও সদর উপজেলার তিন গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন। জামাতে প্রায় ৩০০ থেকে ৪০০ মুসল্লি অংশ নেন। অন্যদিকে ফাজিলপুর দায়রা বাড়ী জামে মসজিদে ইমামতি করেন মাওলানা সাইফুর রহমান। সেখানে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন মুসল্লি।

    লক্ষ্মীপুর

    লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলার অন্তত ১০টি গ্রামের সহস্রাধিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেন। সকাল ৭টায় রামগঞ্জের জাহাঙ্গীর টাওয়ারস্থ খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। স্থানীয়রা জানান, মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারীরা দীর্ঘ ৪৬ বছর ধরে এ নিয়মে ঈদ পালন করে আসছেন।

    ধামরাই

    ঢাকার ধামরাইয়ে শরীফবাগ এলাকায় একটি বাড়িতে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ প্রায় ৫০ জন অংশ নেন। ইমামতি করেন মাওলানা আব্দুল গফুর সিরাজী। আয়োজকরা জানান, পাঁচ বছর ধরে তারা স্থানীয়ভাবে ঈদের নামাজ আদায় করছেন।

    মাদারীপুর

    মাদারীপুরের অন্তত ৪০ গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ উদযাপন করেন। সদর উপজেলার চর কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মুসল্লি। সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছর ধরে এভাবে ঈদ পালন করে আসছেন বলে স্থানীয়রা জানান।

    চাঁদপুর

    চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও মতলবসহ অন্তত ৪০ গ্রামের মানুষ সাদ্রা দরবার শরীফের অনুসরণে আগাম ঈদ পালন করেন। সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরীফে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ১৯২৮ সাল থেকে এ ধারা চলে আসছে।

    সাতক্ষীরা

    সাতক্ষীরার সদর উপজেলার ভাদড়া বাউখোলা এলাকায় আহলে হাদিসের একটি অংশের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে অন্তত ২৫ গ্রামের মুসল্লিরা অংশ নেন। গত এক যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছেন।

    জামালপুর

    জামালপুরের সরিষাবাড়ী, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার অন্তত ১৬টি গ্রামে পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে কোথাও বাড়িতে, কোথাও মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দেশ-জাতির শান্তি কামনায় দোয়া করা হয়।

    নওগাঁ

    নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার কলনিপাড়া এলাকায় প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে নওগাঁ ও পার্শ্ববর্তী জেলার মুসল্লিরাও অংশ নেন। আয়োজকরা জানান, প্রায় ১০ বছর ধরে তারা এভাবে ঈদ পালন করছেন।

    বগুড়া

    বগুড়ার গাবতলী, সোনাতলা ও ধুনট উপজেলার কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হয়। গাবতলীর রেলস্টেশন-সংলগ্ন মসজিদে অর্ধশতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। স্থানীয়রা জানান, এটি তাদের চতুর্থবারের মতো আগাম ঈদ পালন।

    ঝালকাঠি

    ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামে প্রায় ৫০টির বেশি পরিবার ঈদ উদযাপন করেন। দারুস সুন্নাহ জামে মসজিদের ঈদগাহে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। ২০১৩ সাল থেকে তারা এভাবে ঈদ পালন করছেন বলে জানান স্থানীয়রা।

    সব জায়গাতেই নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং কোরবানির প্রস্তুতি নেন।

  • মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা আজ

    মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা আজ

    জেভি২৪ ডেস্ক 

    সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা আজ বুধবার (২৭ মে) উদযাপিত হচ্ছে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন এ উৎসব করবেন।

    মঙ্গলবার (২৬ মে) জিলহজ মাসের ৯ম দিনে ১৬ লাখ হাজি সৌদি আরবের আরাফাত ময়দানে সমবেত হন। ভোর থেকেই সাদা ইহরাম পরিহিত হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো আরাফাত প্রান্তর।

    ইসলামী শরিয়ত অনুযায়ী আরাফাতে অবস্থান করা হজের প্রধান রুকন। সূর্যাস্ত পর্যন্ত হাজিরা আরাফাতের নির্ধারিত সীমানার মধ্যে অবস্থান করে নামাজ, তওবা-ইস্তিগফার, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারে সময় কাটান। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় কান্না ও প্রার্থনায় মগ্ন ছিলেন তারা।

