Author: Jvadmin

  • রাজশাহীর মোহনপুরে মাহিন্দ্রা ওট্রাক সংঘর্ষে নিহত-২

    রাজশাহীর মোহনপুরে মাহিন্দ্রা ওট্রাক সংঘর্ষে নিহত-২

     

    রাজশাহী প্রতিনিধি

    রাজশাহীর মোহনপুর উপজেলায় মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    বুধবার সকাল সাড়ে১০টায় উপজেলার খাড়ইল মিলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘরের সামনে একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে মাহিন্দ্রায় থাকা যাত্রী, কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মরত কর্মকর্তা মারুফ হোসেন (৩৭) ঘটনাস্থলেই নিহত হন।

    নিহত মারুফ হোসেনে নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলী ছেলে।

    দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আরও একজন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • মাগুরায় কারা অভ্যন্তরে প্রবীণ বন্দিদের বিশেষ স্বাস্থ্য সেবা

    মাগুরায় কারা অভ্যন্তরে প্রবীণ বন্দিদের বিশেষ স্বাস্থ্য সেবা

    মাগুরা প্রতিনিধি

    বাংলাদেশের অধিকাংশ কারাগারের মতো মাগুরা জেলা কারাগারও দীর্ঘদিন ধরে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দির চাপ বহন করছে। ১৭২ জন ধারণক্ষমতার এই কারাগারে বর্তমানে অবস্থান করছেন প্রায় ৪০০ বন্দি। এমন বাস্তবতায় বন্দিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কারা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই প্রবীণ বন্দিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে মাগুরা জেলা কারাগার।

    মঙ্গলবার ৯ জুন কারাভ্যন্তরে প্রথমবারের মতো ৫০ বছর বা তার বেশি বয়সী ৪৫ জন বন্দিকে নিয়ে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। বন্দিদের রক্ত সংগ্রহ করে র‌্যান্ডম ব্লাড সুগার (আরবিএস), লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজি পরীক্ষার ব্যবস্থা করা হয়।

    সংশ্লিষ্টরা বলছেন, দেশের কারাগারগুলোতে বন্দিদের নিয়মিত চিকিৎসা সেবা থাকলেও নির্দিষ্ট বয়সী বন্দিদের জন্য বিশেষায়িত স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির নজির খুব বেশি নেই। সে বিবেচনায় মাগুরা জেলা কারাগারের এ উদ্যোগ বন্দিকল্যাণে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।

    অনুষ্ঠানের উদ্বোধন করেন মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দীন ফকির। এছাড়া কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহম্মেদ রোচি এবং জেলা কারাগারের ডিপ্লোমা নার্স বদিউজ্জামান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার।

    সিভিল সার্জন ডা. মো. শামীম কবির বলেন, “বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, কিডনি জটিলতা, হৃদরোগসহ নানা অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। অনেক সময় রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করা সম্ভব হয়। কারাগারে থাকা প্রবীণ বন্দিদের জন্য এ ধরনের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

    মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দীন ফকির বলেন, “একজন মানুষ বন্দি হলেও তার স্বাস্থ্যসেবার অধিকার অক্ষুণ্ন থাকে। কারাগারে থাকা প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।”

    স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচিতে অংশ নেন ৯৫ বছর বয়সী বন্দি মোহাম্মদ জলিল মোল্লা। এক বছর ধরে সাজাপ্রাপ্ত হিসেবে কারাগারে থাকা এই প্রবীণ বন্দি জানান, কারাগারে এমন উদ্যোগ তাকে নিজের স্বাস্থ্য সম্পর্কে নতুন করে জানার সুযোগ দিয়েছে। তিনি কারা কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালুর আহ্বান জানান।

    অপরদিকে ৭০ বছর বয়সী বন্দি মো. সাইফুল ইসলাম বলেন, “কারাগারের ভেতরে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করতে পেরে ভালো লাগছে। এতে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

    জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, “বর্তমানে মাগুরা জেলা কারাগারে ৫০ বছরের বেশি বয়সী ৪৫ জন বন্দি রয়েছেন। তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়েই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেনের নির্দেশনায় আমরা বন্দিদের কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছি। এর আগে কারারক্ষীদের নিয়েও একই ধরনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পরিচালনা করা হয়েছে।” শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাও আধুনিক কারা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য। সেই চিন্তা থেকেই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রোগের প্রাথমিক শনাক্তকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

  • নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ দিল সরকার

    নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ দিল সরকার

    জেভি২৪ ডেস্ক 

    সরকারের বেঁধে দেওয়া হার্টের (হৃদরোগ) ২৯ ধরনের রিংয়ের (স্টেন্ট) দাম বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। হৃদরোগের চিকিৎসা দেওয়া হাসপাতালগুলোকে নতুন দামে রিং বিক্রির বিষয়ে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণক সংস্থাটি।

    মঙ্গলবার ডিজিডিএ’র মহাপরিচালক মোহা. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নির্দেশনা দেওয়া হয়েছে। চূড়ান্ত হওয়া নতুন দামে এক হাজার থেকে শুরু করে ৪৮ হাজার টাকা পর্যন্ত কমেছে স্টেন্টের (রিং) দাম।

    চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের বিশেষজ্ঞ কমিটির পঞ্চম ও ষষ্ঠ সভায় সুপারিশের আলোকে স্টেন্টের (রিং) দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এরপর গত ১৩ মে অনুষ্ঠিত কমিটির সভায় কিছু প্রতিষ্ঠানের মূল্য পুনর্বিবেচনার আবেদন পর্যালোচনা করে নতুন দাম চূড়ান্ত করা হয়।

    নির্দেশনা বলা হয়েছে, স্টেন্টসমূহের (রিং) হালনাগাদ মূল্য তালিকা সর্বসাধারণের অবগতির জন্য সংশ্লিষ্ট সকল হাসপাতালের নোটিশ বোর্ডে উম্মুক্ত স্থানে প্রদর্শন করতে হবে। সর্বোচ্চ খুচরা মূল্য অনুসরণ করে ক্রয় ও বিক্রয় করতে হবে। তবে কোনোভাবেই চিকিৎসা প্যাকেজের মধ্যে এই মূল্য অন্তভুক্ত করা যাবে না।

    পাশাপাশি স্টেন্টের (রিং) নাম, সর্বোচ্চ মূল্য ও উৎপাদনকারীর নাম উল্লেখসহ পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। এছাড়াও ব্যবহৃত স্টেন্টের প্যাকেটটি রোগীকে সরবরাহের নির্দেশনাও দেওয়া হয়েছে।

  • নগরকান্দায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়দের ভাতা বিতরণ করলেন ইউএনও সাইফুল ইসলাম

    নগরকান্দায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড়দের ভাতা বিতরণ করলেন ইউএনও সাইফুল ইসলাম

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে সরকারের প্রদত্ত সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।

    সোমবার (৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম খেলোয়াড়দের হাতে সম্মানী ভাতার অর্থ তুলে দেন।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামচুল হুদা হুদু, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রাজিব হোসেন, ইউনুস আলী খানসহ স্থানীয় ক্রীড়া ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের আহ্বান জানান।

    সম্মানী ভাতা পেয়ে খেলোয়াড়রা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুহম্মদ আল ফাহাদ

    ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুহম্মদ আল ফাহাদ

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ। দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন।

    মঙ্গলবার (৯ জুন) ফরিদপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে মো. নজরুল ইসলাম তার হাতে সম্মাননা তুলে দেন।

    সম্মাননা গ্রহণ করে এএসপি মুহম্মদ আল ফাহাদ বলেন, এ অর্জন সার্কেলের সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত ও সেবার মান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    স্থানীয় প্রশাসন ও সচেতন মহল মনে করছে, তার নেতৃত্বে নগরকান্দা সার্কেলের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নতুন গতি পাবে।

  • ইবির আল-ফিকহ বিভাগ: মানা হচ্ছে না মাদ্রাসা-কলেজ সমান ভর্তির শর্ত

    ইবির আল-ফিকহ বিভাগ: মানা হচ্ছে না মাদ্রাসা-কলেজ সমান ভর্তির শর্ত

    ইবি প্রতিনিধি

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাদ্রাসা ও কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫০:৫০ অনুসারে ভর্তিনীতি বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অনুমোদিত নীতিমালায় সমান হারে শিক্ষার্থী ভর্তির বিধান থাকলেও চলমান গুচ্ছ ভর্তি কার্যক্রমে সেই শর্ত অনুসরণ করা হচ্ছে না।

    বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে মাদ্রাসা ও কলেজ ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য ৫০:৫০ অনুপাতে আসন বণ্টনের সিদ্ধান্ত হয়। তবে চলমান ভর্তি কার্যক্রমে ওই নীতির বাস্তবায়ন হয়নি। বিভাগ সূত্রে জানা যায়, ভর্তির জন্য টাকা জমা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৯০ শতাংশই কলেজ ব্যাকগ্রাউন্ডের। ফলে অনুমোদিত নীতিমালার সঙ্গে বাস্তব চিত্রের বড় ধরনের অমিল দেখা দিয়েছে।

    সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটি জানায়, আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে এ ইউনিট থেকে ৩২ জন, বি ইউনিট থেকে ৪০ জন এবং সি ইউনিট থেকে ৮ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তবে বিজ্ঞপ্তিতে মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের সমান বণ্টনের কথা উল্লেখ থাকলেও ইউনিটভিত্তিক আসন বণ্টনের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় হিসাব নির্ধারণ ও বাস্তবায়নে জটিলতা তৈরি হয়েছে। তবে পরবর্তী মাইগ্রেশন প্রক্রিয়া থেকে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।

    এ বিষয়ে বিজ্ঞান ইউনিট থেকে বিভাগটিতে ভর্তির সুযোগ পাওয়া এক শিক্ষার্থী বলেন, “ভর্তি নির্দেশিকায় মাদ্রাসা ও সাধারণ শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ হারে আসন বরাদ্দের বিষয়টি দেখেছিলাম। যদি পরে সেই শর্ত পরিবর্তন হয়ে থাকে, তবে তা শিক্ষার্থীদের প্রতি অন্যায় হবে। ভর্তির ক্ষেত্রে নির্ধারিত শর্ত দেখিয়ে পরে তা বাস্তবায়ন না করা প্রতারণার শামিল। কারণ শিক্ষার্থীরা নির্দেশিকায় উল্লেখিত শর্তের ভিত্তিতেই সাবজেক্ট চয়েস দিয়েছে।”

    গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সদস্য এবং ইবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-এর অধ্যাপক ড. নাছির উদ্দিন খান বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। কেন্দ্রীয় কমিটিকে অবগত করা হয়েছে। পরবর্তী মাইগ্রেশনে সমন্বয়ের সুযোগ আছে।”

    অন্যদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির দায়িত্বে থাকা ইউএফটিবি-এর রুবেল শেখ বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরাই এ বিষয়ে ভালো বলতে পারবেন।”

    বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাকসুদুল হক তালুকদার বলেন, “যদি কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়ে থাকে তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আগেই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। আমি বর্তমানে এখানে রুটিন দায়িত্বে আছি। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ এবং এ সংক্রান্ত প্রক্রিয়াগুলো সরাসরি তদারকি করেছেন শিক্ষা শাখার কর্মকর্তা শহীদুল ইসলাম। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।”

    এ বিষয়ে উপ-রেজিস্ট্রার শহীদুল ইসলাম বলেন, মাদ্রাসা-কলেজ ভারসাম্য নীতি অনুযায়ী ভর্তি করানো হবে। প্রথম মেরিটে হয়তোবা এরকম পাওয়া যায়নি কিন্তু আগামী ম্যারিট থেকে এ শর্ত অনুযায়ী ভর্তি করানো হবে।

    বিভাগ সূত্রে জানা যায়, ইসলামী ও প্রচলিত আইনের সমন্বয়ে শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে ২০০৩-০৪ শিক্ষাবর্ষে আইন ও শরিয়াহ অনুষদের অধীনে আল-ফিকহ্ বিভাগ চালু হয়। শুরুতে আরবিতে দক্ষ শিক্ষার্থীদের জন্য পৃথক ভর্তি পরীক্ষা নেওয়া হলেও পরবর্তীতে ভর্তি পদ্ধতিতে একাধিক পরিবর্তন আনা হয়। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মাদ্রাসা ও কলেজ পটভূমির শিক্ষার্থীদের সমানসংখ্যক ভর্তির ব্যবস্থা চালু করা হলেও পরে গুচ্ছভিত্তিক উন্মুক্ত ভর্তি নীতির আওতায় সেই ব্যবস্থা বাতিল হয়ে যায়।

    বিভাগের শিক্ষকদের দাবি, অনার্স ও মাস্টার্স মিলিয়ে প্রায় আড়াই হাজার নম্বরের আরবি ও ফিকহভিত্তিক কোর্স রয়েছে। আরবিতে তুলনামূলক দুর্বল শিক্ষার্থীরা এসব কোর্সে পিছিয়ে পড়ায় ফলাফল খারাপ হওয়া, রিটেক পরীক্ষার সংখ্যা বৃদ্ধি এবং সেশনজটের মতো সমস্যা তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৪০ জন মাদ্রাসা ও ৪০ জন কলেজ পটভূমির শিক্ষার্থীর জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিভাগের সভাপতি অধ্যাপক বলেন, “বিভাগের অ্যাকাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ শর্ত যুক্ত করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ভর্তি কার্যক্রমে কেন তা অনুসরণ করা হচ্ছে না, সে বিষয়ে আমি অবগত নই।”

