মার্কিন নাগরিকের ৪ বছরের শিশু উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক মার্কিন নাগরিক ৪ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। এ ঘটনায় জড়িত সংঘবদ্ধ অপহরণকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২ জুন টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় এক শিশুকে অপহরণের চেষ্টা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন (২৮), মহেশখালী পাড়ার কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লান পাড়ার আব্দুর রজব মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, নিয়মিত টহলরত অবস্থায় শাপলা চত্বর মোড় এলাকায় কর্তব্যরত সদস্যরা অপহরণচেষ্টার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে স্থানীয় জনতা তিন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে র‌্যাব সদস্যরা অভিযুক্তদের উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং আহত অবস্থায় তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের বরাতে র‌্যাব আরও জানায়, একই দিন দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের ভাগিনা, যুক্তরাষ্ট্রের নাগরিক ৪ বছর বয়সী শিশুটিকে বাড়ির সামনের রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় গ্রেফতারকৃতরা। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্তদের আটক করে।

উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধী ও অপরাধচক্রের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।