    দুপুরে ঐতিহাসিক নামিরা মসজিদ থেকে হজের খুতবা দেন শায়খ আলি আল হুদাইফি। এবার বাংলাসহ বিশ্বের ৩৫টি ভাষায় খুতবার অনুবাদ সরাসরি সম্প্রচার করা হয়। খুতবায় তিনি মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিশ্বশান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    খুতবা শেষে হাজিরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করে সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশে রওনা হন। সেখানে খোলা আকাশের নিচে রাতযাপন করেন তারা। একই সঙ্গে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় কঙ্কর সংগ্রহ করেন হাজিরা।

    আজ ১০ জিলহজ সকালে মিনার জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। পরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন হাজিরা। কুরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছেঁটে ইহরাম ত্যাগ করবেন তারা। এরপর কাবা শরিফ তাওয়াফের মধ্য দিয়ে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

    মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়। মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানি ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।

    এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় মুসলমানদের অনেকে আগেই গরু, ছাগলসহ কুরবানির পশু কিনেছেন। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানা প্রস্তুতি নিয়েছেন তারা।

    হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে সৌদি সরকার ব্যাপক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে। তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিভিন্ন স্থানে পানির ফোয়ারা ও ছায়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাজিদের যাতায়াত সহজ করতে প্রায় ২৪ হাজার বিশেষ বাস পরিচালনা করছে সৌদি কর্তৃপক্ষ।

  • ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

    ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

    শাহ্ জালাল ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের পোড়াদিয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল আউয়াল (৬০) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (২৬ মে) দুপুর আনুমানিক ২টার দিকে পোড়াদিয়া রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি ভাঙা হয়ে ফরিদপুরের দিকে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে খণ্ডিত দেহ পড়ে থাকতে দেখা যায়।

    প্রথমদিকে নিহতের পরিচয় জানা না গেলেও পরে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। নিহত আব্দুল আউয়ালের বাড়ি উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামে। তিনি মৃত বাছের মিয়ার ছেলে।

    খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পঞ্চগড়ের তেতুলিয়া থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

    পঞ্চগড়ের তেতুলিয়া থেকে একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

    শফিউল্লাহ রিপন, পঞ্চগড় প্রতিনিধি

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ময়নাগুড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত পুরাতন একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

    জানা যায় (গত ২৫ মে ২০২৬) সোমবার বাংলার চর নামক স্থানে করতোয়া নদী হতে দুপুর আড়াই টায় পুরাতন পরিত্যক্ত একটি ৮২ মিঃ মিঃ মর্টার শেল বালু-পাথর উত্তোলনাকারী শ্রমিকদের নেটে উঠে আসে।

    বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর ময়নাগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হওয়ায় বিজিবি টহলদলকে জানালে বিজিবি ঘটনাস্থলে পৌছে উদ্ধার হওয়া বস্তুটি একটি পুরাতন মর্টার সেল নিশ্চিত হন। যার ঘটনাস্থল সীমান্ত পিলার ৪২৫ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।

    বিজিবি উদ্ধার হওয়া মর্টার শেল বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে ২৫ মে ২০২৬ দিবাগত গভীর রাতে মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

    তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান জানান , উদ্ধার হওয়া মর্টার সেলটি মরিচাযুক্ত অনেক দিনের পুরাতন এবং গায়ে কোন লিখা বুঝা যাচ্ছে না। মর্টার শেলটি জিডিমুলে আদালতকে জানিয়ে নিস্কীয় করার জন্য রংপুর সেনাবাহিনী বোম ডিসপোসাল ইউনিটকে অবহিত করা হয়েছে।

  • ইবির শাহ আজিজুর রহমান হলে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে পালাল চোর

    ইবির শাহ আজিজুর রহমান হলে চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে পালাল চোর

     

