রাজশাহী প্রতিনিধি
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
রোববার সকালে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহীবাসীর কাছে দোয়া কামনা করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে আরডিএ কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য আরডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষর করেন।
নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের নেতৃত্বে রাজশাহীর পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