    উল্লেখ্য, ১৯৭৭ সালে -এর নির্দেশে গঠিত -এর চূড়ান্ত প্রতিবেদনের ধারা ১.২.১ ও ৫.১৪-এ ভর্তির ক্ষেত্রে জেনারেল ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সমানসংখ্যক শিক্ষার্থী ভর্তির বিধান রাখা হয়েছিল। ১৯৮৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের ৫০ শতাংশ মাদ্রাসা থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল। পাশাপাশি দুই ধারার শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ১০০ নম্বরের ইংরেজি অথবা আরবি ও ইসলামিয়াত পরীক্ষাও আবশ্যিক ছিল।

    তবে সময়ের সঙ্গে সেই ভারসাম্য নীতি বিলুপ্ত হয়েছে। বর্তমানে ধর্মতত্ত্ব অনুষদেও জেনারেল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে ৫০ শতাংশ ভারসাম্য নীতি নেই। এমন পরিস্থিতিতে শুধুমাত্র আল-ফিকহ্ অ্যান্ড ল’ বিভাগে নীতিটি পুনরায় কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও চলমান ভর্তি কার্যক্রমে তা বাস্তবায়িত না হওয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

  • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    জেভি২৪ ডেস্ক 

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি’র সঙ্গে  বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Mr. Brent T Christensen সৌজন্য সাক্ষাৎ করেছেন।  তিন সদস্যের প্রতিনিধি দলের এই সাক্ষাৎ মঙ্গলবার (০৯ জুন) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেন।

    ​প্রতিরক্ষা উপদেষ্টা এ সময় বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন এবং প্রতিরক্ষা খাতে এই সহযোগিতা আগামী দিনে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং শান্তিরক্ষা মিশনে তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

    এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।

  • ১১-বিজিবি অধিনায়কের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে রোগীর আবেগঘন মন্তব্য

    ১১-বিজিবি অধিনায়কের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে রোগীর আবেগঘন মন্তব্য

    এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার

    “১১ বিজিবি অধিনায়কের আল্লাহ মঙ্গল করুক। গরিব মানুষের জন্য তিনি যে সেবা চালু করেছেন, তা আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক বড় উপকার।”

    কথাগুলো বলছিলেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) পরিচালিত চিকিৎসা সেবা কার্যক্রম থেকে চিকিৎসা গ্রহণ করা এক হতদরিদ্র রোগী। তাঁর এই আবেগঘন মন্তব্য যেন সীমান্ত এলাকার সাধারণ মানুষের মনের কথাই তুলে ধরেছে।

    সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে অনন্য ভূমিকা রেখে চলেছে ১১ বিজিবি। অধিনায়কের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত বিনামূল্যের চিকিৎসা সেবা কার্যক্রমে প্রতিদিন চিকিৎসাসেবা পাচ্ছেন এলাকার অসংখ্য হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ।

    চিকিৎসা নিতে আসা মুসলিম, বৌদ্ধ, হিন্দুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিজিবির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনেকেই জানান, অর্থাভাবে উন্নত চিকিৎসা গ্রহণ করতে না পারলেও ১১ বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি করেছে।

    একাধিক সেবাগ্রহীতা বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মানুষের কল্যাণে বিজিবির এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে দুর্গম এলাকার দরিদ্র মানুষের জন্য এই চিকিৎসা সেবা আশীর্বাদ হয়ে এসেছে।

    স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও ১১ বিজিবি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়নের জনকল্যাণমূলক কর্মকাণ্ড দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে।

    স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ১১ বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে এবং সীমান্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

  • কুমিল্লা নগর ভবন বর্তমান স্থানেই স্থাপনের পক্ষে নগরবাসীর ঐক্যবদ্ধ মত তদন্ত কমিটিকে

    কুমিল্লা নগর ভবন বর্তমান স্থানেই স্থাপনের পক্ষে নগরবাসীর ঐক্যবদ্ধ মত তদন্ত কমিটিকে

