ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা এলাকায় নিজ নাবালিকা কন্যাকে (১১) দীর্ঘদিন ধরে চেতনানাশক খাইয়ে ধর্ষণ এবং পরবর্তীতে মেয়ের বান্ধবীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক লম্পট পিতাকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
অভিযুক্ত ব্যক্তির নাম মো: ফারুক হোসেন (৪২)। সে পেশায় একজন রিকশাচালক। বর্তমানে সে উত্তেজিত জনতার মারধরের শিকার হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে।
এই জঘন্য ঘটনায় ভুক্তভোগীর বড় বোন মোছা: মিম খাতুন (২০) বাদী হয়ে আজ (১৩ জুন) কালীগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
ঘুমের ওষুধ খাইয়ে অবশ করা হতো পরিবারকে
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক হোসেন দীর্ঘদিন ধরে তার ১১ বছর বয়সী ছোট মেয়েকে পূর্বপরিকল্পিতভাবে কোমল পানীয়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল।
বিষয়টি ভুক্তভোগীর মা জানতে পেরে স্বামীকে একাধিকবার শোধরানোর চেষ্টা করলেও লম্পট প্রকৃতির ফারুক হোসেন উল্টো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।
এরই ধারাবাহিকতায়, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখ রাতে কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর দাসপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় আসামির স্ত্রী অর্থাৎ ভুক্তভোগীর মাকে কোমল পানীয়র সাথে ঘুমের ওষুধ খাইয়ে গভীর ঘুমে আচ্ছন্ন করা হয়। এরপর আসামি তার নিজ ছোট মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।
বান্ধবীকে ধর্ষণের চেষ্টা ও গণপিটুনি আজ ১৩ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় আংশিক বলিদাপাড়া এলাকায় আসামির বর্তমান ভাড়া বাসায় ভুক্তভোগী মেয়েটির এক বান্ধবী বেড়াতে আসে। এ সময় লম্পট ফারুক হোসেন তাকেও ধর্ষণের চেষ্টা চালায়। এই ঘটনার পর ভুক্তভোগী ও তার বান্ধবী বিষয়টি পরিবার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে।
পরবর্তীতে এই লোমহর্ষক ও জঘন্য চক্রান্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকার উত্তেজিত জনতা লম্পট পিতাকে আটক করে উত্তম-মধ্যম (গণপিটুনি) দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি লিখিত এজাহার পাওয়া গেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং চিকিৎসাধীন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

