নাসিরনগরে টিসিবির চাল বিক্রির অভিযোগ, উপকারভোগী বাছাই নিয়ে প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, টিসিবির চাল পাওয়ার পর অনেক উপকারভোগী তা ব্যবহার না করে প্রকাশ্যে বিক্রি করে দিচ্ছেন।

স্থানীয়দের দাবি, টিসিবির পণ্য মূলত নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষের জন্য সরকারের একটি সহায়তামূলক কর্মসূচি। কিন্তু যাদের প্রকৃতপক্ষে আর্থিক সক্ষমতা রয়েছে, তাদের অনেকেই তালিকাভুক্ত হয়ে এসব সুবিধা পাচ্ছেন। ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, টিসিবির চাল পাওয়ার পর কিছু ব্যক্তি তা বাজারে বিক্রি করে দিচ্ছেন। তাদের মতে, যদি কেউ প্রাপ্ত চাল বিক্রি করে দেন, তাহলে প্রশ্ন থেকেই যায় তিনি আদৌ এই সহায়তার প্রকৃত উপযুক্ত ছিলেন কি না।

স্থানীয় সচেতন মহলের দাবি, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম বা অযোগ্য ব্যক্তির অন্তর্ভুক্তির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সে জন্য নিয়মিত তদারকি ও উপকারভোগীদের তালিকা পুনঃযাচাই করা জরুরি।