    কুমিল্লা প্রতিনিধি 

    কুমিল্লা পৌরসভার প্রতিষ্ঠার প্রায় দেড়শ বছরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের দাবি জানিয়েছেন নগরবাসীর অধিকাংশ প্রতিনিধি। স্থানীয় সরকার বিভাগের তদন্ত কমিটির সামনে দেওয়া সুনির্দিষ্ট মতামতে তারা বলেন, ১৮৬৪ সালের ৩০ নভেম্বর যে স্থানে কুমিল্লা পৌরভবন প্রতিষ্ঠিত হয়েছিল, সেই ঐতিহাসিক স্থান থেকেই যুগের পর যুগ ধরে নাগরিক সেবা পরিচালিত হয়ে আসছে। তাই নতুন আধুনিক নগর ভবনটিও একই ঐতিহাসিক স্থানে নির্মাণ করা উচিত।

    মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামের উপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় ও তদন্ত সভা অনুষ্ঠিত হয়।

    সভায় নগরের বিভিন্ন শ্রেণি-পেশা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে তাদের জোরালো মতামত তুলে ধরেন। সভার শুরুতে উপসচিব মো. রবিউল ইসলাম তদন্ত কার্যক্রমের মূল প্রেক্ষাপট ব্যাখ্যা করে জানান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের পক্ষে আবেদন করেছেন। অপরদিকে স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নগরের দক্ষিণাঞ্চলের ছোট ধর্মপুর এলাকায় নতুন ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন। এই দুই পক্ষের ভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতেই স্থানীয় সরকার বিভাগ সরেজমিন তদন্তের সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, আমি নিরপেক্ষ তদন্তের দায়িত্ব নিয়ে এসেছি। আপনাদের প্রত্যেকের মতামত শুনব, লিপিবদ্ধ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করব। সভায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা উপস্থিত ছিলেন।

    ঐতিহাসিক বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের পক্ষে সভায় অত্যন্ত জোরালো বক্তব্য দেন সাবেক মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বকুল, মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপালী এবং মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা। এ সময় সুনির্দিষ্টভাবে বর্তমান স্থানের পক্ষে সংহতি জানিয়ে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, যুবদল নেতা রনি, বিএনপি নেতা আতাউর রহমান ছুট্রি, রেজাউল হক আঁখি এবং ১১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান গোলদার। এছাড়া নাগরিক সমাজের পক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, আবুল হাসনাত বাবুল, মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম দুলালসহ অনেকে উপস্থিত থেকে বর্তমান স্থানের পক্ষেই মত দেন।

    অন্যদিকে সম্পূর্ণ বিপরীত অবস্থানে গিয়ে ছোট ধর্মপুর এলাকায় নতুন নগর ভবন নির্মাণের পক্ষে মত দেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন এবং সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার। তাদের এই প্রস্তাবের পক্ষে সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, মো. শাহ আলম মজুমদার ও কাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

    গুরুত্বপূর্ণ এই সভা শেষে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, সভায় উপস্থিত সবার বক্তব্য ও যুক্তি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে এবং লিখিত মতামতও গ্রহণ করা হয়েছে। এই সরেজমিন তদন্ত প্রতিবেদনসহ সব মতামত দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সভা সমাপ্ত হওয়ার পর তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অদূরে ছোট ধর্মপুর এলাকায় নির্মিত আঞ্চলিক নগর ভবনটি পরিদর্শনে যান, যেখানে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী নতুন নগর ভবন নির্মাণের মূল প্রস্তাব দিয়েছেন। মূলত সংসদ সদস্যের ওই আবেদনের কারণে নতুন নগর ভবন নির্মাণসংক্রান্ত দরপত্র কার্যক্রম, টেন্ডার সিডিউল বিক্রি ও জমা গ্রহণ বর্তমানে সাময়িকভাবে স্থগিত রয়েছে। সভায় অংশগ্রহণকারী নগরীর অধিকাংশ প্রতিনিধি ক্ষোভ প্রকাশ করে জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত এই স্থগিত টেন্ডার প্রক্রিয়া পুনরায় চালুর জন্য জোর দাবি জানান।

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

    মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুম এই প্রশিক্ষণ শুরু হয় যা চলবে আগামী ২২ জুন পর্যন্ত।

    উপজেলা সমাজসেবা কার্যালয় দামুড়হুদা, চুয়াডাঙ্গার আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, মোঃ আব্দুল হামিদ উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, আগারগাঁও ঢাকা, বিশেষ অতিথি ছিলেন মোঃ আইনাল হক, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা।

    ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থী অফেরতযোগ্য ২৮ হাজার টাকা করে অনুদান পাবেন।

    অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হোসেন।