জেভি২৪ ডেস্ক
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে র্যাম্প ভেঙে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় বাসচালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজর আজমল হোসেন (৩৮) এবং হেলপার শাকিব হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও পরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠানের অজ্ঞাতনামা সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার মুহূর্তে চালক ও হেলপার বাস থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে পানিতে ভাসমান অবস্থায় চালককে নৌ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করেন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের দায়ের করা মামলায় বাসচালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় র্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর বাসটি নদী থেকে উদ্ধার করে।

