মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী
নোয়াখালী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মো: বেলায়েত (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (১৬ মে) রাতে সুধারাম মডেল থানাধীন লক্ষ্মীনারায়নপুর এলাকার সুজা মিয়া সারেং বাড়িতে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত বেলায়েত ওই এলাকার মৃত মোঃ আবুল হেসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম লক্ষ্মীনারায়নপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা বেলায়েতের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার নিজ দখলীয় টিনের ঘর তল্লাশি করে ১৭ গ্রাম ওজনের ১৮০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার সারনির ক্রমিক ১০(ক) অনুযায়ী সুধারাম মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অনুযায়ী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য নোয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভুর নেতৃত্বে জেলা মাধক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেছে।

