মাদক ব্যবসায় কোটিপতি এক হাজার ব্যক্তি, কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর

রাজশাহী প্রতিনিধি

গত দুই দশকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে মাদক ব্যবসা করে অন্তত এক হাজার ব্যক্তি কোটিপতি হয়েছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে অনুষ্ঠিত ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা: চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে রাজশাহী ঐতিহ্যগতভাবে দেশের অন্যতম অগ্রসর অঞ্চল। কিন্তু গত ২০ বছরে বিভিন্ন অনিয়ম, অপরাধ এবং বিশেষ করে মাদকের বিস্তারের কারণে এ অঞ্চলের সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তি ও পরিবার নয়, পুরো সমাজব্যবস্থার জন্য হুমকি। মাদক কারবারিদের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব বৃদ্ধি পাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ অবস্থায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য
অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, ভুক্তভোগীদের দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধ জোরদারের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, নারী অধিকারকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।