    নাফীজ আহমেদ, ইবি প্রতিনিধি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে হলের ন্যাশনাল ব্লকের প্রথম ও দ্বিতীয় ব্লকে এ ঘটনা ঘটে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির কারণে আবাসিক হল বন্ধ থাকায় সুযোগ নিয়ে এক চোর হলের ভেতরে প্রবেশ করে। এ সময় সে বিভিন্ন কক্ষ থেকে হাড়ি-পাতিল, কড়াইয়ের ঢাকনা এবং বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গার খুলে নেয়।

    চুরি করে বের হওয়ার সময় হলের পাশেই বসবাসকারী অ্যাম্বুলেন্স চালক আনিসুর রহমান বিষয়টি টের পেয়ে ‘চোর, চোর’ বলে চিৎকার শুরু করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিলে চোর আতঙ্কিত হয়ে তৃতীয় ব্লকের দ্বিতীয় তলা থেকে লাফিয়ে নিচে নেমে যায়। পরবর্তীতে হলের পেছনের সীমানাপ্রাচীর টপকে সে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পালানোর সময় চুরি করা বিভিন্ন জিনিসপত্র ফেলে রেখে যায়।

    এ বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “হলের দ্বিতীয় তলা ফাঁকা থাকায় সেখানে যে কেউ সহজেই উঠতে পারে। এছাড়া হলে আটটি ব্লক থাকায় একজন ব্যক্তির পক্ষে সার্বক্ষণিক নজরদারি রাখা কঠিন। দ্বিতীয় তলাটি খোলা থাকায় সেটি বন্ধ করার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তবে এতে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার আশঙ্কা থাকায় এখনো তা বন্ধ করা সম্ভব হয়নি।”

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “হল বন্ধ থাকার সুযোগ নিয়ে এক ব্যক্তি দেয়াল টপকে হলে প্রবেশ করে এবং কয়েকটি পরিত্যক্ত হাঁড়ি-পাতিল, কড়াই ও কাপড় রাখার হ্যাঙ্গার চুরি করে। পরে নিয়োজিত নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিলে সে দেয়াল টপকে পালিয়ে যায়। হলের নিরাপত্তার দায়িত্ব হল প্রশাসনের, আমরা সহায়তা করতে পারি। ইতোমধ্যে ওই হলে একজন অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও নিয়ন্ত্রণে রয়েছে।”

    উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে গত ২১ মে থেকে ২৩ দিনের দীর্ঘ ছুটি চলছে। এ উপলক্ষে গত ২৩ মে সকাল ১০টা থেকে আগামী ৭ জুন সকাল ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট

    জেভি২৪ ডেস্ক 

    ঢাকা-চাঁদপুর সড়কে দীর্ঘদিনের যানজট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন অটোরিকশা ও সিএনজি চালকরা। এ দাবিতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।

    মঙ্গলবার (২৬ মে) দুপুরে চাঁদপুরের বাবুরহাটগামী সড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়কটি অবরুদ্ধ করেন তারা। ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

    অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত দীর্ঘ ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ঈদে ঘরমুখো যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

    দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গৌরীপুর থেকে ঢাকা-বাবুরহাট চাঁদপুর সড়কের কাজের ধীরগতির কারণে প্রতিদিন যানজট সৃষ্টি হয়। প্রতিনিয়ত যানজটের কারণে সিএনজি ও অটোরিকশাচালকদের গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়ে।

    ফলে তারা ঠিকমতো গাড়ি চালাতে পারছেন না এবং যাত্রীদের আধাকিলোমিটার রাস্তা পার হতে ১-২ ঘণ্টা সময় লেগে যায়।

    এ ঈদে ঘরমুখো মানুষ ও সিএনজি চালকদের দুর্ভোগ ছিল সীমাহীন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি রেদওয়ান ইসলাম ঘটনাস্থলে আসেন। পরে চালকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা অবরোধের পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।

    এক সিএনজিচালক বলেন, ‘সড়ক ও জনপদ বিভাগের গাফিলতির কারণে অটোরিকশা ও সিএনজিচালকরা ঠিকমতো গাড়ি চালাতে পারছ না। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করছি।’

    দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি মো. ইকবাল বাহার বলেন, ‘মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। অবরোধকারীদের বোঝানোর ফলে তারা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হয়।’

  • হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

    হাসপাতালে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

    জেভি২৪ ডেস্ক 

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২৫ মে) তাকে হাসপাতালে নিয়ে দাঁতের চিকিৎসা দেওয়া হয়।

    প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, নেতানিয়াহুকে রাতে জেরুজালেমের হাদাশাহ ইন কেরেম হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তিনি দাঁতের চিকিৎসা নেন।

    তবে দাঁতের চিকিৎসা শেষে গত রাতেই জেরুজালেমের হাদাসাহ এইন কেরেম হাসপাতাল ত্যাগ করেছেন বলে তার কার্যালয় থেকে জানানো হয়েছে।

    জনসাধারণের কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগে বেশ কয়েকটি ঘটনায় নেতানিয়াহু সমালোচিত হওয়ার পর তার স্বাস্থ্য একটি প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

  • খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি

    খাদ্য মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি

    জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৩ পদে ১৮ কর্মী নিয়োগে ২৪ মে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ২৮ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

    প্রতিষ্ঠানের নাম: খাদ্য মন্ত্রণালয়,

    ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর,

    পদসংখ্যা: ২টি

    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

    আবেদনের যোগ্যতা

    *স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে,

    *সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ থাকতে হবে,

    *কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে,

    ২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

    পদসংখ্যা: ১টি

    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

    আবেদনের যোগ্যতা

    *এইচএসসি পাস হতে হবে

    *কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে,

    ৩. পদের নাম: অফিস সহয়ক

    পদসংখ্যা: ১৫টি

    বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা: অন্যূন এসএসসি পাস হতে হবে,

    চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)

    প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন,

    কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

    প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১ ও ২ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য,

    আবেদন যেভাবে

    আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

    আবেদন ফি

    টেলিটক প্রি-পেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১-২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে,

    আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ জুন ২০২৬, বিকেল ৫টা

    আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

  • বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করল তিনবারের সফল গাণিতিক মডেল

    বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করল তিনবারের সফল গাণিতিক মডেল

    স্পোর্টস ডেস্ক 

    ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ফুটবল বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে একটি গাণিতিক মডেলের পূর্বাভাস। জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের তৈরি এই অ্যালগরিদম বলছে, এবারের বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

    ইওয়াখিম ক্লেমেন্টের এই মডেলটি শুধুমাত্র মাঠের পারফরম্যান্স নয়, বরং বিভিন্ন আর্থ-সামাজিক ও ভৌগোলিক উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি।

    এতে জিডিপি, জনসংখ্যা, জলবায়ু, খেলোয়াড়দের মার্কেট ভ্যালু এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।

    তার দাবি অনুযায়ী, এসব তথ্য মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের সাফল্য অনুমান করা সম্ভব।

    তার মডেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়রদের বিপক্ষে সেই ম্যাচে জাপান বড় ধরনের অঘটন ঘটাবে এবং সেলেসাওদের হারিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে দেবে।

    ইওয়াখিম ক্লেমেন্টের এই পূর্বাভাস নিয়ে আলোচনার মূল কারণ হলো তার অতীতের সাফল্যের হার। তিনি ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পূর্বাভাস নির্ভুলভাবে দিয়েছিলেন।

    টানা তিনবার তার মডেলের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় এবার নেদারল্যান্ডসকে শিরোপার দাবিদার হিসেবে দেখানোয় ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

    ক্লেমেন্টের মডেল অনুযায়ী, এবারের বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে পর্তুগাল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই ফাইনালে জিতেই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে ডাচরা, এমনটাই বলছে অ্যালগরিদম।

    নিজের তৈরি মডেলটি সম্পর্কে ক্লেমেন্ট জানিয়েছেন, এটি কোনো জাদুর বল নয়। তিনি মূলত অর্থনীতিবিদদের ‘সবকিছু অনুমানের প্রবণতা’কে ব্যঙ্গ করতেই ১২ বছর আগে এই মডেলটি তৈরি করেছিলেন। তবে টানা তিনবার সঠিক হওয়ায় বিষয়টি এখন তার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।